বাংলাদেশে বেকারত্বের হার মাত্র ৪ শতাংশ যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে এই হার গড়ে ৮ শতাংশ। তাহলে কি ধরে নিতে হবে বাংলাদেশের দ্বিগুণ পরিমাণ মানুষ বিশ্বের এই উন্নত দেশগুলোতে বেকার? কিংবা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এই দেশগুলোর চেয়ে ভালো? বাস্তবতা কিন্তু এসব প্রশ্নের ইতিবাচক উত্তর দেয় না। আর তাই বেকারত্বের এই পরিসংখ্যান একটা বিরাট ধাঁধার তৈরি করে।
কিন্তু অর্থনীতিবিদ রিজওয়ানুল ইসলাম সহজ ভাষায় এই ধাঁধার সমাধান তুলে ধরেছেন তাঁর উন্নয়ন ভাবনায় কর্মসংস্থান ও শ্রমবাজার নামে নতুন বইয়ে। বইতে তিনি ব্যাখ্যা করেছেন যে আন্তর্জাতিক শ্রম সংস্থার নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে শ্রমবাজারের বেকারত্ব সংজ্ঞায়িত করায় এ ধরনের বিভ্রান্তি দেখা দিয়েছে। কেননা, এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট বয়সের (সাধারণত ১৫ বছর) ঊর্ধ্বের জনসংখ্যার মধ্যে যারা একটি নির্দিষ্ট সময়ে (যেমন শ্রমশক্তি জরিপের আগের সপ্তাহে) কোনো অর্থনৈতিক পণ্য বা সেবা উৎপাদনে জড়িত, তাদের অর্থনৈতিকভাবে সক্রিয় বিবেচনা করা হয়। এখন এই সক্রিয়দের মধ্যে ‘কর্মরত বা কর্মসংস্থানে তাঁরাই যাঁরা একটি নির্দিষ্ট সময়ে—সাধারণত জরিপের আগের সপ্তাহে—অন্তত এক ঘণ্টা কোনো মজুরিভিত্তিক কাজে অথবা স্বনিয়োজিতভাবে কাজ করছেন।’ এখন অর্থনৈতিকভাবে সক্রিয়দের মধ্যে যাঁরা এই সংজ্ঞা অনুসারে কোনো কর্মসংস্থানে নিয়োজিত নন, জরিপের সময় কর্মসংস্থানের জন্য প্রস্তুত এবং সক্রিয়ভাবে কর্মসংস্থান খোঁজ করছেন, তাঁরাই বেকার বলে চিহ্নিত।
এই ব্যাখ্যা উপস্থাপনকেও লেখক বলছেন, ‘বেকারত্বের যে সংজ্ঞা দেওয়া হলো, তা থেকেই বোঝা যায় উন্নয়নশীল দেশে বেকারত্বের হার এত কম কেন। যেসব দেশের জনসংখ্যার এক বিরাট অংশ দরিদ্র, বেকারত্ব ভাতা প্রায় অনুপস্থিত এবং জীবনধারণের ন্যূনতম আয়ের লক্ষ্যে কোনো না কোনো কাজে নিয়োজিত থাকতে হয়, সেসব দেশে সপ্তাহে এক ঘণ্টাও কাজ করেননি—এ রকম ব্যক্তির সংখ্যা যে ক্ষুদ্র হবে তা নিয়ে অবাক হওয়ার কিছু নেই।’ (পৃ. ৮)। আর তাই এই অর্থনীতিবিদ বেকারত্বের প্রকৃত পরিস্থিতি অনুধাবনে প্রচ্ছন্ন বেকারত্বের ওপর জোর দিয়েছেন যদিও এটি পরিমাপ করা সহজ নয়।
এভাবেই শ্রমবাজারের জটিল বিভিন্ন তাত্ত্বিক ধারণাকে যথাসম্ভব সাবলীল ভাষায় তুলে ধরতে সচেষ্ট হয়েছেন লেখক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে বেশ কিছুকাল অধ্যাপনা করে আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) যোগ দেন তিনি। সেখানেই কাটিয়েছেন জীবনের দীর্ঘ কর্মজীবন। ফলে শ্রমবাজার ও শ্রমিকদের বিষয়গুলো তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুযোগ পেয়েছেন। এরপর নিজের কর্ম, অভিজ্ঞতা ও গবেষণাকে মাতৃভাষায় তুলে ধরতে রচনা করেন এই বই।

উন্নয়ন ভাবনায় কর্মসংস্থান ও শ্রমবাজার
রিজওয়ানুল ইসলাম
|প্রচ্ছদ: সমর মজুমদার
প্রকাশক: দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ঢাকা
প্রকাশকাল: ২০১৫
২২৪ পৃষ্ঠা
দাম: ৫০০ টাকা।
লেখক আরও দেখিয়েছেন যে বিনিয়োগ ও প্রবৃদ্ধি হলেই কর্মসংস্থান নিশ্চিত হয় না। এ জন্য তিনি পৃথিবীর বিভিন্ন দেশের উন্নয়ন অভিজ্ঞতার ওপরও আলোকপাত করেন। কর্মসংস্থানে বাংলাদেশের চ্যালেঞ্জগুলো আলোচনা সাপেক্ষে দেখছেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের অর্জন মোটামুটি সন্তোষজনক হলেও কর্মসংস্থান ও শ্রমবাজারের ব্যাপারে তা বলা যায় না। দীর্ঘ মেয়াদে—২০০০–১০ সময়কালে প্রচ্ছন্ন বেকারত্ব কমেনি। পুরুষদের ক্ষেত্রে তা বরং বেড়েছে। তবে একটি ইতিবাচক বিষয় হলো নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণের হার বৃদ্ধি ও প্রচ্ছন্ন বেকারত্ব হ্রাস।’ (পৃ. ১৯৮)।
বইটি ১১টি অধ্যায়ে বিভক্ত। এসব অধ্যায়ে কর্মসংস্থানের গুরুত্ব, দ্বৈত অর্থনীতিতে শ্রমবাজার, প্রবৃদ্ধির সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধির চ্যালেঞ্জ, অনানুষ্ঠানিক খাত, সামাজিক নিরাপত্তা, যুব কর্মসংস্থান প্রভৃতি বিষয় আলোচিত হয়েছে। আলোচনাগুলো প্রয়োজনীয় তথ্য-পরিসংখ্যান দিয়ে সমর্থন করা হয়েছে। তবে ধারণাগত জটিলতা স্পষ্ট করার ক্ষেত্রে কয়েকটি বিস্তারিত উদাহরণ দিলে ভালো হতো।
বাংলাদেশের অর্থনীতি যখন সামনে এগিয়ে যাচ্ছে, তখন শ্রমবাজার ও কর্মসংস্থানের বিষয়ে রাজনীতিক, নীতিনির্ধারক, গবেষক, পেশাজীবী, শ্রমিক অধিকার কর্মী, সাংবাদিক, শিক্ষক ও ছাত্রছাত্রীদের জানা এবং তা অনুধাবনের ক্ষেত্রে যে বিরাট ঘাটতি রয়েছে, রিজওয়ানুল ইসলামের এই বই তা পূরণে বিশেষ ভূমিকা রাখবে।