শেক্সপিয়ার আছেন শেক্সপিয়ারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেম্পেস্ট, ঢাকা থিয়েটার, বাংলাদেশ, ২০১২, হ্যামলেট, বারবিকান থিয়েটার, যুক্তরাজ্য, ২০১৪, রোমিও অ্যান্ড জুলিয়েট, হার্টফোর্ড স্টেজ, যুক্তরাষ্ট্র, ২০১৬
টেম্পেস্ট, ঢাকা থিয়েটার, বাংলাদেশ, ২০১২, হ্যামলেট, বারবিকান থিয়েটার, যুক্তরাজ্য, ২০১৪, রোমিও অ্যান্ড জুলিয়েট, হার্টফোর্ড স্টেজ, যুক্তরাষ্ট্র, ২০১৬

সম্ভবত ড. স্যামুয়েল জনসন (১৭০৯-১৭৮৪) সেই অসাধারণ মেধাসম্পন্ন মানুষ, যিনি ১৯৫৫ সালে তাঁর অ্যা ডিকশনারি অব দ্য ইংলিশ ল্যাংগুয়েজ (সঠিক অর্থে ইংরেজি ভাষার প্রথম অভিধান) প্রকাশ করেছিলেন, সর্বপ্রথম উপলব্ধি করেছিলেন উইলিয়াম শেক্সপিয়ারের (এপ্রিল ১৫৬৪-২৩ এপ্রিল ১৬১৬) একটি শুদ্ধ পাঠোদ্ধার অত্যন্ত প্রয়োজন। কারণ, শেক্সপিয়ার যা কিছু লিখেছিলেন তা তাৎক্ষণিকভাবে নাটকের কলাকুশলীদের হাতে হাতে পৌঁছে তাদের ইচ্ছামতো বিকৃতির শিকার হয়েছে। এর একটি অন্যতম কারণ, তারা শেক্সপিয়ারের শব্দচয়ন ও কল্পনার বিন্যাস বুঝতে না পেরে মূল বা আদি পাঠকে নিজেদের মতো সহজ করে নিয়েছিল। তারই ফলে তাঁর গ্রন্থ দ্য প্লেইজ অব উইলিয়াম শেক্সপিয়ার। এই গ্রন্থে ড. জনসন একটি দীর্ঘ ভূমিকাও সংযোজন করেছিলেন, যেখানে তিনি মন্তব্য করেছেন শেকস্পিয়ারের চরিত্রগুলো কোনো ভৌগোলিক অবস্থানে আবদ্ধ নয়, তাঁর চরিত্ররা কথা বলে সেই প্রাকৃতিক প্রবল অনুরাগে, যার দ্বারা বিশ্বের সব মানুষের চিন্তাভঙ্গি আলোড়িত হয় এবং মানবজীবন তারই অভিঘাতে সচল হয়। জনসন আরও বলেছেন, অন্য সবার চরিত্র সৃষ্টি যখন সহজেই হয়ে যায়, শুধু একজন ব্যক্তিসত্তা, শেক্সপিয়ারের চরিত্ররা তখন পরিণত হয় একটি সম্পূর্ণ মানব প্রজাতিতে। ফলে এ কথা সত্য যে শেক্সপিয়ারের নাট্যকারসত্তা একান্তই শেক্সপিয়ারীয়।
১৮০৮ থেকে ১৮১৯ স্যামুয়েল টেইলর কোলরিজ (১৭৭২-১৮৩৪) বিভিন্ন দার্শনিক ও সাহিত্য বিষয়ে বক্তব্য দেন তাঁর রোমান্টিক দৃষ্টিভঙ্গিতে। সে সময়ে তিনি শেক্সপিয়ারের কয়েকটি নাটকের ওপরও আলোকপাত করেন। এগুলোর মধ্যে ছিল হ্যামলেট, রিচার্ড দ্য থার্ড, ওথেলো, রোমিও অ্যান্ড জুলিয়েট, লাভস লেইবারস লস্ট ও ম্যাকবেথ। সত্যি বলতে কি কোলরিজ স্বীকার করেছিলেন তিনি শেক্সপিয়ারের নাটকের ভেতর ত্রুটি খুঁজে