শের মঞ্জিলের বাগিচায় আমি ও কেইলিন বসে আছি অনেকক্ষণ। মনে হয় তামাদি হয়ে গেছে নাটমন্দিরের পালা, কুশীলবেরা চলে গেছে যে যার দিকে। পাথরে বাঁধানো নামাজের মাসালা থেকে আস্তে-ধীরে ক্রাচ অ্যাডজাস্ট করে উঠে দাঁড়ায় দড়কচা মারা মানুষটি। সে আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করলে লেঙ্গুড় নাড়িয়ে তার পিছু নেয় তাম্রবর্ণের আফগান হাউন্ড। খানিক নির্বাক দাঁড়িয়ে থেকে আমাদের ভেতর এন্তার অস্বস্তির জন্ম দেয় সে। অবশেষে আংটা পরা কানের খাঁজ থেকে বের করে আনে ছোট দৈর্ঘ্যের বাঁশি। তাতে ফুঁ দিয়ে ট্রাফিক পুলিশ যে রকম হুইসেল বাজিয়ে দিক নির্দেশ করে, সে রকম আমাদের উঠে পড়তে ইশারা দেয়। আমরা তার পিছু পিছু বেশ কিছু পুষ্পিত বাদামগাছের ঝোপ অতিক্রম করে মঞ্জিলের সদর দুয়ারে এসে পৌঁছাই।আমাদের সামনে শ্বেতপাথরে তৈরি পদ্মফুলের মতো একটি মিনার। তাঁর নিচে বসে পাগড়ি বান্ধা তিন নফর। মিনারের আবডালে মুণ্ডুকাটা কুষাণ যুগের একটি মূর্তি এয়ার ইন্ডিয়ার মহারাজের লোগোর মতো কুর্নিশের ভঙ্গিতে নতজানু হয়ে আছে। আমরা তার সামনে দিয়ে খানিক নার্ভাস ভঙ্গিতে চৌকাঠ পাড়ি দিই। মঞ্জিলের ভেতর ভাগ অত্যন্ত প্রশস্ত। করিডরের ব্যাপ্তিকে ছোটখাটো সড়কের মতো মনে হয়। এখানকার দেয়ালে সারি দিয়ে ঝুলে আছে সম্রাট কনিষ্ক থেকে শুরু করে ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, ইব্রাহিম লোদি থেকে শেরশাহ সুরী পর্যন্ত বিস্তর শাহ-বাদশাদের চিত্র। একটু অবাক হই এখানে মোগল সম্রাট বাবুর কিংবা হুমায়ুনের চিত্র নেই দেখে। ততক্ষণে ক্রাচে ভর দেওয়া আতুর-লুলা মানুষটি কোথায় যেন গায়েব হয়ে গেছে। আমি ও কেইলিন মঞ্জিলের বৈঠকখানায় আসি। এখানে বেশ কখানা ভিক্টোরিয়ান ধাঁচের রংজ্বলা সোনালি কুরচি। কেইলিন আফগান হাউন্ডের সঙ্গে দিব্যি খুনসুটি জুড়ে দেয়। আমি যে রীতিমতো নার্ভাস বোধ করছি, তা আড়াল করা মুশকিল হয়। ভেতরে ভেতরে কেইলিনের ওপর বিলা হয়ে উঠি। ঠিক তখনই দেয়ালে নজর পড়ে। চিত্রটি নিরিখ করে দেখার জন্য এগিয়ে যাই। রুপালি ফলকে মীর সৈয়দ আলীর নাম পড়ামাত্র মনে হয়, লাস ভেগাসের কোনো ক্যাসিনোতে জ্যাকপট হিট করে সহসা পেয়ে গেছি লাখ ডলার। এখন চাইলে অনায়াসে কেনা যায় রেসের ঘোড়া, অথবা ক্রুজ শিপে চড়ে দিব্যি চলে যাওয়া যায় ক্যারিভিয়ান কোনো আইল্যান্ডে। বিষয়টি কাউকে বলতে হয়, কিন্তু কেইলিনের কুত্তাপ্রীতি যেভাবে চাগিয়ে উঠেছে এ হালতে, তাকে ফাইন আর্ট-সংক্রান্ত কোনো সূক্ষ্ম বিষয়ে সম্পৃক্ত করা হবে বেফজুল। সুতরাং আমি একা একাই ‘রাজপ্রাসাদের নৈশদৃশ্য’ শিরোনামের মীর সৈয়দ আলীর আঁকা চিত্রটি খুঁটিয়ে দেখতে শুরু করি। অত্যন্ত বারিক রেখার ডিটেলে লোহিত ও সবুজ রঙের ব্যবহার যেন যুগপৎ ইয়াকুত ও জমরুদ পাথরের জেল্লা ছড়ায়।মীর সৈয়দ আলী পনেরো শতকের মাঝামাঝি পারস্যে শাহ তাহ্মাসপের দরবারে চিত্রশিল্পী হিসেবে কাজ করতেন। দিল্লির বাদশাহ হুমায়ুন শেরশাহ সুরীর সঙ্গে চৌসা ও বিলগ্রামের যুদ্ধে হেরে গিয়ে পারস্যে এসে শাহ তাহ্মাসপের আশ্রয় নেন। তখন তার সঙ্গে মোলাকাত হয় মীর সৈয়দ আলীর। তাহ্মাসপের সামরিক সহায়তায় হুমায়ুন কাবুল পুনর্দখল করলে তিনি দাওয়াত দিয়ে মীর সৈয়দ আলীকে কাবুলে নিয়ে আসেন। হুমায়ুনের জামানা গুজরে গেলে মীর সৈয়দ আলী ফতেপুর সিক্রিতে এসে দায়েম হন আকবরের তসবিরখানায় আঁকাজোঁকার কাজে। এ তো হলো ইতিহাস, এখন সওয়াল হচ্ছে, এককালের আফগান আমীর শের আলী খানের কালেকশনের এ চিত্রটি অরিজিনাল কি না? কেইলিন কুত্তাকে তফাত করে এবার আমাকে নিয়ে পড়ে। আমার এক্সাইটমেন্টের কারণটি তার জানা চাই। আমি সংক্ষিপ্তভাবে চিত্রের ইতিহাস বলি। তার চোখমুখ দেখে মনে হয়, তিন মুলুকের তিন শাহ-বাদশাহের সঙ্গে সাড়ে চার শ বছরের পুরোনো চিত্রের কিসসায় তার মগজে রীতিমতো কিচির-খিরুত পাকিয়ে যাচ্ছে। উপরন্তু এ আনপড় মেমের কাছে বাদশাহ হুমায়ুন যা, ঋষিকেশের জটাধারী সাঁইবাবাও তা। কিন্তু সে কনফিউজিং ফিলিংসকে আড়াল করে ঠোঁট স্ফীত করে বলে, ‘টেল মি মোর এবাউট হিস্ট্রি, আই লাইক টু লার্ন অল দিস্।’ এ কপটতায় আমার মেজাজ খাট্টা হয়ে ওঠে। আমি তার নরম আরক্তিম গণ্ডদেশের দিকে তাকিয়ে হিট করার সিদ্ধান্ত নিয়ে বলি, ‘ওয়েল, ইতিহাস অত্যন্ত জটিল জিনিস, তার চেয়ে তুমি বরং পাতিহাঁস পুষো।’ নিমিষে তার চেহারা মুচড়ে দেওয়া গোলাপের পাপড়ির মতো হয়ে ওঠে ছিন্ন-মলিন। পরমুহূর্তে সে নিজেকে সামলে নিয়ে খিলখিল করে হেসে বলে, ‘ইউ আর বিয়িং সারকাসটিক, ভেরি ফানি।’