সংক্রমিত
>করোনার উপসর্গ নিয়ে গত মার্চের মধ্যভাগ থেকে এপ্রিলের শুরু অবধি আইসোলেশনে ছিলেন কথাসাহিত্যিক মঞ্জু সরকার। সুস্থ হওয়ার পর তিনি লিখেছেন নিজের করোনাযুদ্ধের বৃত্তান্ত

বছরের এই সময় কাটাই গ্রামে। পুকুরে মাছ চাষ ও বাগানে আম-লিচুর ফলন দেখে আনন্দ পাই, নিভৃত পরিবেশে উপন্যাস লেখার কাজটিও এগোয়। কিন্তু এবারে বাদ সেধেছে করোনাভাইরাস। করোনার আতঙ্কে ঢাকায় প্রায় দুই মাস ধরে গৃহবন্দী। ফেব্রুয়ারির বইমেলা শেষে মার্চের মাঝামাঝিতে গ্রামে ফেরার জন্য তৈরি ছিলাম। হঠাৎ খুকখুক কাশি। গাটাও গরম। যেহেতু এসব করোনার উপসর্গ, যাত্রাসঙ্গী স্ত্রী প্রথম ভয় পান। তেমন কিছু হলে গ্রামে কোথায় পাব ডাক্তার-হাসপাতাল।
তত দিনে করোনাভাইরাসের বিশ্বায়ন বহু দেশে মহামারির রূপ নিয়েছে। বাংলাদেশেও ৮ মার্চ শনাক্ত হয়েছে কোভিড-১৯ রোগী। বাতিল হয়েছে বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের জনসমাবেশ। এ সময়ই টের পাই, জ্বর-কাশি ছাড়াও আমার ডান চোখটা লাল হয়েছে, খচখচ করছে। সর্দি–কাশি এমনিতেই ভালো হবে হয়তো, কিন্তু চোখটা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানো দরকার। চশমার পাওয়ারটাও বাড়াতে হবে। করোনার আতঙ্কে তখনো সব ডাক্তার-হাসপাতাল রোগী দেখা বন্ধ করেনি। ১৮ মার্চ খুঁজেপেতে অল্পবয়সী এক নারী চক্ষু বিশেষজ্ঞের চেম্বারে গেলাম। মুখে সার্জিক্যাল মাস্ক ও হাতে দস্তানা পরে রোগী দেখছেন। মেশিনে আমার চোখ দেখেই জ্বর, কাশি ও গলাব্যথা আছে কি না জানতে চান। সত্যি জবাব দিই। সম্প্রতি প্রবাসী কারও টাচে এসেছি কি না? সঠিক জবাব দিতে দেরি করায় ডাক্তার চটপট দুটি আইড্রপের নাম লিখে দিয়েই দরজা দেখিয়ে দেন। সহকারীকে জীবাণুনাশক দিয়ে মেশিনটি পরিষ্কার করার নির্দেশ দেন। ওই মেশিনে থুতনি রেখে আমি যখন চোখ মেলে দিয়েছিলাম, এক পলকের জন্য নিভৃত চোখাচোখিতে ভালো মনে হয়েছিল মেয়েটাকে। কিন্তু এখন তাঁর আচরণ এমন, আমি করোনায় আক্রান্ত তো বটেই, তাঁকেও সংক্রমিত করে ফেলেছি।
ডাক্তারের সন্দেহকে সত্যি ভেবে প্রথমে বেশ ভয় পেলাম। এমনিতে সত্তরঘেঁষা বয়সে শরীরে নানা রোগব্যাধি বাসা বাঁধে। তার ওপর করোনা শ্বাসতন্ত্রে অ্যাটাক করলে বাঁচব? স্বজনদের শোক মাপার আগে নিজের কষ্টটা প্রথম মনে এল। পরিকল্পিত বড় উপন্যাসটা আর শেষ হবে না! বাসায় আমরা দুটি মাত্র মানুষ। আমার করোনা সংক্রমণ সত্য হলে স্ত্রীও সংক্রমিত হবেন কিংবা অলরেডি হয়ে গেছেন। ছেলে সপরিবার আলাদা বাসায় থাকে বলে রক্ষা। মেয়ে পরিবারসমেত বিদেশে কোয়ারেন্টিনে। কিন্তু প্রাণঘাতী শয়তানটা আমার শরীরে এল কোত্থেকে? প্রবাসী মেয়েজামাই ছাড়াও ইউরোপ-আমেরিকায় কিছু স্বজন-বন্ধু আছে, ইন্টারনেটে প্রায়ই তাদের টাচে থাকি। ইন্টারনেটে ই-ভাইরাস ছড়ালেও করোনা ছড়ায়? আমি ভিড়ের বাসে চেপে যাতায়াত করি। মিরপুর বাজারে ও ফুটপাতে ভিড় কেটেই হাঁটাহাঁটি করি নিয়মিত। কোথাও ভিড় দেখলে কৌতূহলী গলা বাড়ানো স্বভাব। কাজেই বিদেশফেরত কারও সংস্পর্শে এসে সত্যিই সংক্রমিত হয়েছি কি না, কী করে বুঝব?

সিদ্ধান্ত নিই, ডাক্তারের সন্দেহের কথা বলে ছেলেমেয়েদের উদ্বেগ বাড়াব না। করোনা টেস্টের জন্যও ব্যাকুল হব না আপাতত। কারণ, তখন পর্যন্ত সরকারিভাবে একটি ল্যাবরেটরি, টেস্ট সক্ষমতা অতি সীমিত। দেশে করোনা টেস্ট ও চিকিৎসার দৈন্য ও দুরবস্থা নিয়ে সংবাদপত্রে আর ফেসবুকে লেখা হচ্ছে রোজ। এমনিতে সরকারি সুযোগ-সুবিধা নেওয়ার প্রতিদ্বন্দ্বিতা এড়িয়ে চলা স্বভাব। সংকটকালে কোয়ারেন্টিনে থেকে নিজেই সুস্থ হওয়ার চেষ্টা করে দেখা যাক। ফ্ল্যাটে যেহেতু আমরা দুজন মানুষ, সেলফ কোয়ারেন্টিনে থাকায় সমস্যা নেই। করোনার চূড়ান্ত উপসর্গ শ্বাসকষ্ট। সেটি কত দূরে বোঝার জন্য মনোযোগ দিয়ে শ্বাসপ্রশ্বাস নিই। সিগারেট ছেড়ে দিয়েছি বছরখানেক। মেডিটেশন ও শ্বাসপ্রশ্বাসের ব্যায়ামও করি নিয়মিত। এসবের উপকারিতায় কি অন্তত শ্বাসকষ্টটা ঠেকিয়ে রাখতে পারব না?
চক্ষু বিশেষজ্ঞটির তুলনায় আমার স্বজনদেরও করোনাভীতি কম নয়। স্ত্রী ফোনে ছেলেমেয়েকে জানিয়েছেন। ছেলে তার ডাক্তারবন্ধুর পরামর্শ ও ওষুধপথ্য নিয়ে বাসায় ছুটে আসে। মাসের বাজার করে ফ্রিজ ভরিয়ে দিয়ে যায়, যাতে আমাকে ঘরের বাইরে বেরোতে না হয়। জ্বর বাড়লে কিংবা শ্বাসকষ্ট হলে অ্যাম্বুলেন্স নিয়ে সে ছুটে আসবে। মেয়ে ফোন করে নিজের ভয় পাওয়া আড়াল করতে উপদেশ দেয়, ‘একদম ভয় পাবে না আব্বু, ভয় পেলেই তোমার ইমিউন সিস্টেম দুর্বল হবে।’ আমি উল্টো সাহস দিই, ‘সর্দি–জ্বর কি জীবনে প্রথম হলো? আর এ রকম কাশি জীবনে অসংখ্যবার কেশেছি। চোখে চক্ষু বিশেষজ্ঞের দেওয়া আইড্রপ তো নিচ্ছি রোজ।’ স্ত্রী আগের চেয়েও অধিক যত্নে পুষ্টিকর খাদ্য-পানীয় সরবরাহ করেন। তাঁর হোমিওপ্যাথ ও আদা–রসুনের মতো টোটকাও বাদ যায় না। ক্লাস টুতে পড়া বড় নাতি ইমোতে ভিডিও কল দিয়ে ছড়া শোনায়, ‘ও ভাইরাস করোনা, আমার দাদুকে ধরো না।’ সুপারম্যানে সেজে তার ভাইরাস মারার ভঙ্গি দেখে হাসি।
দিন কয়েকের মধ্যে সব উপসর্গ লাঘব হওয়ায় আত্মবিশ্বাস যখন বাড়ছে, মধ্যরাতে ফোনে দুঃসবাদ এল। আমার ভাইঝির দুই বছরের বাচ্চাটির করোনা পজিটিভ। কয়েক দিন ধরে জ্বর-কাশিতে ভুগছিল সে। ভালো হচ্ছিল না বলে ওর বাবা আইইডিসিআরে ধরনা দিয়ে করোনা টেস্ট করিয়েছে। বাচ্চার পজিটিভ বলে তার সংস্পর্শে আসা মা-বাবা, নানি-দাদি ও অন্য স্বজনদেরও সরকারি লোক পরীক্ষা করবে এবং বাড়িটিকে লকডাউন ঘোষণা করবে। কিন্তু তার আগেই কান্নার রোল উঠেছে। এ সময় ফোনে জোর গলায় সান্ত্বনা দেওয়া ছাড়া আর কী করতে পারি? এর মধ্যে আবার জানতে পাই, আমার ছেলেরও হঠাৎ গলাব্যথা হচ্ছে। টনসিলের ব্যথা সন্দেহে ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক খাচ্ছে সে। ছেলে আমাকে দেখতে এসে সংক্রমিত হয়নি তো? দীর্ঘ মেডিটেশনে বসেও টেনশন-ভয় কমাতে পারি না।
