ষড়বার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী কী হয় সমুদয় অঘ্রান-কার্তিক মাসে

বাদুড়ের মরামুখ ঝুলে রয় আকাশে আকাশে

চিঠি পাই? লিখিও কি? পোস্ট করাকরি-হীনভাবে

স্মৃতি তার স্তূপাকার পরিধির ভেতরে ঘুমাবে

মহাশ্মশানের থেকে গুদারাঘাটের দিকে যাব

নদীপথ বাঁক নিলে কলমির ঝোপঝাড় পাব

সেখানে আটকে পড়া বামন বিকেলবেলাগুলো

হাত তুলে ডাক দেয়, দৃষ্টি আকর্ষণে ধুলো

উড়ে যাবে পেছনের সমূহ চরাঞ্চলজুড়ে

রঙিন ট্রলার থেকে নেমে আসে এক শ সাপুড়ে

বিরাজিত হয় সারা নিকটবর্তী তীরে তীরে

আমি আর তুমি তবু তোমার দু-পায়ে ধীরে ধীরে

উপায়শূন্য ঘোলা গোধূলির ঝিঁঝি ধরে যায়

তুমি সে পায়ের আর পায়ের প্যাটেন্টসহ লক

হয়ে থাকো, নৌকার, পাটাতনে উড়ে আসা বক

জরুরি অবতরণ শেষ করে উড়ে যায় ফের

তোমার হাড়ের হতে বের করে ঝিঁঝি পোকাদের

গিলে নেয়, পড়ে থাকে গুটিকয় সফেদ ঠোকর