ওয়ালনাট কাঠের ভারী দবিজ দেয়াল ক্যাবিনেটে নানা আকৃতির অ্যান্টিক পিস্তল ও রিভলবার। মুখে নীল চাদরী জড়িয়ে ছোট্ট মেয়েটি বৈঠকখানায় আসে, ঝাঁড়ন দিয়ে ধুলা মোছে। ডিসপ্লে করা অস্ত্রগুলোর মধ্যে দাঁড়িয়ে আছে মলিন বসনের কয়েকটি পুতুল। তাদের শেমিজ ঘাগরার রং জ্বলে ছিন্ন হতে হতে হয়েছে ফর্দাফাই। শত বছর পরও তবু তাদের চোখমুখের এথনিক পরিচয় থেকে গেছে। বাচ্চা মেয়েটি রুমালের হালকা পোছে তাদের পরিচ্ছন্ন করে তুলছে। ভালো করে তাকিয়ে মনে হয়, পুতুলগুলোর অবয়বে খেলা করে জাট, রাজপুত কিংবা মাকরানি নারীর ছায়া। আমি আবার ফিরে যাই দেয়ালচিত্রে। মিনিওতোরের রেখার দিকে তাকিয়ে খুব সাবধানে নোট নিতে শুরু করি। কেইলিন কাছে এসে বলে, ‘মেয়েটির বয়স সম্পর্কে কোনো ধারণা আছে?’ হয়তো কখনো এ ছবির সামনে দাঁড়াব না, ডিটেলের নোট নেওয়া তাই আমার জন্য অত্যন্ত জরুরি। সুতরাং কেইলিনের প্রশ্নকে অবজ্ঞা করি। সে খপ করে আমার আস্তিন খামচে ধরে বলে, ‘পে অ্যাটেনশন টু দি রিয়ালিটি, আমরা এখানে মেয়েদের ট্রাফিকিং সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এসেছি। ডোন্ট গেট লস্ট ইন দ্য হিস্ট্রি, স্টে ফোকাসড্।’ আমি নোট নেওয়া সাময়িকভাবে বন্ধ করে বলি, ‘ইতিহাস কিন্তু গুরুত্বপূর্ণ। এ মেয়েগুলোর নিগৃহীত হওয়ার পেছনে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। এটা আমাদের বুঝতে হবে।’ ‘না, আমার এখানে ইতিহাসের জ্ঞান নেওয়ার দরকার নেই। ওই ছবির পেছনে আমি সময় নষ্ট করতে চাই না।’ বলে সে চোখের পাতা নামিয়ে চেয়ে থাকে গালিচার নকশার দিকে। ঠিক তখনই তাম্বার ঘণ্টিতে মৃদু স্বরে আওয়াজ হয়। ছোট্ট মেয়েটি ঝাড়ন ফেলে উৎকর্ণ হয়। অনভিপ্রেত কোনো কিছুর আশঙ্কায় আমার বুকের ভেতর ধক করে ওঠে। ক্রাচ ঠুকঠুকিয়ে বৈঠকখানায় চলে আসে আতুর-লুলা মানুষটি। সে বাঁশি ফুঁকে ইশারা দিয়ে আমাকে তার সঙ্গে যেতে বলে। কেইলিন সঙ্গে আসতে চাইলে তাকে সে চোখের তীব্র শীতল দৃষ্টি দিয়ে বৈঠকখানায় দাঁড়িয়ে থাকতে ইশারা করে। আমরা জোরে এখানে এসেছি, আমাদের আলগ করে দেওয়ার বিষয়টি আমাকে আতঙ্কিত করে তোলে। ফিল্ডওয়ার্ক করতে গিয়ে তথ্য সংগ্রহের সময় কেইলিনের সেক্সুয়ালি হেরাসড্ হওয়ার ঘটনা আছে। করিডর দিয়ে হাঁটতে হাঁটতে আমি তার দিকে ফিরে তাকাই। সে আমার দৃষ্টিকে এড়িয়ে স্যান্ডেলের ডগা দিয়ে ফরাসের নকশা খোঁটে।