ষোলো আনাই উসুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুল ইসলাম। চিত্রসমালোচক, নগরপরিকল্পক, শিক্ষক ও পরিবেশবিদ। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।মিসরীয় সভ্যতার সুবাসআমি খুব ধীরগতির পাঠক। তবে সব সময় পড়ার মধ্যে থাকতে ভালোবাসি। এই তো কয়েক দিন আগে পড়ে শেষ করলাম ওরহান পামুকের আত্মজীবনী ইস্তাম্বুল। এ নিয়ে বইটি দ্বিতীয়বারের মতো পড়লাম। আসলে, এরই মধ্যে ইস্তাম্বুল গিয়েছিলাম। সেই সূত্রেই বইটি আবার পড়া। খুব মজা পেয়েছি; পামুক বর্ণিত ইস্তাম্বুলের সঙ্গে নিজের চোখের দেখাকে মিলিয়ে নিতে পেরেছি। দেখার পর খুব চেনা মনে হচ্ছিল বসফরাস প্রণালি কিংবা সেই সংরক্ষিত কবরস্থানগুলো। পামুক তাঁর বইয়ে যেভাবে বর্ণনা করেছেন, ওগুলো এখনো অনেকটা সেভাবেই আছে। বইটি মূলত আত্মজীবনী হলেও এতে এক ধরনের ফিকশনাল মুডও আছে। অবশ্য পামুক ফিকশন রাইটার হওয়ার ফলেই এমনটি ঘটেছে। তা ছাড়া ইস্তাম্বুল ভালো লাগার পেছনে আরেকটি কারণ হলো এর সত্যনিষ্ঠ অকপটতা। প্রথম জীবনের প্রেম সম্পর্কে লিখতে গিয়ে এখানে পামুক যে স্পষ্ট অকপট বর্ণনা দিয়েছেন, আত্মজীবনীর জন্য সেটি সত্যি জরুরি। এ ছাড়া আড়াই হাজার বছরের পুরোনো মিসরীয় সভ্যতার সুবাস পাওয়া যায় এ বইটি পড়লে।রাখালিয়া টানএখন হয় কি, বিনোদনের বেশির ভাগ সময় চলে যায় টেলিভিশনে। আগের তুলনায় গান শোনা তাই কমই হয়। রবীন্দ্রনাথের কথা ও সুরের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্ক খুঁজে পাই বলে তাঁর গান ভালো লাগে। তা ছাড়া রবীন্দ্রসংগীত কবিতার গুণে গুণান্বিত—ভালো লাগে এ জন্যও। রেজওয়ানা চৌধুরী বন্যা বা অদিতি মহসীন—দুজনই আমার প্রিয় শিল্পী। হাল আমলের জেমসের গানও আমি খুব মনোযোগ দিয়ে শুনি। তাঁর গানের টানের ভেতর একধরনের মেঠো রাখালিয়া টান আছে, প্রাণে দোলা দিয়ে যায়।চিত্ররসিক মানুষআমি চিত্ররসিক মানুষ। ছবি দেখতে ভালোবাসি। আর একান্ত সঙ্গোপনে ড্রয়িং করতে ভালো লাগে, তা অবশ্যই মনের খেয়ালে। নিরিবিলি খাতা-কলম পেলে ড্রয়িং করি। একসময় ছবি আঁকতাম। নানা রকম কাজের চাপে এখন আর সেটা হয়ে ওঠে না। তার পরও ছবির রং-রেখা দেখেই আমার শান্তি। এই তো এশীয় চিত্রকলা প্রদর্শনী ঘুরে এলাম। এবারের ছবি বাছাইয়ের ক্ষেত্রে তারা শিল্পীর উদ্ভাবনী শক্তিকে খুবই গুরুত্ব দিয়েছে।পদ্মা-মেঘনা অববাহিকার চরেনদী আমাকে টানে। পদ্মা-মেঘনা অববাহিকার চরে, বলা যায়, আমি নদীর মধ্যেই বড় হয়েছি। কাজের সূত্রে দেশ-বিদেশে যখন যেখানে যাওয়া হয়, সেখানে নদী থাকলে, নদীর দেখা পেলে তো ষোলো আনাই উসুল। তবে দুঃখ লাগে এই জন্য যে প্রতিদিনই নদীগুলো আমরা কলুষিত করছি, মেরে ফেলেছি।