সৌভাগ্য আমার, দুদিনেই ছেলের গলাব্যথা কমেছে। অন্যদিকে আশ্চর্যের বিষয়, আমার ভাইঝি ও তার পরিবারের সবারই করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। আর করোনা পজিটিভ হয়েও বাড়ির চিকিৎসায় হালকা জ্বর নিয়েই নাতিটি ছোটাছুটি করে করোনাকে বলের মতো লাথি মারছে। এই ভিডিও দেখেও মজা পাই।
এপ্রিলের শুরুতে আমি পুেরাপুরি সুস্থ হয়েছি। এই সূত্রে করোনার উপসর্গ থেকে আপাতত মুক্তি পেয়েছি ঠিকই, কিন্তু দেশ-জাতি ও বিশ্ব এই মহামারির কবল থেকে কবে ও কীভাবে মুক্ত হবে? টিভি ও ফেসবুকে প্রতিদিন করোনা আপডেট দেখি। আক্রান্ত ও মৃতের প্রবৃদ্ধি বেড়েই চলেছে। দেশে করোনা উপসর্গ নিয়ে অবহেলায়, বিনা চিকিৎসায় মরছে মানুষ। বহু হাসপাতালে ধরনা দিয়ে গুরুতর রোগেও মানুষ সুচিকিৎসা পায় না। করোনায় আক্রান্ত মাকে বনে রেখে আসে সন্তানেরা। অবিশ্বাস্য ট্র্যাজিক সব ঘটনা ঘটছে দেশে, যা ফিকশনকেও হার মানায়। লকডাউন, সামাজিক দূরত্ব ও আইসোলেশন ভিড়বহুল এখানকার সংস্কৃতিতে যে খাপ খায় না, তা দেশের খেটে খাওয়া মানুষ প্রমাণ করেছে। লকডাউন তোলা হচ্ছে, কিন্তু করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যে দেশে হু হু করে বাড়বে না, তার গ্যারান্টি কে দেবে? দিন–রাত এসব ভাবনা ও করোনার খবর দেখে তেতো-বিরক্ত স্ত্রী উপদেশ দেন, ‘যে কয় দিন বাঁচো, করোনা নিয়েই লেখো শুধু। কারণ, এবার করোনা ধরলে দুজনই মরব। মরণকালে সন্তান ও প্রিয় নাতিদের মুখ দেখা হবে না আর।’
করোনা পরিস্থিতি এবং পোশাককর্মীদের দলে দলে ঢাকা ছেড়ে পালানো ও করোনাঝুঁকি তুচ্ছ করে ঢাকায় ফেরা দেখে আমার একাত্তরের মুক্তিযুদ্ধের সময়কে মনে পড়েছে। যুদ্ধে যোগ দেওয়ার জন্য পালিয়ে ভারতে গিয়েছিলাম। সেখানে যুদ্ধশিবিরের গাদাগাদি ভিড়ে একাত্ম থেকে চোখ ওঠা ও রক্ত আমাশয় রোগে ভুগেছি। শরণার্থীশিবিরের অগণিত মানুষ এই ভাইরাসে ভুগত বলে একে জয় বাংলা ভাইরাস বলত অনেকে। চিকিৎসা ছাড়াই, শরীরের নিজস্ব প্রতিরোধক্ষমতায় এসব রোগজীবাণুর আক্রমণ প্রতিহত করে সুস্থ হয়েছে মানুষ। সেই সময়ে ঐক্যবদ্ধ বাঙালি জাতির মুক্তির আকাঙ্ক্ষা দেহ–মনের প্রতিরোধক্ষমতা ও লড়াকু সাহস বাড়িয়েছিল। কিন্তু একুশ শতকের এই করোনাযুদ্ধে তো শত্রুপক্ষ পাকিস্তানি বাহিনীর মতো দৃশ্যমান নয়, বিশেষ দেশেও সীমিত নয়। বোমা বিস্ফোরণ ছাড়াই নিঃশব্দে মরছে লাখ লাখ মানুষ; অচল, স্তব্ধ হয়ে পড়েছে গোটা জগৎ।
করোনাভীতি বিশ্ব মানবতাবোধকেও জাগ্রত ও সংহত করেছে। অস্বাভাবিক আতঙ্ক ও সামাজিক অচলাবস্থা সুস্থ জীবনের অনুষঙ্গ হতে পারে না কখনো। করোনায় আক্রান্ত এবং আতঙ্কিত কোটি কোটি মানুষের স্বাভাবিক জীবনে ফেরার আকাঙ্ক্ষার ঐক্যই হবে এ সময়ের বড় মানবিক শক্তি। এই শক্তির কাছে অবশ্যই পরাস্ত হবে করোনাভাইরাস। আতঙ্কমুক্ত সুন্দর পৃথিবীতে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্বাভাবিক ও নিরাপদ জীবনযাত্রা ফিরে পাবে মানুষ। করোনা সংক্রমণে বা অন্য কারণে শ্বাসকষ্ট ওঠে যদি, এই আশা ও বিশ্বাস নিয়েই যেন মরণ হয় আমার।