শেষ অভিযাত্রায় ক্রীতদাসের জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ সওদাগরি জাহাজ, নিয়োজিত নিষ্ঠুর দাস ব্যবসায়—এই জাহাজের খোলে করে আনা হচ্ছে শত শত কালো, অসহায় মানুষকে। অপরিসর খোলের ভেতর অমানবেতর পরিবেশে, ঠাসাঠাসি-গাদাগাদি করে ভরা হয়েছে আফ্রিকার এই নিগ্রোদের। গন্তব্য ক্যারিবীয় ও আমেরিকার আকর্ষণীয় ক্রীতদাস বাজার।১৮ মে ১৭০০ সাল, হ্যানরিয়েটা ম্যারি তার চূড়ান্ত গন্তব্যের প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। জ্যামাইকার তীরে খোলের মানুষগুলোকে নামিয়ে দিয়েই হ্যানরিয়েটা ফিরে যাবে ইংল্যান্ডে। আফ্রিকার উপকূল থেকে ৩০০ জন দাসের বিশাল চালান নিয়ে সাগরে ভেসেছিল হ্যানরিয়েটা ম্যারি। বেশির ভাগ ক্রীতদাসকেই ব্রিটিশ নাবিকদের তত্ত্বাবধানে জাহাজের খোলে তোলার আগে ভালোমতো শৃঙ্খলিত করা হয়েছে লোহার শেকলে। যাত্রাপথে এদের কেউ কেউ মারা যাবে—দীর্ঘ সমুদ্রযাত্রায় গড়ে মারা যায় ২০ জনের মতো।দূরে যখন তটরেখার দেখা মিলল, ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠলেন ক্যাপ্টেন টমাস চ্যাম্বারলেইন, সামনে তাঁর অনেক কাজ: সব ক্রীতদাসকে এখন প্রস্তুত করতে হবে প্রদর্শনের জন্য। তাদের সুষ্ঠু প্রদর্শনের ওপরেই নির্ভর করছে ব্যবসা। নিচের খোল থেকে তাড়িয়ে ওপরের ডেকে আনতে হবে বন্দীদের এক এক করে—নারী-পুরুষ-ছেলেমেয়েদের ধুয়ে সাফসুতরো করতে হবে। কয়েকজন অসুস্থ, তাদেরও খানিকটা যত্ন-আত্তি করে প্রদর্শনযোগ্য করে হাজির করতে হবে বিক্রির জন্য।কালো আধানেংটো একদল নারী-পুরুষকে হাজির করা হলো পোর্ট রয়েলের ক্রীতদাস বেচাকেনার নির্দিষ্ট ব্লকে। এখন সম্ভাব্য ক্রেতাদের অনেকেই এসব দাসের পেটে খোঁচা দিয়ে দেখবে, কেউ মুখ হাঁ করিয়ে দাঁতও পরীক্ষা করবে, এমনকি কেউ কেউ ওদের ঘামের গন্ধও শুঁকে দেখবে—ঘামের গন্ধ থেকে নাকি সুস্বাস্থ্য সম্বন্ধে নিশ্চিত হওয়া যায়। হ্যানরিয়েটার এই মনুষ্য চালানের তৎকালীন বাজার দর ৩০০ পাউন্ডের ওপরে, যার বর্তমান বাজার দর হতে পারে প্রায় ২৭২০০০০০ টাকা। বেশির ভাগ ক্রীতদাসের ঠিকানা হবে আখের প্লানটেশনে, যেখানে গিয়েই তাদের নামতে হবে কঠোর পরিশ্রমের কাজে। উদয়াস্ত এই কাজ এবং এসব ক্রীতদাসের বেশির ভাগ এই নির্মম পরিশ্রমে পাঁচ থেকে ১০ বছরের মধ্যেই মৃত্যুবরণ করবে।বন্দীদের ভাগ্যে কী ঘটবে, বিক্রির পর সে ভাবনা চ্যাম্বারলেইনের নয়। বন্দীদের বিক্রি শেষ করে চিনি, সুতা, কাঠ আর নীলে দ্রুত জাহাজ বোঝাই করে জুনের শেষাশেষি তাঁরা রওনা হলেন দেশের পথে।কিন্তু মাঝ সাগরে ফ্লোরিডা থেকে ৩৪ মাইল পশ্চিমে ঝড়ের কবলে পড়ে সাগরে নিমজ্জিত হলো আফ্রিকা থেকে ক্রীতদাস বয়ে আনা শেষ জাহাজটি। ইংরেজ নাবিক ও খালাসিদের কেউই প্রাণে বাঁচতে পারেনি। জাহাজের সঙ্গে সঙ্গে অন্যদেরও সাগরে সলিলসমাধি ঘটল।প্রায় ৩০০ বছর পর গুপ্তধন শিকারিরা সাগরতলা থেকে হ্যানরিয়েটার ধ্বংসাবশেষের কিছু নমুনা প্রথমে উদ্ধার করে, কিন্তু এসব গুপ্তধন শিকারিদের মূল লক্ষ্য ছিল স্বর্ণ। তাই জাহাজে স্বর্ণপ্রাপ্তির সম্ভাবনা না দেখে উদ্ধার অভিযান স্থগিত করে তারা। পরে ১৯৪০ আর ৯০ সালের মধ্যে বৈজ্ঞানিক গবেষণার কাজে নেমে একদল ডুবুরি আবার হ্যানরিয়েটার সন্ধান পায়। এর পর থেকেই হ্যানরিয়েটা নিয়ে শুরু হয় গবেষণা।ক্রয়, জাহাজীকরণ ও বিক্রয়দাস ক্রয়-বিক্রয় একসময় ছিল জমজমাট ব্যবসা। ১৮ শতকে একটি বিজ্ঞাপনে বলা হয়েছে: আকর্ষণীয়, সুস্বাস্থ্যের অধিকারী নিগ্রো, হাতে আঁকা ছবিতে তাদের আধানেংটো শরীরে কেবল এক টুকরো ঘাসের আচ্ছাদন জড়ানো। আগ্রহী ক্রেতাদের আহ্বান করা হয়েছে নগদে এসব দাস ক্রয়ের জন্য। কোনো দাসের কাহিনিই কোনো দিন লিপিবদ্ধ হয়নি। তখন আফ্রিকার এসব কালো মানুষদের অত্যাচার-নির্যাতন করাকে গর্হিত বলে ধরা হতো না। হ্যানরিয়েটায় করে আনা কালোদের বেশির ভাগই ছিল সম্ভবত নাইজেরিয়ার ইবো গোত্রের। আমেরিকার রেড ইন্ডিয়ানদের দাস হিসেবে ব্যবহার করা যায়নি, কিন্তু আফ্রিকার দীর্ঘদেহী, বলশালী কালোদের ভীতি প্রদর্শন, অস্ত্রের মুখে জবরদস্তি করে দাস বানাতে ইংরেজদের খুব বেশি বেগ পেতে হয়নি, যে কারণে আফ্রিকার কালোরা হয়ে ওঠে নতুন বিশ্বের দাস হিসেবে ইংরেজদের প্রধান পছন্দ।১৬৯৯ সালে পশ্চিম আফ্রিকার উপকূলে ইউরোপীয়দের মূল আগ্রহ ছিল হাতির দাঁত, গোলমরিচ আর দাসদের প্রতি।  ইমরুলকায়েস