সংকটে চাঁদমামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

খুব গরম তো, চাঁদমামার পিঠে ঘামাচি হয়ে খুব চুলকানি শুরু হলো। চাঁদমামা পড়ে গেল ভীষণ বিপদে। কীভাবে পিঠ চুলকাবে বেচারা? আমাদের না হয় দিব্যি দুটো হাত আছে। চুলকানি শুরু হলে হাত ঘুরিয়ে পিঠ বেঁকিয়ে হাঁচড়ে-পাঁচড়ে পিঠটা চুলকে নিই আরামে। চাঁদমামার তো আর সে উপায় নেই।
চাঁদমামা গেল শ্রেয়ার কাছে। ক্লাস থ্রিতে পড়লেও ওর মাথায় দারুণ বুদ্ধি। শ্রেয়ার ওপরে তাই অগাধ ভরসা চাঁদমামার।
চাঁদমামার কথা শুনেই এক দৌড়ে শ্রেয়া ছুটে গেল মা-বাবার ঘরে। নিয়ে এল পিঠ চুলকানোর লোহার হাতাটা। বিদেশ থেকে শ্রেয়ার খালা সেটা উপহার দিয়েছিল বাবাকে। হাতাটা ভারি মজার। সামনের দিক ধরে টান দিলে ছোট্ট হাতাটা ইয়া লম্বা হয়ে যায়। সেই হাতাটা লম্বা করে জানালার ফাঁক দিয়ে শ্রেয়া এগিয়ে দিল চাঁদমামার দিকে। কিন্তু কী মুশকিল! অতটা লম্বা করার পরও সেটা চাঁদমামার ধারেকাছেও পৌঁছাল না। বেজায় দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল সে। এখন তবে কী করা!
ভেবে যখন কোনো কূলকিনারা পাওয়া যাচ্ছে না, তখনই কানে এল টিভির পাউডারের বিজ্ঞাপনটা, ‘ঠান্ডা ঠান্ডা, কুল কুল’। আরে, এই তো সমাধান! চাঁদমামার পিঠে ঠান্ডা পাউডার জাতীয় কিছু মেখে দিতে পারলেই তো চুলকানি শেষ। কিন্তু চাঁদমামার অত বড়সড় পিঠে দেওয়ার মতো অত্ত পাউডার কোথায় পাওয়া যাবে? এর সমাধানও শ্রেয়া বের করে ফেলল। বিজ্ঞাপনটি বলছে, পাউডারটা বরফের মতো ঠান্ডা বলেই ওটা মাখলে চুলকানি কমে যায়। চাঁদমামাকে তাহলে সাইবেরিয়াতে পাঠিয়ে দিলেই তো হয়। ওখানে গিয়ে পিঠে ভালোমতো বরফ ঘষে এলেই চুলকানি শেষ। এবার জানালার সামনে গিয়ে ডাক দিল শ্রেয়া, ‘ও চাঁদমামা, তুমি শিগগিরই সাইবেরিয়া রওনা হয়ে যাও।’
‘সে কী! আমি পিঠের চুলকানিতে অস্থির। আর তুমি কিনা আমাকে যেতে বলছ সাইবেরিয়া?’ ভারি অভিমান নিয়ে বলল চাঁদমামা।
‘আহ্হা! চুলকানি সারাতেই তো তোমাকে পাঠাতে চাচ্ছি ওখানে। ওখানে গিয়ে খুব করে গায়ে বরফ মেখে এসো। দেখবে, ঠিক সেরে গেছে চুলকানি।’
‘তুমি ঠিক জানো তো?’ প্রশ্ন করল চাঁদমামা।
‘হ্যাঁ, টেলিভিশনে আমি নিজে দেখেছি।’
শুনে চাঁদমামার সে কী আনন্দ! সঙ্গে সঙ্গেই রওনা দিল সাইবেরিয়ার পথে।
সেখানে পৌঁছে চাঁদমামা হতবাক। আকাশ থেকে পাউডারের মতো বরফ পড়ে পড়ে চারপাশ কেমন ধবধবে সাদা হয়ে আছে। চাঁদমামা গায়ে বরফ মাখল মনের সুখে। সত্যিই তো চুলকানিটা কমে আসছে। খুশিতে লাফাতে লাফাতে চাঁদমামা চলে এল শ্রেয়ার কাছে, ‘শ্রেয়া, শ্রেয়া, আমার চুলকানি তো সেরে গেছে।’
শুনে শ্রেয়ারও বড় আনন্দ হলো।
পরদিন সন্ধ্যাবেলায় শ্রেয়া পড়তে বসেছে। শুনতে পেল, জানালার ওপাশে কে যেন কাঁদছে। পরদা টানতেই চাঁদমামার মুখ। ‘আবার কী হলো তোমার?’ জিজ্ঞেস করল সে।
‘চুলকানিটা আবারও ফেরত এসেছে রে। বরফের ঠান্ডা যেই কমে গেল, অমনি আবার শুরু হলো ভীষণ চুলকানি।’ কাঁদো কাঁদো গলায় বলল চাঁদমামা। শ্রেয়া বুঝতে পারল, বিজ্ঞাপনের কথা সব সময় সত্য নয়।
কিন্তু এখন কী করা?
শ্রেয়ার মনে পড়ল ওর বন্ধুর বিড়ালটার কথা। পিঠ চুলকাতে হলে বিড়ালটা উল্টে গিয়ে খসখসে পাপোশে পিঠটা ঘষে নেয় বেশ করে। চাঁদমামাকে শ্রেয়া এবার পাঠিয়ে দিল নেপালে। হিমালয় পর্বতের এবড়ো-থেবড়ো গায়ে পিঠটা ঘষে এলেই চুলকানি সেরে যাবে। কিন্তু এবারও বিধি বাম। চুলকানি তো কমলই না, উল্টো পর্বতের ঘষায় চাঁদমামার পিঠের চামড়া উঠে একেবারে যাচ্ছেতাই দশা। এমনকি ঘষাঘষিতে তাঁর গোল শরীরের ওপরের দিকটাও কেমন ক্ষয়ে ক্ষয়ে গেছে।
শ্রেয়ার চোখে বান ডেকে পানি এল। ইশ্, ওর ভুলের জন্যই কিনা এতটা কষ্ট পেতে হচ্ছে চাঁদমামাকে।
পড়ালেখা শেষ করে রাতের বেলা শ্রেয়া বসেছে পত্রিকা নিয়ে। প্রতি রাতে পত্রিকা পড়া শ্রেয়ার অভ্যাস। আজ তাতে একটি খবর বেরিয়েছে, ‘ঘামাচি সারায় বৃষ্টির পানি’। খুব মন দিয়ে লেখাটা শেষ করেই দৌড়ে গিয়ে চিৎকার করে সে ডাকতে লাগল চাঁদমামাকে।
‘চাঁদমামা, শিগগিরই তুমি চেরাপুঞ্জি যাও। সেখানে সারা বছর বৃষ্টি হয়। আর বৃষ্টির পানি ঘামাচি সারাতে দারুণ কার্যকর।’
এবার চাঁদমামা বড়ই সন্দিহান। ‘তুমি ঠিক জানো তো, বৃষ্টির পানি ঘামাচি সারায়?’ চাঁদমামা প্রশ্ন করে। শ্রেয়া তক্ষুনি চাঁদমামার সামনে পত্রিকার লেখাটা মেলে ধরে। চাঁদমামা ঝাঁপিয়ে রওনা হয় চেরাপুঞ্জির পথে।
কিছুদিন পর। এত দিনে চাঁদমামার চুলকানি আর ঘামাচি ধুয়েমুছে সাফ। গোলগাল হয়ে সে আকাশে ভাসছে। শ্রেয়া চোখ তুলে তাকাতেই চাঁদমামা ফিক করে হেসে দিল। আর চারপাশটা ভরে গেল অপূর্ব রুপালি আলোয়।