শোকের প্রতিকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবস উপলক্ষে আগস্ট মাস জুড়েই রাজধানীর বিভিন্ন গ্যালারিতে বঙ্গবন্ধুকে নিয়ে প্রদর্শনী হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিকেও ছুঁয়ে গেছে শোকের কালো রং। জয়নুল গ্যালারির দুটি কক্ষজুড়েই আয়োজিত হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে শিক্ষার্থীদের করা বিভিন্ন শিল্পকর্মের প্রদর্শনী।উদ্বোধনীর দিন উপস্থিত ছিলেন বরেণ্য শিল্পী শাহাবুদ্দিন আহমদ।পেইন্টিং, স্কাল্পচার, ইনস্টলেশন আর্টের সমন্বয় ঘটছে এ প্রদর্শনীতে। দুটি কক্ষের প্রথমটিতে আছে চারপাশের দেয়ালজুড়ে পেইন্টিং আর মাঝে সিরামিকের করা বঙ্গবন্ধুর পোর্ট্রেট, সেই সঙ্গে আছে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি। দ্বিতীয় কক্ষটিতে পেইন্টিংয়ের পাশাপাশি আছে শিশুদের করা বঙ্গবন্ধুকে নিয়ে রঙিন সব ছবি। মাঝে বিশাল এলাকাজুড়ে শিল্পী দীপক কুমার সাহার ইনস্টলেশন।পেইন্টিংগুলোর মধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে করা পোর্ট্রেটের সংখ্যাই বেশি। পোর্ট্রেটগুলোতে শিল্পীরা শেখ মুজিবুরের ব্যক্তিত্বকেই ফুটিয়ে তুলতে চেয়েছেন বিভিন্ন আঙ্গিকে। এসব ছবিতে মুজিবের বহুমাত্রিক ব্যক্তিত্বের চারিত্রিক দৃঢ়তা, চিন্তাশীলতা, বিষণ্নতা ছুঁয়ে যায় দর্শককে। আবার কখনো তাঁর দৃঢ় সংগ্রামী ভঙ্গি আমাদের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয়।শিল্পী আশীষ পাল এঁকেছেন ‘বেহাৎ বিপ্লব’। লাল-সবুজের বাংলাদেশের পতাকার ফর্মে তিনি এঁকেছেন ছবিটি। ছবির কম্পোজিশনে উদ্ধত ভঙ্গিতে অস্ত্র তুলে দাঁড়ানো একদল মানুষকে শিল্পী হাজির করেছেন বিপ্লবের রূপক হিসেবে। বাংলাদেশের গণমানুষের বিপ্লবের সাক্ষ্য বহন করে এ ছবি।শিল্পী দীপক কুমার সাহার ইনস্টলেশনটি অসাধারণ। বড় বড় ছয়টি কাঠের পোর্ট্রেটের মাঝখানে তিনি স্থাপন করেছেন বাংলাদেশের মানচিত্র। পোর্ট্রেটগুলোর ভয়াবহ মুখভঙ্গিতে বাংলাদেশকে গ্রাস করার ব্যগ্রতা দেখলে শিউরে উঠতে হয়। একাত্তরের বিপর্যস্ত বাংলাদেশের প্রতিচ্ছবি তুলে ধরেছেন শিল্পী।প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা পুরস্কৃত হয়েছেন। এঁদের মধ্যে বঙ্গবন্ধু পুরস্কার পেয়েছেন শিল্পী আশীষ পাল; সম্মান পুরস্কার পেয়েছেন পলাশ বরণ বিশ্বাস, আজমল উদ্দিন, দীপক কুমার সাহা ও সৌরভ চৌধুরী।প্রদর্শনীটি শেষ হয়েছে ৩১ আগস্ট।