শেকড়ে ফেরার আশায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফজাল হোসেন, টিভি ব্যক্তিত্ব। টেলিভিশনের দাপুটে অভিনেতা, বেশ কটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ঢাকা থিয়েটারের হয়ে মঞ্চেও সরব ছিলেন। এখন নিজের বিজ্ঞাপন সংস্থা মাত্রার কাজ নিয়েই ব্যস্ত তিনি। তার পরও ছাড়েননি রং ও তুলি। সময় পেলেই মন দেন ক্যানভাসে, লেখালেখিতেও সক্রিয় রয়েছেন। গল্প, উপন্যাস, কবিতা মিলিয়ে প্রকাশিত হয়েছে সাতটি বই।রংতুলির বাইরেনিয়ম করে পড়া হয় না। যখন কোনো কাজ করতে গিয়ে আটকে যাই, তখনই খুলে বসি সংশ্লিষ্ট বই। যেহেতু ছবি আঁকার দিকে পুনরায় ঝুঁকছি, তাই চিত্রকলার বই বেশি পড়ছি। বর্তমানে পড়ছি পরিতোষ সেনের রং তুলির বাইরে, রংতুলির ভেতরে থেকেই যেন বাইরের কথা বলা এখানে। সঙ্গে পড়ছি রফিক আজাদের আত্মজীবনীমূলক বই কোন খেদ নেই। একেকজন মানুষের প্রকাশের ভাষা যে আলাদা, তা এই বই পড়লে বোঝা যায়। এ ছাড়া নিয়মিতই কবিতা পড়ি। কবিতায় কোনো বাছবিচার নেই। কবিতায় এক ধরনের উপভোগের বিষয় আছে।শৈশব আর যৌবনে গানের ভূমিকাগান শোনার কথা বললেই স্মৃতিতে ভেসে ওঠে গ্রামফোন রেকর্ডে গান শোনার কথা। আয়োজন করে পরিবারের সবাই মিলে আকাশবাণীতে অনুরোধের আসর শুনতাম। শৈশব আর যৌবনের ভাবনায় গানের ভূমিকা অনেকখানি। এখনো সময় পেলেই গান শুনি। বিশেষ করে, ছবি আঁকার সময় গান খুব ভালো লাগে।লেখায় সম্পর্কের নানা দিকনিজের লেখা প্রথম প্রকাশিত হয় আশির দশকে। প্রথম বই ছোট গল্পের। একটা গল্প ছিল ‘সোনামানিকের মন খারাপ’ নামে। একটা মুহূর্তকে ধারণ করে লেখা, যেখানে তারুণ্যে ভরা দুটি ছেলেমেয়ের সম্পর্কের মাঝে যে ভাবনা আছে, তা-ই ফুটে উঠেছে। আমার উপন্যাসের বই চারটি, কবিতার বই দুটি। সব ধরনের লেখায় আমি মানুষের সম্পর্কের নানা শাখা-প্রশাখার প্রতি গুরুত্ব দিই। আরও সহজ ভাষায় বলা যায়, সম্পর্কগুলো আবিষ্কার করার চেষ্টা করি এবং কার্যকারণ খুঁজি।নিজের আলাদা একটা জগৎএকটা সময় অভিনয়ের প্রতি প্রবল আকর্ষণ ছিল, তবে এখন আর তা বোধ করি না। নিজে যেহেতু পড়াশোনা করেছি চারুকলায়, তাই নিজের শিকড়ে ফিরে আসার একটা চেষ্টা করছি। নিয়মিতই আঁকছি। মূর্ত কিংবা বিমূর্ত চিত্রকর্ম—সবদিকেই বিচরণ করছি। ইচ্ছা আছে, আগামী বছর নাগাদ একটা প্রদর্শনী করার।গ্রামীণ প্রকৃতিকে অপরূপে দেখাবাংলার প্রকৃতিকে, অর্থাৎ গ্রামীণ রূপকে দেখলাম বহুদিন পরে একেবারেই নতুন করে। আর এই দেখার সুযোগ হয়েছে বেঙ্গল গ্যালারি আয়োজিত শিল্পী হরেন দাস এবং চন্দন দাসের যৌথ প্রদর্শনী দেখে। যেকোনো চিত্র প্রদর্শনী হলেই সময় সুযোগ করে দেখতে যাই। এ ছাড়া সম্প্রতি সিঙ্গাপুরের বিখ্যাত চিত্রশিল্পী লি কুনের প্রদর্শনী দেখেছি। তাঁর কাজে রিয়েলিস্টিক এবং রঙের প্রগাঢ়তা রয়েছে। সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার