শেষ পর্যন্ত জীবনের পক্ষেই
আমি কোনো দিন ভাবিনি, আমার দিন কীভাবে কাটে, তা কারও জিজ্ঞাসার বিষয় হয়ে উঠবে। কারণ, আমি এতই সাদামাটা জীবন যাপন করেছি যে কালকের দিনের সঙ্গে আজকের দিনের তফাত খুব সামান্য। মাঝেমধ্যে মনে হয়, আমার জীবনটা বুঝি ঘটনাহীন। ছেলেবেলায় একবার আস্ত একটি আখ টুকরো করতে গিয়ে কাটারি আখের ওপর না মেরে বেখেয়ালে আঙুলে বসিয়ে দিয়েছিলাম। নিজের জীবনের স্মরণযোগ্য ঘটনার কথা মনে হলে এসবই বারবার মনে পড়ে। শৈশবের আরেকটি ঘটনাও গেঁথে আছে মনে—একবার আমার মা খোলায় মুড়ি ভাঁজছিলেন, মাথা হেঁট করে তাঁর পাশে ঠেস দিয়ে দাঁড়িয়ে ছিলাম আমি। এ সময় মাকে ফসকে মুড়ির খোলার গরম বালুর মধ্যে পড়তে পড়তে আমি বেঁচে গেলেও তপ্ত বালুতে পড়ে পুড়ে গেল নিজের বাঁ হাতটি। তারপর অসম্ভব জ্বলুনি শুরু হলো সেখানে। কী করা যায় কী করা যায়! এক চাচা মাকে বললেন, কাঁচা আলু বেটে ছেলের হাতে লাগাও, জ্বলুনি সেরে যাবে। তৎক্ষণাৎ আমার হাতে কাঁচা আলুবাটা লাগানো হলো, জ্বলুনিও সারল; কিন্তু মারাত্মকভাবে ফোসকা পড়ে গেল হাতে। আমার জীবনের ঘটনাগুলো এ রকম টুকরো-টুকরো, জমকালো নয়। যাঁদের জীবন ঘটনাহীন, তাঁদের দিন কীভাবে কাটে—এ কথা জিগ্যেস করলে একটা-দুটো কথা ছাড়া আর কিছু বলার থাকে না। জীবনের যেসব ঘটনাকে স্মরণীয় বলা যায়, তেমন ঘটনা আমার জীবনে খুব একটা নেই। তাই দিন কাটানো নিয়ে অত মাতামাতিও নেই।এবার একটু উল্টো পথে হেঁটে আগের কথাটাই উল্টো করে বলি—আসলে জীবনের প্রতিটি মুহূর্তই তো ঘটনা। সেটা চিৎকার করে দশজনকে জানাতে হবে এমন নয়। এভাবে দেখলে আমার জীবন একদম ঘটনাহীন নয়, অত্যন্ত রঙিনও বটে। বড় ঘটনা হয়তো সেখানে কম। তবে একেকটি দিন কাটিয়ে দেওয়াও তো কম বড় ঘটনা নয়!আমি একটু বেলা করে ঘুম থেকে উঠি, ঘুমোতেও যাই দেরি করে—এটা আমার চিরকালের অভ্যেস। জ্যোতিষশাস্ত্রে মানুষ দুই ভাগে বিভক্ত—নরগণ ও রাক্ষসগণ। রাক্ষসগণের সব কাজকর্ম শুরু হয় রাতে। দিন যত শেষ হয়, তাঁদের আনন্দ, স্ফূর্তি, সামাজিকতা তত বাড়ে। আমারও অনেকটা সে রকম—রাতের দিকে শুরু হয় সব কাজ। আড্ডাবাজি, সামাজিকতা—সবকিছুই রাতে আলাদা বল পায় যেন। বিশ্ববিদ্যালয়ে যখন পড়াতাম, রাত ১০টার পর খেয়েদেয়ে লিখতে শুরু করতাম। সক্রেটিস নামে দার্শনিক সক্রেটিসের ওপর আমার যে বইটি আছে, ওটা লিখেছিলাম একটানা ষোলো রাত জেগে। বইটি লেখার জন্য প্রচুর পড়াশোনাও