শেকড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি শতবর্ষী বৃক্ষের গায়ে হেলান দিয়ে দেখি পায়ের নিচে মাটিকে সাক্ষী রেখে চাল ধোয়া পানির মতো ঘোলাটে আকাশে ওঠে মস্ত একটি চাঁদ! লুটেরা ডাহুক আসে, বৃক্ষকে গ্রাস করে কুলীন জোছনা, ধীরে ধীরে সরে যায় মেঘ। আমার পায়ের নিচে পৃথিবীও সরে, অহেতুকই নড়ে ওঠে সুরভিত চাঁদ! মাতাল নদীর বুকে ফেনিল ঢেউয়ের প্রেমে নিমগ্ন মহাকাল শোনো, আমিও ক্রমশ সরি এই ক্ষয়িষ্ণু পৃথিবী থেকে; মাটিকে আঁকড়ে ধরে পড়ে থাকে শতবর্ষী বৃক্ষ, অথচ দ্যাখো আমার তো কোথাও কোনো শেকড় নেই!