বের করার জন্যই তাঁর এই নাটকগুলো এবং কিংলিয়র, অ্যানটনি অ্যান্ড ক্লিওপেট্রা ও মেইজার ফর মেইজার পুঙ্খানুপুঙ্খ পড়েছিলেন—অনেকটা ছিদ্রান্বেষণের আশায়। যদিও কোলরিজ কিংলিয়র-এ আর্ল অব গ্লসটারের চোখ উপড়ে ফেলা এবং হ্যামলেট-এর শেষ দৃশ্যে লাশ সরিয়ে নেওয়ার বিষয়গুলোকে প্রয়োজনাতিরিক্ত ভেবেছিলেন এবং মেইজার ফর মেইজার নাটকের সমালোচনা করেছিলেন এই বলে যে নাটকটি তাঁর কাছে যন্ত্রণাক্ত মনে হয়েছে। কারণ, এই নাটকে হাস্যরস ও করুণরস যুগপৎ অতিশয় বিরক্তিকর ও বীভৎস। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, শেক্সপিয়ারের ভেতর এমন বন্যতা এবং ক্লাসিক্যাল সংজ্ঞানুযায়ী নাটকীয় ঐক্যত্রয়ের অভাব সত্ত্বে যেটি কোলরিজীয় পাঠোদ্ধারে ধরা পড়েছিল—কোলরিজ বলতে বাধ্য হয়েছেন শেক্সপিয়ারের নাটকের মধ্যে একটি বিন্যাস-শৃঙ্খলা আদ্যোপান্ত আছে—শেক্সপিয়ারের এক অনন্য একান্ত ঐকতান তাঁর সব নাটককে অসামান্য প্রান্তিকে উচ্ছ্রিত করে। কোলরিজ স্পিনোজার দর্শন দ্বারা প্রভাবিত ছিলেন, বিশেষ করে সেই বিশ্বাসে যে এই বিশ্বব্রহ্মাণ্ডে একমাত্র ঈশ্বরই অস্তিমান ও চিরায়ত। আমরা নই, আমরা সবাই নশ্বর। এই দর্শন-ধারণাকেই কোলরিজ শেক্সপিয়ারের ওপর আরোপ করেছেন। তিনি মনে করেন, শেক্সপিয়ার স্পিনোজার সেই ঈশ্বর, এক অনাদ্যন্ত অস্তিত্ব, যে যেকোনো রূপ পরিগ্রহ করতে সক্ষম।

উইলিয়াম শেক্‌সপিয়ার (এপ্রিল ১৫৬৪-২৩ এপ্রিল ১৬১৬), প্রতিকৃতি: মাসুক হেলাল
উইলিয়াম শেক্‌সপিয়ার (এপ্রিল ১৫৬৪-২৩ এপ্রিল ১৬১৬), প্রতিকৃতি: মাসুক হেলাল

শেক্সপিয়ার তাঁর সাহিত্যকর্মকে এক অসামান্য পর্যবেক্ষণ-ক্ষমতার ওপর আরোপ করতে সক্ষম হয়েছেন। শেক্সপিয়ার সবকিছুকে নিজের মধ্যে ধারণ করে চরিত্র সৃজন করেছেন। যেমন—ঈশ্বর সবকিছু ধারণক্ষম। শেক্সপিয়ার কোনো গোয়েন্দা বা সাধারণ সাংবাদিকের মতো মানব চরিত্রকে পর্যবেক্ষণ করেননি; বরং নিজেই প্রতিটি চরিত্রে রূপান্তরিত হয়ে গেছেন। যেমন—ম্যাকবেথ চরিত্রে খুনি, লেডি ম্যাকবেথ চরিত্রে উচ্চাভিলাষী নারী। শেক্সপিয়ার ডানকান, রোমিও, জুলিয়েট, জুলিয়াস সিজার, লিয়র, ডেসডিমোনা, ব্যাংকোর প্রেতাত্মা, হ্যামলেট, হ্যামলেটের পিতার প্রেতাত্মা, ওফেলিয়া, পলোনিউস, রোজেনক্সানজ, ফলস্টাফ, গিল্ডেনস্টার্ন—এই সব চরিত্রের ভেতর একাকার হয়ে আছেন। সেই সঙ্গে মানুষ উইলিয়াম শেক্সপিয়ার একজন অভিনেতা, একজন ব্যবসায়ী এবং একজন মহাজনও বটে। বার্নার্ড শ একবার এক কৌতূহলী পত্রলেখকের প্রশ্নের উত্তরে নাকি বলেছিলেন, ‘আমি সবকিছুতে ও সব মানুষে স্থিত এবং সেই একই সঙ্গে আমি অস্তিত্বহীন, আমি আসলে অনস্তিত্ব।’ চূড়ান্তভাবে কোলরিজ বলতে বাধ্য হয়েছেন, ‘আমি প্রায়ই শেক্সপিয়ারের ভেতর ত্রুটি খুঁজে বের করতে চেয়েছি। কিন্তু দেখেছি তাঁর ভেতর কোনো ত্রুটিই নেই, শেক্সপিয়ার সব সময় সঠিক।’
উপরিউক্ত তথ্যের কিছু তথ্য ও তত্ত্ব হোর্হে লুই বোর্হেসের (১৮৯৯-১৯৮৬) বক্তৃতামালা থেকে সংগৃহীত। এই অসামান্য মেধাসম্পন্ন ব্যক্তিত্বের কাছ থেকে আরও কিছু তথ্য প্রসঙ্গত ঋণরূপে গ্রহণ করতে চাই বক্ষ্যমাণ প্রবন্ধের প্রতিপাদ্যকে সুসংহত করতে। অনেকেই মনে করেন এবং প্রমাণ করার চেষ্টাও করেছেন, শেক্সপিয়ার বলে আদৌ কেউ ছিলেন না এবং তাঁর নাটক এবং সনেটগুলো সম্ভবত ফ্রানসিস বেকন বা ক্রিস্টোফার মারলোর রচনা। বেকন বিষয়ে বোর্হেস বলেছেন, ভাষাগত দিক দিয়ে শেক্সপিয়ারের সঙ্গে বেকনের কোনোই মিল নেই। বেকন ইংরেজি ভাষাকে পছন্দ করতেন না। কারণ, তিনি মনে করতেন এই ভাষা খুবই দুর্বল। ফলে বেকন তাঁর সব লেখা লাতিনে অনুবাদ করেছিলেন। বিপরীতে শেক্সপিয়ারের ইংরেজি ভাষাপ্রীতি ছিল গভীর। ফলে শেক্সপিয়ার তাঁর সব লেখাতে যেমন স্যাক্সন শব্দমালা ব্যবহার করেছেন, তেমনি তার সঙ্গে ধ্রুপদি লাতিন শব্দের সংমিশ্রণ ঘটিয়েছেন। ফলে ভাষাগত দিক দিয়ে শেক্সপিয়ার শেক্সপিয়ারই, অন্য কেউ নন। অন্যদিকে মারলোর সঙ্গে চরিত্র সৃষ্টিতে শেক্সপিয়ারের ব্যবধান হলো, মারলোর চরিত্রগুলো মূলত তাঁরই অণুবীক্ষণ অথচ—আমি আগেই বলেছি—শেক্সপিয়ার এক অনাদ্যন্ত অস্তিত্ব, যে যেকোনো চরিত্রে রূপান্তরিত বা মেটামরফসড হতে পারে। এ প্রসঙ্গে বোর্হেসের একটি দীর্ঘ উক্তি উদ্ধৃত করার লোভ সংবরণ করতে পারছি না; ‘হ্যাজলিট বলেছেন, বিশ্বের সমগ্র মানবকুলের সন্ধান মিলবে শেক্সপিয়ারে। অর্থাৎ নিজেকে বহুতে পরিণত করার অপূর্ব ক্ষমতা শেক্সপিয়ারের ছিল। তাঁকে স্মরণ করা অর্থ একটি বিশাল জনগোষ্ঠীকে স্মরণ করা। অপর দিকে মারলোর সাহিত্যকর্মে আমরা সব সময়ই পাই একক কেন্দ্রীয় চরিত্র। বিজেতা ট্যাম্বার লেইন, লোভী বারাবাস, বিজ্ঞানমনস্ক ফাউস্ট। অন্য