শৈলানে বর্ষা-উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষাকালেও ঢাকায় বর্ষণ নেই। মেঘের গর্জন শুনিনি বহুদিন। অথবা বর্ষণ আছে, গর্জনও আছে—আমরা দেখি না, শুনতে পাই না ইটের খাঁচায়। এ বছর বর্ষায় শৈলান গ্রামে যাই। ঢাকা থেকে উড়ে আসা কালোমেঘ শৈলানে বৃষ্টি হয়ে অঝোর ধারায় নামে। অনেক দিনের বন্ধ রাখা জানালা বৃষ্টির শব্দে খুলে যায়। যেখানে শৈশব-কৈশোর কাদামাখা গায়ে মাঠে ছোটাছুটি করে। পুকুরের পোনামাছগুলো দলবেঁধে তীরে এসে বর্ষা-উৎসব করে। জেগে ওঠে গ্রামবাসী, আমরাও।

গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশীনদীও কেমন আবেগে আত্মহারা। নৌকা পারাপারে ব্যস্ত আবাল-বৃদ্ধ-বনিতা। এই ঘন ঘোর বর্ষায় আনন্দের বার্তা শুনি গাছে গাছে, মাঠে মাঠে, সবুজ খেতের আলে। বিস্তীর্ণ প্রান্তরে বৃষ্টির ধোঁয়া আমাদের কানে কানে বলে যায়, ঢাকা থেকে শৈলান গ্রাম বেশি দূরের পথ নয়। আমরা স্বপ্ন বুনতে থাকি।