বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ইতিহাসের সঙ্গে একটি প্রজন্মের মানুষের যাপিত জীবন ও কর্ম ওতপ্রোতভাবে জড়িত। তাদের কর্ম ও জীবনকে অধ্যয়ন করে সমৃদ্ধ হতে থাকে ভবিষ্যৎ প্রজন্ম। সদ্য প্রয়াত শিল্পী মোহাম্মদ কিবরিয়া (১৯২৯-২০১১) বর্তমানে একটি প্রজন্মের কাছে ‘বিস্ময়’, ‘আগ্রহ’ এবং অপর একটি প্রজন্মের কাছে স্মৃতি, শ্রদ্ধেয় শিক্ষক, সহকর্মী, শিল্পবন্ধু, গুরুজন। নিরবচ্ছিন্ন শিল্পসাধক মোহাম্মদ কিবরিয়া বাংলাদেশের প্রেক্ষাপটে বিমূর্ত চিত্রভাষাচর্চায় সার্থকতম শিল্পীদের মধ্যে অন্যতম। তিনিই সম্ভবত একমাত্র শিল্পী, যাঁর অনুসরণে অনেক নবীন শিল্পী কাজ করছেন (কিবরিয়া স্কুল বলে আখ্যায়িত করেন অনেকেই), অথচ শিল্পী নিজের বৈশিষ্ট্যে অপ্রতিরোধ্য সৃজনশীল। বাংলাদেশের আধা-সামন্তবাদী, আধা-ঔপনিবেশিক রাজনৈতিক-অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে যেখানে এই একবিংশ শতাব্দীতেও প্রশ্ন রয়ে গেছে ‘বিমূর্ত চিত্রকলাচর্চার’ প্রয়োজনীয়তা নিয়ে, সেখানে শিল্পী কিবরিয়ার শিল্পকর্ম আরও বহুবিধ দিগন্ত ও সম্ভাবনার অথবা প্রশ্নোত্তরের দ্বার উন্মোচন করেছে ভবিষ্যতের বাংলাদেশের শিল্প-ভাবনায় ও শিল্পীদের সামনে।বর্তমানের নবীনতম যে প্রজন্মটি নিভৃতচারী প্রচণ্ড শক্তিশালী এই শিল্পীর শিল্পকর্ম সম্পর্কে অনেকটাই অজ্ঞাত, তাদের জন্য চমৎকার সুযোগ তৈরি করতে যাচ্ছে ‘বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস’। ‘শ্রদ্ধার্ঘ্য: মোহাম্মদ কিবরিয়া’ শিরোনামে ১০ দিনব্যাপী এক বিশেষ প্রদর্শনীর উদ্বোধন হবে ২২ জুলাই সন্ধ্যা ছয়টায়। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়েরের ‘কিবরিয়া সংগ্রহ’ থেকে নেওয়া প্রায় ১১৫টি শিল্পকর্ম ছাপচিত্র, জলরং, তেলরং, ড্রয়িং, অ্যাক্রেলিক, মিশ্রমাধ্যম প্রভৃতি এই প্রদর্শনীতে স্থান পেয়েছে, যার অধিকাংশ শিল্পকর্মই দর্শক আগে দেখেনি। মতিউর রহমানের সংগ্রহের শিল্পকর্মগুলো ১৯৬৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত করা। ২০০০ সালে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের উদ্বোধনে শিল্পী কিবরিয়ার একক প্রদর্শনী থেকে নেওয়া কিছু শিল্পকর্ম দর্শক আবারও দেখার সুযোগ পাবেন।শিল্পীর জীবনের সংক্ষিপ্ত রূপ নবীন প্রজন্মের জন্য তুলে ধরা হলো: পশ্চিমবঙ্গের বীরভূমের ছোট শহর সিউরিতে ১৯২৯ সালের ১ জানুয়ারি শিল্পীর জন্ম। বাবা মোহাম্মদ রফিক ছোটবেলায়ই পরলোকগত। মা সায়েরা বেগম। ছয় ভাইবোনের মধ্যে মোহাম্মদ কিবরিয়া সবার ছোট। সিউরিতে স্কুলজীবনের প্রথম পর্যায়ের শুরু। এরপর বীরভূম জিলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। স্কুলের প্রধান শিক্ষক ওয়াজেদ আলীর অনুপ্রেরণায় কলকাতা আর্ট ইনস্টিটিউটে ভর্তি হলেন। এ প্রতিষ্ঠানে ভর্তি হতে গিয়ে কলকাতা শহরে প্রথম আসা। সে সময় রমেন চক্রবর্তী ছিলেন কলকাতা আর্ট ইনস্টিটিউটের প্রিন্সিপাল। শিক্ষক হিসেবে পেয়েছিলেন জয়নুল আবেদিন, বসন্ত গাঙ্গুলী, আনোয়ারুল হক, শফিউদ্দিন আহমেদ প্রমুখ। শিল্পী সোমনাথ হোড় আর বিজন চৌধুরী ছিলেন তাঁর সহপাঠী। ১৯৫০ সালে আর্ট স্কুলের পড়া শেষ করলেন। ১৯৫১ সালে নবাবপুর হাইস্কুলে ড্রয়িংয়ের শিক্ষক হিসেবে যোগ দেন। কালি ও কলম পত্রিকার মোহাম্মদ কিবরিয়া স্মরণ সংখ্যায় মতিউর রহমান শিল্পী কিবরিয়াকে স্মরণ করেছেন এভাবে, ‘বাংলাদেশের প্রধান শিল্পী মোহাম্মদ কিবরিয়াকে চিনি ও জানি সেই ১৯৫৩ সাল থেকে। তখন আমি নবাবপুর স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। পঞ্চম শ্রেণীর মাঝামাঝি সময় পর্যন্ত তিনি ছিলেন আমাদের ড্রয়িংয়ের শিক্ষক। এখনো মনে পড়ে, সব সময় ইস্ত্রি করা সাদা পাঞ্জাবি-পাজামা পরা কিবরিয়া স্যারকে। কালো ব্ল্যাকবোর্ডে কোনো ফল বা ফুল এঁকে, আমাদের সেটা আঁকতে দিয়ে তিনি ক্লাসের ভেতরে হাঁটছেন। কথা বলতেন খুব কম। কেউ বেশি দুষ্টুমি করলে দুই আঙুলের মধ্যে চক নিয়ে মাথায় ঠুকে দিতেন। মনে পড়ে, স্যারের কাছ থেকে এ রকম শাস্তি আমিও ভোগ করেছি।’ শিল্পাচার্য জয়নুল আবেদিন (১৯৪৮ সালে) তত দিনে কয়েকজন সতীর্থকে নিয়ে ঢাকায় আর্ট ইনস্টিটিউট খুলেছেন। ১৯৫১ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন নয় মাসের জন্য জাপান গেলে তিনি সাময়িকভাবে শিক্ষকতা করেন। ১৯৫৪ সালে পুরোদমে শিক্ষক হিসেবে যোগ দেন প্রথমে ড্রয়িং অ্যান্ড পেইন্টিংয়ের শিক্ষক হিসেবে। ১৯৫৯ সালে জাপান সরকারের বৃত্তি নিয়ে জাপান যান এবং ১৯৬২ সালে দেশে ফিরে এসে ছাপচিত্র বিভাগের শিক্ষক হিসেবে ১৯৯৭ সাল পর্যন্ত কাজ করেন।