ছোট্ট মেয়েটি আমাকে অন্দরের অন্ধকার একটি কামরায় একটি কিশোরী মেয়ের কাছে নিয়ে আসে। দিনের বেলাও শামাদানে জ্বলছে চারটি মোমবাতি। আমি বিশ ডলারের একটি নোট মোমের আগুনে সেঁকে নজরানা ফেলার তাম্বার তিরলে রাখলে গোলাপের কলি ফোটার মতোই তার অধরে উদ্ভাসিত হয় একচিলতে হাসি। তাকিয়ায় হেলান দিয়ে সে নড়েচড়ে বসে ফুটরেস্টে তার নিরাভরণ পা রাখে। আমি নিমিষে তার পদতলে জাফরান দিয়ে আঁকা হংসমিথুনের প্রতীক দেখতে পাই। কিশোরীটি কৌতূহল নিয়ে আমাকে দেখছে। তাকে জিজ্ঞেস করি, ‘ই দুখতার চিতোর আস? অর্থাৎ হাউ ইজ দ্য গার্ল?’ জবাবে তার ঠোঁট ঈষৎ কাঁপে, চোখ হয়ে ওঠে সজল। সে উঠে দাঁড়িয়ে টিপয়তে রাখা সোরাহি থেকে পেয়ালায় ঢেলে শরবত ঢালে; আমি তাতে বার্বনের সৌরভ পাই। একহারা গড়নের দীর্ঘাঙ্গী মেয়েটির দিকে চেয়ে মনে হয়, আমি যেন হেরাতের কেতাবখানায় কবি নিজামির খামসা কাব্যগ্রন্থের চিত্রিত পৃষ্ঠার দিকে তাকিয়ে আছি। তার মৃদু চলাচলে ঝিলমিলিয়ে বাজে আসমানি বর্ণের পিরান তাম্বুনের প্রান্তে গাঁথা জাফরানি সব ধাতব চকচকাই। আমি পেয়ালা সরিয়ে রাখতে গিয়ে বলি, ‘তুমি আজ এত বিষণ্ন কেন?’ জবাবে সে চোখের কটাক্ষে শরীরে সুললিত এক ভঙ্গি ছড়ালে আমি তার অর্ধোন্মোচিত স্তনবিভাজনে জাফরানি বর্ণের আরেক জোড়া হংসমিথুনকে তৎপর হয়ে উঠতে দেখি। খানিক অধৈর্য হয়ে এবার বলি, ‘দুখতার চুরা চোপ্ আস্তি? বা মেয়ে তুমি কিছু বলছ না কেন?।’ ‘তু দেওয়ানা আস্তি বা ইউ আর ক্রেইজি’ বলে সে ভঙ্গি বদলালে তার শরীরের হ্রদ যেন রূপান্তরিত হয় দৃষ্টিবিভ্রমের মৃদু ঊর্মিতে। মেয়েটি এখন আমার চোখে চোখ রেখে সরাসরি তাকায়। কাগজ চাপায় প্রচ্ছন্ন ফুলের মতো তার অবয়বে দুষ্টুমির ছাপ ফোটে। এবার এ সাক্ষাৎকারের উপসংহারে আসতে হয়। তাই আমি ব্যাকপ্যাক থেকে ইয়ামার দেওয়া তালখান বের করে জানতে চাই, ‘তুমি মিষ্টি পছন্দ করো?’ সে চোখের ইশারায় সম্মতি জানিয়ে তালখানের প্যাকেট নিয়ে তাকিয়ার তলায় রাখে। ঠিক তখনই দেয়ালে গাঁথা রৌপ্যমুদ্রার টাসেল ঝোলানো দুটি তুর্কম্যানি মুখোশ দেখতে পাই। তার ভেতর থেকে চারজোড়া প্রাণবন্ত চোখ যেন আমার দিকে তাকিয়ে আছে। খানিক অস্বস্তি নিয়ে আমি কামরা থেকে বেরিয়ে আসি। সে পেছন থেকে বলে, ‘বা উমেদো সুমো, মানে—তোমাকে আবার দেখার প্রত্যাশা রাখি কিন্তু।’ ছোট্ট মেয়েটি আমাকে নিয়ে আসে দেয়ালে নানা কিসিমের আয়না বসানো একটি কক্ষে।কেইলিন এবার ক্রাচওয়ালা লোকটার সঙ্গে মেয়েটিকে দেখতে যাচ্ছে। সে আমার দিকে না তাকিয়ে করিডর ধরে মৃদু পায়ে চলে যায় অন্দরের দিকে। আয়না-ঘরে ময়ূরের মলিন হয়ে আসা পালক বসানো কেবল একটি কুরছি। তার সামনে টিপয়ের ওপর রাখা অতি পুরোনো ফটোগ্রাফ; ছবিতে আফগান আমীর শের আলী খানের সামনে কুর্নিশে নতজানু কত্থক নাচের পোশাক পরা একটি মেয়ে, দেয়ালের অনেকগুলো আরশিতে ভাসছে তার একাধিক প্রতিবিম্ব।