বইপত্র সিপাহিদের পরাজিত করে ব্রিটিশ সেনাবাহিনী লালকেল্লার সৌন্দর্য নষ্ট করে দেয়। দিল্লিতে চলে ইংরেজ বাহিনীর নৃশংস হত্যাকাণ্ড আর ধ্বংসযজ্ঞ। সম্রাট পরিবার-পরিজন নিয়ে হুমায়ুনের সমাধিভবনে আশ্রয় নেন এবং ইংরেজ কর্তৃক বন্দী হন সপরিবারে
শেষ মোগল সম্রাট
বাহাদুর শাহ জাফর—জাফর আলম \ অ্যাডর্ন, ঢাকা \ মে ২০১০প্রচ্ছদ: জোহরা হোসাইন \ ২১৪ পৃষ্ঠা \ ৩৪০ টাকাসিপাহি বিপ্লবকে ভারতবর্ষে ব্রিটিশশাসিত উপনিবেশবিরোধী প্রথম স্বাধীনতা সংগ্রামের উন্মেষ হিসেবে অভিষিক্ত করা হয়। ইংরেজদের চোখে একে কেবল বিদ্রোহ হিসেবে দেখা হলেও ভারতবর্ষের মানুষের হূদয়ে এ বিপ্লবের আগুন স্বাধীনতা ও স্বাধিকারের এক অন্তহীন এষণাকে প্রজ্ব্বলিত করেছে। ১১ মে ২০০৭ সিপাহি বিপ্লবের দেড় শ বছর পূর্তি উদ্যাপিত হয়েছে। ঢাকার বিভিন্ন পত্রপত্রিকায়ও এ সম্পর্কে লেখা হয়েছে এবং বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। এতদসঙ্গে খ্যাতিমান লেখক জাফর আলমের গবেষণাগ্রন্থ বাহাদুর শাহ জাফর নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য, সময়োচিত। ১৮৫৭ সালের সিপাহি বিপ্লবের প্রতিক্রিয়া তত্কালীন পূর্ববঙ্গের চট্টগ্রাম ও অন্যান্য স্থানেও ছড়িয়ে পড়ে। আর এর নেতৃত্ব দেন ৮২ বছরের প্রবীণ সম্রাট বাহাদুর শাহ। আজকে সময়ের দীর্ঘ ব্যবধানে অনেকেই হয়তো এই মহান নেতাকে ভুলতে বসেছেন, কিন্তু গবেষক জাফর আলম ইতিহাসের অনেক পুরোনো অথচ বিস্মৃতপ্রায় ঘটনাকে পাঠকের সামনে উন্মোচন করেছেন। বিচার-বিশ্লেষণ করে তিনি প্রকৃত সত্যকে জনসমক্ষে তুলে ধরেছেন। অনেক ইংরেজ লেখক বাহাদুর শাহ জাফরকে অপব্যাখ্যা করেছেন। তারই সূত্র ধরে এ দেশের কিছু লেখকও প্রভাবিত হয়েছেন। জাফর আলমের এ গ্রন্থটি যেন সেসব ত্রুটি-বিচ্যুতির অপনোদন। এ গ্রন্থে বাহাদুর শাহ জাফরের শৈশব-জীবন, কর্ম, দর্শন, কাব্যচর্চা, নির্বাসন ও ট্র্যাজেডির কাহিনি অত্যন্ত সাবলীল অথচ মর্মস্পর্শী ভাষায় লিপিবদ্ধ করা হয়েছে। মোগল সাম্রাজ্যের শেষ প্রতিনিধি বাহাদুর শাহ জাফর সম্রাট হলেও তিনি ছিলেন আজীবন ইংরেজদের পেনশনভোগী। তাঁর সাম্রাজ্যের বিশাল বিস্তার ছিল না—দিল্লির লালকেল্লার চৌহদ্দিই ছিল তাঁর সাম্রাজ্য: শাসন ও জীবন নির্বাহের আধার। পারিবারিক বেষ্টনীতে তিনি শান-শওকতের সঙ্গেই উত্সবমুখর জীবন উপভোগ করতেন, যদিও অর্থশূন্য ছিল তাঁর কোষাগার। এর লম্বা ফিরিস্তি রয়েছে আলোচিত গ্রন্থে। তাঁর লালকেল্লার দেয়ালগাত্রে ফারসি ভাষায় উত্কীর্ণ আছে: ‘স্বর্গ যদি কোথাও থাকে, তবে তা এখানেই, তা এখানেই!’