শ্রডিঙ্গারের বইমেলা
একদিকে বিক্রিবাটা চলছে, অন্য পাশে স্টলে চলছে শেষ তুলি বুলিয়ে নেওয়ার কাজ। বইমেলার প্রথম দিনে সবাই তখনো নিজেকে পুরোপুরি সাজিয়ে উঠতে পারেনি। ১৫ ফেব্রুয়ারি বইমেলার শুরুতেই মেলার মাঠ ঘুরে এসে লেখকের কেন মনে হলো এটি শ্রডিঙ্গারের বইমেলা?
এবারের বইমেলার প্রথম দিনের প্রথম প্রহরে অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি মেলায় গিয়ে যা বুঝলাম, একটা নয়, এবার আসলে একসঙ্গে দুটো মেলা হচ্ছে—একটা হচ্ছে সরকার নির্দেশিত চৌদ্দ দিনের (১৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফ্রেব্রুয়ারি) মেলা, আরেকটা প্রকাশক প্রস্তাবিত ৩০ দিনের (১৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ) মেলা। ব্যাপারটা যেন অনেকটা কোয়ান্টাম ফিজিক্সের বিজ্ঞানী শ্রডিঙ্গারের বাক্সবন্দী বিড়ালের সেই বিখ্যাত প্যারাডক্স। বাক্সের ভেতর একই সঙ্গে দুটো বিড়াল আছে। একটা জীবিত, একটা মৃত, বাক্স খুললেই সেটা জানা যাবে। সে রকম আমাদের মাথায় (নাকি বাক্সে) দুটো মেলা আছে। একটা ১৪ দিনের একটা ৩০ দিনের। তবে শেষ পর্যন্ত কোনটা টিকবে, এই মুহূর্তে বলা মুশকিল।
তবে এক প্রকাশক আর এক লেখককে পেলাম; তাঁদের বলতে শুনলাম এ রকম—
প্রকাশক: বই তো দিয়েছেন অর্ধেকটা, পুরোটা কবে দেবেন? মেলা তো শুরু হয়ে গেছে।
লেখক: আরে মেলা অর্ধেক, তাই বইও অর্ধেক।
পুরো মেলা ঘুরতে গিয়ে দেখি, বেশ কিছু স্টলের কাজ অর্ধেকটা হয়েছে। এখনো টুকটাক হাতুড়ির বাড়ি, করাতের ঘষঘষ চলছে। এখানেও সেই একই প্রশ্ন। তবে এবার লেখক-প্রকাশক নয়, পাঠক-প্রকাশক!
পাঠক: কী ভাই স্টল দেখি অর্ধেকটা...
প্রকাশক: মেলাও যে অর্ধেক রে ভাই... পুরোটা বানিয়ে ফায়দা কী!
উদাস গলায় বললেন প্রকাশক।
তবে মেলার ভেতরই খবর পাওয়া গেল, কিংবা রটে গেল—মাননীয় প্রধানমন্ত্রী অর্ধেকটা না, পুরো মেলাই চান। মানে তিনি নাকি বইমেলা ৩০ দিনই হোক—এমন ইচ্ছা প্রকাশ করেছেন। এ খবর ‘বাইট’ নিতে আসা বিভিন্ন চ্যানেলের রিপোর্টররা পেয়েছেন কি না, বলা মুশকিল। তবে তাঁরা হন্যে হয়ে লেখক খুঁজে বেড়াচ্ছেন ইন্টারভিউ নেওয়ার জন্য। কবি–লেখক কাউকে পাওয়া যাচ্ছে না। নামীদামি লেখক কি আর প্রথম দিনই আসে নাকি। একজন টেলিভিশনওয়ালা দেখলাম ভুল করে আমার দিকে ছুটে আসছেন:
: এবারের মেলা সম্পর্কে একজন লেখক হিসেবে আপনার প্রত্যাশা কী?
: আমি তো লেখক নই, কার্টুনিস্ট।
আমি গম্ভীর হয়ে জানাই। রিপোর্টার মনে হলো বেজায় বেজার হলেন। তবে তিনি দমবার পাত্র নন। আরও দু–চারটে ঘায়েল করা টাইপ প্রশ্ন করে ছুটে গেলেন শিশুচত্বরে এক শিশুর কাছে—
: খোকাবাবু, কী বই কিনলে?
খোকাবাবু রংচঙে একটা বই উঁচু করে দেখাল। কথা বলল না। কথা বলার উপায়ও নেই তার। মুখে বইয়ের চেয়ে রংচঙে একটা মিনি মাস্ক।
: বইমেলা কেমন লাগছে?
খোকাবাবু এবার মাস্ক খুলে ফেলে ঠোঁট সরু করে বলল, ‘বইমেলা পচা, বাণিজ্য মেলা ভালো।’
এ কথায় পাশে দাঁড়ানো খোকাবাবুর মা–বাবার মুখ অন্ধকার। পুত্রের ভবিষ্যৎ নিয়ে তাঁরা চিন্তিত। তরুণ রিপোর্টার মনে হলো, বাই দিস টাইম কোনো কবি বা লেখককে খুঁজে পেয়ে প্রশ্ন করতে শুরু করেছেন, ‘মনন ও সৃজনশীলতা বৃদ্ধি করতে বাংলা সাহিত্যচর্চার ক্ষেত্রে আপন মাতৃভাষার সম্পূরকতা কতটা বলে আপনি মনে করেন...?’
আমার মনে হলো, রিস্টার্ট দিয়ে এই মেলা ঠিকঠাকমতো শুরু হতে আরও দু–চার দিন লাগবে, বরং বাড়ি যাই এই বেলা—এই ভেবে বেরোচ্ছি, দেখি আমার কিঞ্চিৎ পরিচিত একজন ডাবল মাস্ক পরে হন্তদন্ত হয়ে বেরোচ্ছে। করোনা প্যানডামিক নিয়ে তাকে খুবই সিরিয়াস মনে হলো। এক হাতে স্যানিটাইজার স্প্রে, আরেক হাতে একটা বই কিনে মেলা থেকে বের হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই মেলার প্রথম পুস্তক ক্রেতা সে–ই। তার ভাবভঙ্গিতে মনে হচ্ছে মেলার সবচেয়ে জরুরি বইটাই যেন কিনে ফেলেছে সে। এখন বাসায় গিয়ে জরুরি ভিত্তিতে এই বই পড়ে শেষ করতে হবে অ্যাট এনি কস্ট! আমি জিজ্ঞেস করলাম—
‘কী বই কিনলে?’
‘করোনার সর্বশেষ পরস্থিতির ওপর একটা বই। এই মুহূর্তে আমার মনে হয় এটা খুবই জরুরি একটা বই।’
‘তা–ই নাকি? কার লেখা?’
‘জাফর স্যারের।’
বলে কী! মুহম্মদ জাফর ইকবাল স্যার আবার করোনা নিয়ে বই কখন লিখলেন! আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম:
‘বইয়ে নাম কী?’
‘অমিক্রনিক রূপান্তর।’
হন্তদন্ত সতর্ক ব্যস্ত পাঠকের গম্ভীর উত্তর!