ছোট্ট মেয়েটি আমাকে ডেকে নিয়ে আসে মঞ্জিলের দপ্তরখানায়। এই কক্ষে ট্রাইপডের ওপর বসানো বক্স ক্যামেরা ও একটি জাহাজি দুরবিন দেখে অবাক হই। সেক্রেটারিয়েট টেবিলে রাখা রেমিংটন টাইপরাইটার। মেষের লোমের টুপি পরে বেজায় বয়স্ক জনাব হরকতুল্লা খোরাসানী হাই পাওয়ারের চশমা চোখে খুটখুট করে টাইপ করে চলেছেন। স্যুট-টাই পরা খোরাসানীর দিকে তাকিয়ে দেখি, তাকে পাকিস্তানি এক শ টাকার নোটে কায়েদে আজম জিন্নাহের ছবির মতো দেখাচ্ছে। কলেজের বয়োবৃদ্ধ প্রিন্সিপালরা যে রকম জুনিয়র লেকচারারদের সঙ্গে কারিকুলাম সিলেবাস নিয়ে কথাবার্তা বলেন, এ রকম গাম্ভীর্য ধরে গুল মোহাম্মদ ইয়ামা যে আমরা এখানে তথ্যের জন্য এসেছি, এ বিষয়টি তাকে ওয়াকিবহাল করিয়েছে তা আমাকে জানান। তারপর ব্যবসায়িক প্রসঙ্গে এসে তিনি জানতে চান, ‘তোমার প্রশ্ন কী?’ আমি জানতে চাই, তার এ তেজারতি কত বছরের পুরোনো? তিনি রেমিংটন থেকে বের করে টাইপ করা কাগজে চোখ বোলাতে বোলাতে বলেন। তখন ছিল মূলত আমদানির ব্যবসা। আমীর শের আলী খান অনেক দিন হিন্দুস্থানে নির্বাসিত থেকে দিল্লির আংরেজ বড়লাটের সহায়তায় ফিরে পেয়েছেন কাবুলের তকত্। ব্রিটিশরাজ তাকে মাসোহারাও দিচ্ছে নিয়মিত। তেজারতির সূত্রপাত করেন খোরাসানীর পিতামহ। তিনি চালু করেন পেশোয়ার কাবুলের মধ্যে হাতির ক্যারাভান। তাতে করে দরবারের জন্য লক্ষৌ থেকে নিয়ে আসা হতো কত্থক নাচের মেয়েদের। এ ছাড়া শের আলী খান পান করতেন পোর্ট ওয়াইন; সিগারের বাক্স ও শিকারের জন্য ফক্স হাউন্ড কুত্তাগুলোকেও হাতির পিঠে করে নিয়ে আসা হতো কাবুলে। আমি বৈঠকখানায় রাখা চীনামাটির পুতুলগুলো ও রিভলভারের কথা জানতে চাই। খোরাসানী টাইয়ের নট ঠিক করতে করতে বলেন—শের আলী আশ্রয় দিয়েছিলেন চীন থেকে আগত রাজনৈতিক কারণে পলাতক এক পর্যটককে। চীনেম্যান মঞ্জিলে আমদানীকৃত হিন্দুস্থানী নাচ-গার্লদের মডেল করে তৈরী করে এ পুতুলগুলো। রাজনৈতিক দুর্বিপাকে পড়লে শের আলী মঞ্জিলের আয়না-ঘরে এসে কিছুক্ষণ বসতেন। এক পেয়ালা তুর্কি কফির সাথে সিগার পুড়িয়ে পিস্তলের আওয়াজ করে সদ্য আমদানী করা কোনো নাচ-গার্লকে আংশিক বেআব্রু করে আয়নায় তার