এ স্বর্গোদ্যান হঠাৎই ঝোড়ো হাওয়ায় তছনছ হয়ে যায়। ব্রিটিশরাজ ক্ষুব্ধ হন তাঁর ওপর। সিপাহিদের পরাজিত করে ব্রিটিশ সেনাবাহিনী লালকেল্লার সৌন্দর্য নষ্ট করে দেয়। দিল্লিতে চলে ইংরেজ বাহিনীর নৃশংস হত্যাকাণ্ড আর ধ্বংসযজ্ঞ। সম্রাট পরিবার-পরিজন নিয়ে হুমায়ুনের সমাধিভবনে আশ্রয় নেন এবং ইংরেজ কর্তৃক বন্দী হন সপরিবারে। পরে প্রহসনমূলক বিচারে তাঁর রেঙ্গুনে (বর্তমান ইয়াঙ্গুন) নির্বাসনদণ্ড দেওয়া হয়।বিদ্রোহের সূত্রপাত হয়েছিল ২৬ ফেব্রুয়ারি ১৮৫৭ সালে। ওই দিন কলকাতা থেকে ১২০ মাইল দূরে ব্যারাকপুর সেনানিবাসে ১৯ নম্বর প্লাটুনের সেনারা চর্বিওয়ালা কার্তুজ ব্যবহার করতে অস্বীকৃতি জানায়। অস্বীকৃত সেনাদের বরখাস্ত করা হয়। এ ঘটনা চারদিকে ছড়িয়ে পড়লে সিপাহিদের ভেতর ক্রোধের আগুন জ্বলে ওঠে। মিরাটের সিপাহিরা দিল্লির দিকে ধাবিত হয়। ২৬ ফেব্রুয়ারি থেকে ১১ মে পর্যন্ত দিল্লিতে বিভিন্ন স্থানে সিপাহিরা ইংরেজদের হত্যা করে। এ বিদ্রোহ সম্বন্ধে বাহাদুর শাহ কিছুই জানতেন না। ব্রিটিশ শাসকদের কাছে তিনি অপরাধী হলেন এই বলে যে বাদশাহ জাফর তাদের পেনশনভোগী হওয়া সত্ত্বেও সিপাহিদের সঙ্গে একত্র হয়ে বিদ্রোহের প্ররোচনা দিয়েছেন। সবচেয়ে বড় অভিযোগ হলো, লালকেল্লায় আশ্রয় নেওয়া ৪৯ জন ইংরেজ নারী ও শিশুকে বিদ্রোহীরা ঘটনাস্থলে হত্যা করে। তাদের মতে, এ হত্যার পেছনে অবশ্যই বাহাদুর শাহ জাফরের হাত রয়েছে। প্রকৃতপক্ষে, বাদশাহ জাফর বিদ্রোহ সম্বন্ধে কিছুই জানতেন না। কিন্তু তিনি ভারতের স্বাধীনতার স্বপ্ন দেখেছেন। তাঁর পুত্রদের গুলি করে ও ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে ইংরেজরা। তিনি সপরিবারে নির্বাসিত হয়েছিলেন রেঙ্গুনে। ঔপনিবেশিক ইংরেজ শাসকের বিরুদ্ধে এতসব ঘটনা ঘটেছে, তাই আত্মত্যাগ ও স্বাধীনতার স্বপ্নকে যেন আমরা ভুলে না যাই। বাহাদুর শাহ জাফরের রেঙ্গুনে নির্বাসন অবস্থায় শেষ দিনগুলো কেটেছে দিনারুণ কষ্টে। তিনি তখন ভগ্নপ্রায়, নির্বাক ও বিমূঢ়। তাই বলে তাঁর কবিতা থেমে থাকেনি। মরমি এ কবি দার্শনিক জীবনের শেষ বেলায় আক্ষেপে লিখেছেন:কিতনা বদ নসিব, জাফর দাফনকে লিয়েদুগজ জমি ভি মিলনা সাকি কুইয়ে ইয়ার মে। অনুবাদ:কত হতভাগ্য জাফর, দাফনের জন্য দুই গজ জমিও পেল না স্বজনদের জনপদে। মর্মন্তুদ এই শেষ চরণদ্বয় পাঠমাত্রই হূদয়কে ব্যথিত ও মর্মাহত না করে পারে না। জাফর আলম একজন সুদক্ষ অনুবাদক, কলামিস্ট ও গবেষক। এই বইয়ে তিনি তাঁর সেই সুনাম পরিপূর্ণভাবে রক্ষা করেছেন।