শেষ দৃশ্যের জন্যই হয়তো 'মহানগর' আমার এত প্রিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারমিন সুলতানা সুমি
শারমিন সুলতানা সুমি

শারমিন সুলতানা সুমি। চিরকুট ব্যান্ডের প্রধান। তিনি বলেছেন তাঁর প্রিয় ৫ সম্পর্কে।

১. প্রিয় বই

মানবিক পৃথিবীর ইশতেহার ‘হাত বাড়িয়ে দাও’

এ জীবনে যত বই পড়েছি, তার মধ্যে একটি বই আমার মনে গভীরভাবে দাগ কেটেছে—ওরিয়ানা ফাল্লাচির লেখা হাত বাড়িয়ে দাও। অনুবাদ করেছেন আনু মুহাম্মদ। এটি প্রথম পড়েছিলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর। অনাগত এক শিশুর কাছে তার মায়ের চিঠি এর প্রধান উপজীব্য। একজন মা জীবনের নানা বাস্তবতার কথা অকপটে লিখেছেন নিজের অনাগত সন্তানের উদ্দেশে। বইটি ভালো লাগার প্রধান কারণ হলো, এটি এক অনবদ্য সংবেদনশীল গ্রন্থ। আমার কাছে তাই একে মানবিক পৃথিবীর ইশতেহার বলেই মনে হয়। আমাকে ভীষণভাবে টেনে রেখেছিল বইটি। বিশ্ববিদ্যালয়জীবনে পড়া এই বই পরে কতবার যে পড়েছি। এমনকি বিভিন্নজনকে উপহারও দিয়েছি হাত বাড়িয়ে দাও।

২. প্রিয় শিল্পী

সুবীর নন্দীর গান

আমার প্রিয় শিল্পী তো অনেক। কিন্তু আলাদা করে একজনকে বেছে নিতে বললে অবশ্যই আমি বলব সুবীর নন্দীর নাম। ‘পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরনা বলো’, ‘আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি’ বা ‘পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না’—কী যে অপূর্ব তাঁর এই সব গান! কী অপূর্ব গায়কি! যে শিল্পী এমন বাণীপ্রধান গানগুলো এত সাবলীলভাবে এবং ভীষণ মায়া দিয়ে গাইতে পারেন, তিনি তো প্রিয় হবেনই। ছোটবেলা থেকেই সুবীরদার গান শুনতে শুনতে বড় হয়েছি। পরবর্তী সময়ে তাঁর সঙ্গে পরিচয় ও কাজের সূত্রে বুঝেছি, মানুষ হিসেবেও তিনি কত বড়। এ ছাড়া কবীর সুমন ও মৌসুমী ভৌমিকও আমার প্রিয় শিল্পী।


৩. প্রিয় নায়ক

ভালো লাগে উইল স্মিথের অভিনয়

অনেক অভিনেতার অভিনয়ই আমার ভালোলাগে। কিন্তু যদি বলা হয়, বেশি ভালো লাগে কার অভিনয়? তখন বলব উইল স্মিথের নাম। তাঁর পারসুইট অব হ্যাপিনেস সিনেমাটি দেখেছি মুগ্ধ হয়ে। অনেক বড় অভিনেতা তিনি। তাঁর অভিনয়ের বৈচিত্র্যে আমি মুগ্ধ। তিনি যখন জীবনঘনিষ্ট চরিত্রে অভিনয় করেন, তখনো ভালো লাগে, আবার যে সময় তাঁর হিউমারাস অভিনয় দেখি, সে সময়েও চোখ জুড়িয়ে যায়। ভাবি, বিভিন্ন চরিত্রে কীভাবে এত নান্দনিক অভিনয় করেন তিনি!

৪. প্রিয় চলচ্চিত্র

চোখে লেগে আছে ‘মহানগর’

সত্যজিৎ রায়ের মহানগর চলচ্চিত্রটি আমার চোখে লেগে আছে। তাই এই ছবিকে প্রিয় চলচ্চিত্র-তালিকার ওপরের দিকে রাখতে চাই। এখন যদি জিজ্ঞাসা করা হয়, কেন এই চলচ্চিত্র আমার এত প্রিয়? উত্তর হলো, এর কাহিনি এবং পাত্রপাত্রীদের অভিনয়। ছবির কেন্দ্রীয় চরিত্র এক গৃহবধূ। নিজের রক্ষণশীল পরিবারের গণ্ডি ভেঙে বাইরে বেরিয়ে এসে সেলস পারসনের চাকরি নিয়েছিলেন তিনি। এ সিনেমার শেষ দৃশ্যে যখন মাধবী মুখোপাধ্যায়ের হাত ধরে অনিল চট্টোপাধ্যায় ভীড়ের মধ্য দিয়ে বেরিয়ে যায়, ওই দৃশ্যটি জীবনেও ভুলব না আমি। মাঝেমধ্যে মনে হয়, এই শেষ দৃশ্যের জন্যই হয়তো মহানগর আমার এত প্রিয়।

৫. প্রিয় বেড়ানোর স্থান

আবার যেতে চাই লোফোতেন আইল্যান্ডে

ঘুরতে খুব ভালোবাসি আমি। পৃথিবীর অনেক জায়গাতেই ঘুরেছি। এর মধ্যে নরওয়ের লোফোতেন আইল্যান্ড খুব ভালো লেগেছে। এটি একটি দ্বীপ। আটলান্টিকের গভীর সমুদ্রের ভেতর দিয়ে যেতে হয়। মাত্র চার হাজার লোকের বাস এ দ্বীপে। এখানে আমরা যে হোটেলে ছিলাম, সেটি ছিল সমুদ্রের মধ্যে। সব মিলিয়ে অনিন্দ্য এক নৈসর্গিক পরিবেশ। যাকে অরোরা বলা হয়, সেই সবুজ আলো দেখা যায় এখান থেকে। তাই প্রিয় বেড়ানোর জায়গার কথা বললে এই নামই মনে আসে। আবার যেতে চাই লোফোতেন আইল্যান্ডে।