প্রতিবিম্ব দেখতে তিনি ভালোবাসতেন। হাল জামানায় অবশ্য তেজারতির নিশানা পাল্টে গেছে সম্পূর্ণভাবে। আফগানিস্তানে এখন সুলভ হয়ে উঠেছে যুদ্ধে গৃহচ্যুত এতিম-এছির মেয়েরা। তাদের খরিদ করা যাচ্ছে অত্যন্ত কম দামে। খানিক তালিম দিয়ে তাদের অনায়াসে রফতানি করা যাচ্ছে কোয়েটা, লাহোর বা উপসাগরীয় সারজা-দুবাইতে।খোরসানী টাইপ করা কাগজটি আমার দিকে বাড়িয়ে দিয়ে এবার সরাসরি কারবারি আলাপে আসেন। আমি কাগজে একটি মেয়ের বর্ণনা, চোখের বর্ণ, ওজন ও শরীরের ভাইটাল স্টাটিসটিকস্ দেখতে পাই। বর্ণনাটি আমি যাতে শনাক্ত করতে পারি তার জন্য তিনি আমাকে একটি সাদাকালো ছবিও দেখান। ফটোতে একটু আগে দেখা মেয়েটি বেলি নর্তকীর পোষাক পরে দাঁড়িয়ে আছে। তার উন্মোচিত নিম্ন-নাভির নিচে ঝুলছে দ্বিতীয় বন্দনীর মতো এক সারি রূপালি মুদ্রা। খোরাসানী যেন কলেজ পরিচালনা সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করছেন এমন ভঙ্গিতে বলেন, ‘তোমাকে একটি প্রস্তাব দিচ্ছি। মেয়েটিকে খরিদ করো। সাথে যথেষ্ট ক্যাশ্ না থাকলে শতিনেক ডলার বনামে খোদাবন্দ করিম বলে বায়না করে যাও। আমরা তাকে করাচি কিংবা কোয়েটায় পৌঁছে দেবো। একটু তালিম পেলে এ মেয়ে বেলি-ডান্সে ফণাতোলা গোখরা সাপের চেয়েও ভালো নাচতে পারবে? ইয়ামার কাছে শুনেছি তুমি জাহান-গার্ড, ঘুরে বেড়াও নানা দেশে। এ মেয়েকে অনেক টাকায় রিসেল করতে পারবে কায়রোর বাজারে।’ আমি প্রস্তাবের জবাব ইয়ামার মাধ্যমে জানাবো বলে বকায়দা মোছাফা করে বেরিয়ে আসি।আমাদের ফেরার সময় হয়ে আসে। কেইলিন বাগিছার নির্জনে দাঁড়িয়ে বার কয়েক মোবাইলে গুল মোহাম্মদ ইয়ামার সাথে কণ্টাক্ট করার চেষ্টা করে। কিন্তু নেটওয়ার্কের জটিলতার জন্য যোগাযোগ হয় না। আমি আবার ইয়ামার উপর রুষ্ট হই। কেইলিন এসব অবজ্ঞা করে দম ধরে বসে থাকে। বেলা পড়ে আসছে, তাই খানিক টেনশন নিয়ে তার পাশে বসি। খোরাসানীর সাথে আলাপচারিতা ও বিক্রিত হওয়ার জন্য অপেক্ষমাণ কিশোরীর মুখ সাময়িকভাবে মন থেকে মুছে ফেলতে চেষ্টা করি। হঠাৎ করে মনে পড়া স্বপ্নের মতো চোখে ভাসে মীর সৈয়দ আলীর ‘রাজপ্রসাদের নৈশদৃশ্য’ চিত্রটি। আমি নোটবুক খুলে ডিটেলগুলো দেখি। প্রসাদের আঙিনায় নৃত্যগীত হচ্ছে, যুবরাজের সামনে পানীয়ের তিরল হাতে খানসামা, প্রেক্ষাপটে মসজিদ, তার পিছনে বেগুনি ফুলে ছাওয়া আকরোটের গাছ, কুন্ডুলি পাকিয়ে শুয়ে থাকা পশমি বিলাই। কেইলিন খপ্ করে আমার হাত থেকে নোটবুকটি টেনে নিয়ে বলে, ‘দেখো কী জানতে পেরেছি?’ বদলা নিতে গিয়ে আমি তার নোটবুকটি খুলে পড়তে শুরু করি। মেয়েটিকে দেখতে গিয়ে সে যা জানতে পেরেছে তা হচ্ছে: এ কিশোরীর নাম নাগিনাগুল অলোকজাই। সে কান্দাহারের কাছাকাছি আরগানডব বলে এক জায়গায় ক্লাস এইটের ছাত্রী ছিল। কোনো এক অসতর্ক মুহূর্তে স্কুল শিক্ষকের সাথে তার গড়ে উঠে দৈহিক সম্পর্ক। তাদের মধ্যে চিঠি চালাচালি হয়। বিষয়টি জানাজানি হলে তার পিতা অলোকজাই কেওমের পাসতুন সর্দার তাকে গৃহে তালাবদ্ধ করে রাখেন। অন্তরীণ হালতে সে পিতা ও ভাইদের আলাপ থেকে শুনতে পায়—পাসতুনদের পারিবারিক ইজ্জত রক্ষার জন্য তাকে প্রথা মোতাবেক ‘অনার কিলিং’ বা খুন করার সিদ্ধান্ত নেয়া হচ্ছে। তার ভাইরা এ কাজের জন্য একজন কাতিল বা ভাড়াটে খুনি জোগাড় করার কথা বলে। পিতা স্বয়ং বেরিয়ে যান কাফন কিনে সংগোপনে একজন মোল্লা জোগাড় করতে যাতে মরার আগে নাগিনাগুলকে তওবা পড়ানো যায়। তবে খোদাবন্দ করিমের ইচ্ছা ভিন্ন, হঠাৎ করে নাগিনাগুল দেখতে পায় রহস্যজনকভাবে তার তালাবদ্ধ দুয়ারের কপাট খুলে গেছে। সে রাতের অন্ধকারে পালিয়ে চলে আসে স্কুল শিক্ষকের বাড়িতে এবং তাজ্জব হয়ে আবিষ্কার করে তার শিক্ষক বিবাহিত। তিনি তাকে এক আত্মীয়ের বাড়ীতে লুকিয়ে রাখেন। আত্মীয় দেহদানের বিনিময়ে তাকে বিবাহের প্রস্তাব দেয়। তাতে নাগিনাগুল রাজি না হলে তাকে নওরোজের রাতে বিক্রি করে দেয়া হয় খোরসানীর এক এজেন্টের কাছে তেরো হাজার আফগানীর বিনিময়ে। নাগিনাগুল আফগানিস্তানের কোথাও স্বাভাবিক জীবনে ফিরে যেতে চায় না। সে অপেক্ষা করছে নিলামে বিক্রি হওয়ার জন্য। তার আকাঙ্ক্ষা মধ্যপ্রাচ্যের কোন দরাজদিল ক্রেতা তাকে নিয়ে যাবে সারজা কিংবা দুবাইয়ে।সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে। এখনো ইয়ামার কোনো খোঁজ নেই। বেশ কটি বড়সড় পাখি উড়ে এসে বসে বাগিচার পত্রহীন ডালে। মঞ্জিলে আবার বেজে উঠে তাম্বার ঘন্টা-ধ্বনি। আমার বুকের ভেতর ধ্বক্ করে উঠে। অল্প দূরে বোধ করি মঞ্জিলের অন্দর মহলে নাগিনাগুল বসে আছে শ্যামাদানের ম্লান আলোয়। দূর থেকে ভেসে আসা চম্পা ফুলের বাসের মতো তার রূপের সৌরভ এসে আমার দেহমনে লাগে। কেইলিন আমার হাত টেনে নিয়ে আঙুল দিয়ে লেখে, ‘আই অ্যাম জেলাস্, পে অ্যাটেনশন ট ুমি, প্লিজ।’[email protected]