শেভিং রেজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিং কেম্প জিলেট নামটি কি একটু চেনা চেনা লাগছে? যদি সন্দেহ থাকে তো নামটি থেকে ‘কিং কেম্প’ ফেলে দিন। খালি ‘জিলেট’ রাখুন। কেবল জিলেট শব্দটি চেনেন না, এমন মানুষ এই পৃথিবীতে খুব কমই খুঁজে পাওয়া যাবে। পুরুষদের ক্ষেত্রে এ কথা আরও নির্দিষ্টভাবে প্রযোজ্য। এই ‘জিলেট’ নামই যে পুরুষদের জন্য নিরন্তর জুগিয়ে যাচ্ছে প্রসাধনের রসদ।কিং কেম্প জিলেটকে আধুনিক সেফটি রেজরের জনক বললে একটু ভুলই করা হয়। একটা সময় ছিল, যখন অনিরাপদ ক্ষুর দিয়ে দাড়ি কামানো কিংবা মাথা মুণ্ডনের কাজ করতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনার শিকার হতো লোকজন। দাড়ি কামাতে গিয়ে অপ্রত্যাশিত দুর্ঘটনায় যে কত মানুষের গালে চিরস্থায়ী দাগ আঁকা হয়ে গেছে, তার ইয়ত্তা নেই। ক্ষুরের এই দুর্ঘটনা থেকে মানুষের মাথা ও গাল বাঁচাতেই তুলনামূলক অনেক নিরাপদ রেজরের উৎপত্তি।১৮৮০ সালে নিউইয়র্কের ব্রুকলিন এলাকার বাসিন্দা, দুই ভাই ফ্রেডরিক কেম্ফি ও অটো কেম্ফি নামের দুই বন্ধু সেফটি রেজরের একটি পেটেন্ট আবেদন জমা দেন। তাঁরা এমন একটি সেফটি রেজরের নকশা করেছিলেন, যাতে দাড়ি কামানোর সময় গাল কেটে যাওয়ার আশঙ্কা ক্ষুরের তুলনায় তুলনামূলক অনেক কম ছিল। তাঁরা পেটেন্ট পেয়ে ‘স্টার রেজর কোম্পানি’র অধীনে সেফটি রেজর বানানো শুরু করেন। স্টার রেজরের সফলতায় অনুপ্রাণিত হয়েই কি না কিং কেম্প জিলেট ১৯০১ সালে নিজের উদ্ভাবিত ও নকশা করা এক নতুন ধরনের সেফটি রেজরের পেটেন্ট আবেদন জমা দেন। ১৯০৪ সালে কেম্প জিলেটের নকশাটি অনুমোদন পায়। জিলেটের নতুন নকশাটি ছিল দ্বিমুখী ব্লেডসংবলিত। জিলেটের নকশাটি কর্তৃপক্ষের এতই ভালো লেগে যায় যে প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন সেনাদের দাড়ি কামানোর ব্লেড সরবরাহ করার টেন্ডারটি তিনিই পেয়ে যান। তিনি প্রথম বিশ্বযুদ্ধে কেবল মার্কিন সেনা দলেই ৩৫ লাখ সেফটি রেজর সরবরাহ করেন। জিলেটের উদ্ভাবিত ব্লেড দিয়ে দাড়ি কামানো ছিল মার্কিন সেনাদের এক নতুন অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা যুদ্ধের বাইরেও ছড়িয়ে পড়ায় জিলেটকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এর পর থেকে দাড়ি কামানোর দুনিয়ায় জিলেট প্রতিষ্ঠান হিসেবে যা কিছু দিয়েছে, তা সব কটিকেই একেকটি বিপ্লব হিসেবে অভিহিত করা যেতে পারে। সেফটি রেজরের ক্ষেত্রে জিলেট ‘এককালীন ব্যবহার্য’ রেজর বাজারে এনেছে, এনেছে একাধিক ব্লেডসমৃদ্ধ রেজর। সংখ্যা বাড়তে বাড়তে এই জিলেট এখন পাঁচটি ব্লেডের সমন্বয়ে অত্যাধুনিক রেজরও উৎপাদন করছে, যা পুরুষদের দাড়ি কামানোর অভিজ্ঞতায় যোগ করছে ভিন্ন ভিন্ন মাত্রা। দাড়ি কামানো এখন অনেক বেশি সহজ। ওয়েবসাইট অবলম্বনে নাইর ইকবাল