করেছিলাম এই সময়ের মধ্যে। আমি সব সময় ফাউন্টেন পেন দিয়ে লিখি। ওয়াটারম্যান, পার্কার—বহু পুরোনো এসব কোম্পানির কলম আমার সংগ্রহে আছে। এখন অবশ্য কালি পাই না বলে খুবই অসুবিধা হয়। আগুনপাখি উপন্যাসটি লিখেছিলাম বন্ধুবর নাজিম মাহমুদের কাছ থেকে উপহার পাওয়া একটি পার্কার ফাউন্টেন পেন দিয়ে। আমার দুর্ভাগ্য যে উপহার পাওয়া সেই কলমটি খোয়া গেছে। আমার কাছে যাঁরা আসেন, তাঁদের মধ্যে কেউ একজন কলমটি না বলে নিয়ে গেছেন। আজকাল এ রকম না বলে জিনিস নিয়ে যাওয়া লোকের প্রাদুর্ভাব বেড়েছে। যা হোক, এসব ভদ্রমহোদয়ের বারবরকত হোক। আমার কলমের ওপর তাঁরা যেন আর নজর না দেন।আগেই বলেছি, আমি রাতজাগা মানুষ। মজার ব্যাপার হলো, যদি কখনো অসুুস্থও থাকি, তবু সন্ধ্যা হতেই আমার শরীর ভালো হতে থাকে। এ বিষয়টি বড়ই অদ্ভুত। চাকরি থেকে অবসরে যাওয়ার পরে আমার ব্যস্ততা আগের চেয়ে আরও বেড়েছে—এটা কেউ সহজে বিশ্বাস করতে চায় না। কিন্তু বাস্তব সত্য হলো, আমি এখন কাজ করে কূল পাই না। অভ্যাসমতো দেরি করে ঘুম থেকে উঠে সকালের নাশতা সেরে ১১টা নাগাদ পড়ার ঘরে চলে যাই। সেখানে থাকি দুপুর সোয়া দুটো পর্যন্ত। জরুরি কোনো কাজ না থাকলে সাধারণত এ সময়টুকু আমি হয় লিখি, না-হয় পড়ি—তবে লিখি কম, পড়া হয় বেশি। এখন আমার আগ্রহ সাহিত্যের চেয়ে অনেক বেশি দর্শন ও অন্যান্য বিষয়ে। লুডভিগ ভিডগেনস্টাইন, ফ্রেডরিখ নিটশে, জাক দেরিদা, মিশেল ফুকো, নোয়াম চমস্কি হয়ে আধুনিক দর্শনশাস্ত্র কোন পথে হাঁটছে—এসব নিয়ে নাড়াচাড়া করি। বর্তমানে পড়ছি জ্যারেদ ডায়মন্ডের লেখা গানস, জার্মস অ্যান্ড স্টিল নামে একটি ইংরেজি বই। পুরোনো সভ্যতা থেকে নতুন সভ্যতার দিকে মানুষ কীভাবে এগোল—এক অর্থে বইটিতে আছে সেই সব চমকপ্রদ কাহিনি। এ ছাড়া লিখছি আমার আত্মজীবনীর তৃতীয় ভাগ।সম্প্রতি আমার স্ত্রী মঞ্জু গত হওয়ার পর আমার মধ্যে একটা শূন্যতা তৈরি হয়েছে। এটা আমার কাজেও ব্যাঘাত ঘটাচ্ছে। খুব সাদামাটা ভাষায় বলতে গেলে মানুষ যাতে অভ্যস্ত হয়ে পড়ে, সেটি সরে গেলে অসুবিধা হয় না? আমারও সেই অবস্থা। দিনের মধ্যে ২৪ ঘণ্টাই তিনি আমাকে নিয়ে ভাবতেন। আমরা পরস্পরে বড় বেশি অভ্যস্ত ছিলাম। তবু শোককে ডিঙিয়েই মানুষ বেঁচে থাকে। কারণ, মানুষ সব সময় জীবনের পক্ষে। শত মৃত্যু, শত দুঃখ, কুরুক্ষেত্র ও কারবালা পেরিয়ে এসেও আমরা জীবনের পক্ষেই থাকি। তাই এভাবেই আছি।