চরিত্রগুলো শুধু পারিপার্শ্বিক, প্রায় অদৃশ্য কিন্তু শেক্সপিয়ারে সব চরিত্র সমভাবে দৃশ্যমান—এমনকি আনুষঙ্গিক চরিত্রও। সেই যে ওষুধ প্রস্তুতকারী, যে রোমিওর কাছে বিষ বিক্রি করে, সেও বলে, মন নয়, আমার দারিদ্র্য আমাকে রাজি করেছে এই গরল বিক্রি করতে। শুধু এই বাক্যাবলিই চরিত্রটিকে মানুষ হিসেবে প্রতিষ্ঠা করেছে আর এখানেই উইলিয়াম শেক্সপিয়ার সবাইকে ছাড়িয়ে গেছেন’ (লেখক কর্তৃক অনূদিত প্রবন্ধ: ‘এনিগমা অব শেক্সপিয়ার’)। অনেকেই মনে করেন, মারলোর সঙ্গে শেক্সপিয়ারের বন্ধুত্বের কারণে মারলোর মর্মান্তিক খুন হওয়ার ঘটনা শেক্সপিয়ার বিস্মৃত হতে পারেননি। ফলে তাঁর অনেক লেখায় মারলোর পরোক্ষ উল্লেখ খুঁজে পাওয়া যায়। যেমন—অ্যাজ ইউ লাইক ইট-এ মারলোর পঙ্ক্তিরই প্রতিধ্বনি, ‘হু এভার লাভড দ্যাট লাভড নট অ্যাট ফার্স্ট সাইট?’ সেই বিখ্যাত পঙ্ক্তিমালা, ‘দ্য লুনাটিক, দ্য লাভার অ্যান্ড দ্য পোয়েট/আর অফ ইমাজিনেশন অল কমপ্যাক্ট...’—ইত্যাদি আসলে মারলোরই স্মৃতিচারণা, ঠিক যে কারণে অনেকেই মনে করেন ক্রিস্টোফার মারলোই উইলিয়াম শেক্সপিয়ার।

>শেক্‌সপিয়ারের সংজ্ঞা হলো, শেক্‌সপিয়ারকে প্রতিটি প্রজন্মই সামান্য বা অসামান্য দৃষ্টিতে খুঁজে পাবে তাঁরই সাহিত্যকর্মে

শেক্সপিয়ার জন্মানোর নয় বছর পর আরেক উল্লেখযোগ্য নাট্যকারের জন্ম। তাঁর নাম বেন জনসন (১৫৭৩-১৬৩৭)। বেন জনসন শেক্সপিয়ারের মৃত্যুর পরও ১০০ বছর বেঁচেছিলেন এবং এই নাট্যকারকে তাঁর প্রতিদ্বন্দ্বী বিবেচনা করতেন। কিন্তু বলা হয়, একজন প্রতিদ্বন্দ্বীকে বোধ হয় সবচেয়ে বড় স্বীকৃতি বেন জনসনই দিয়ে গেছেন এই বলে, ‘তিনি (শেক্সপিয়ার) কোনো সময়ের জালে আবদ্ধ নন, তিনি সর্বকালের।’ সময়কে অতিক্রম করে শেক্সপিয়ারের এই বেঁচে থাকা এ কারণে যে শেক্সপিয়ারের ভেতরই শেক্সপিয়ারের এক অনন্য অবস্থান।
উইলিয়াম শেক্সপিয়ারের সাহিত্যকর্মকে—তা সে তাঁর নাটকই হোক কিংবা সনেট—তাঁর পাঠকেরাই সমৃদ্ধ করেছে। সমৃদ্ধ করেছেন ড. জনসন, কোলরিজ, হ্যাজলিট, গ্যোটে, হাইনে, ব্রাডলি, বোর্হেস এবং যুগে যুগে অগণিত পাঠক, নাট্যকার, দর্শক; এবং ভবিষ্যতেও এ কাজটি চলমান থাকবে। একজন শেক্সপিয়ারের সংজ্ঞা হলো, শেক্সপিয়ারকে প্রতিটি প্রজন্মই সামান্য বা অসামান্য দৃষ্টিতে খুঁজে পাবে তাঁরই সাহিত্যকর্মে।