সং অব সামার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেবি, আরও কাছে বেবি, এই যে আঙার
অল্পে ভারী ইয়ে হয়, কভু তো ডাঙার
শেয়ালপণ্ডিত না আমি, চাইছি সহজে
বেবি, বেবি, তুষারের নিচে লুকিয়ে রহ যে!
এটা তো বাইসনের হাড়, হরিণের হিয়া,
আর এটা সপ্তমে থুবড়ে পড়া ক্লান্ত পাপিয়া
গাইতে বললেও আর কুলাবে না গলা
বেবি, বেবি, তুমি জানো চৌষট্টি কলা
তুমি জানো অনামিকা নামের বিশেষে
একই ফুল ঘ্রাণবতী, একই ফুল দ্বেষে
তুলে নেয় দুই হাতে ছুরিকার ধার
বেবি, বেবি, অন্যথা তুমি নও তার
সমগ্রের অগ্র সুচে বিঁধে আছে দুনিয়াজাহান
পিথাগোরাসের মধুপায়ী গান
বেবি, বেবি, সর পড়ছে চৈত্র-আকাশে
বেবি, বেবি, শস্ত্রবিৎ, ধরিত্রী বিকাশে’
আত্মক্ষয়ী গায়েবি লড়াইয়ে
অনন্ত আননজুড়ে কে দিল মাখিয়ে
ব্রণ-কষ, ধৈর্য ছিঁড়ে ধনুকের ছিলা
ঐ ছুটে যায়—ঐ তো গরিলা
ঈশ্বর সমান বয়সী, যত রোমরাজি
প্রতিটির ডগায় বিরাজি’
মহা-মৃত্যু, মহা বাসরের—মহা-বলাৎকার
বেবি, বেবি, তুমি শুনছ না,
ফিরে আসছে ব্যথিত সামার...