
প্রসূতি ও প্রসব
অধ্যাপক ডা. সাহানারা চৌধুরী ও ডা. জাহিদ মনজুর
প্রচ্ছদ ও অলংকরণ: কাইয়ুম চৌধুরী
প্রকাশক: প্রথমা প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা: ২৪৮
মূল্য: ৩৮০ টাকা
বাংলাদেশের মতো দেশে বিবাহিত নারীর গর্ভধারণ করা যত সহজ, ততই জটিল তাঁর গর্ভধারণাবস্থায় প্রকৃত সেবা-যত্ন পাওয়া এবং প্রসূতির নিরাপদ, ঝুঁকিশূন্য সন্তান প্রসবের বিষয়টি। প্রসূতি ও প্রসব শিরোনামে আলোচ্য বইটি পড়তে বসেছিলাম কৌতূহলবশতই। প্রথম অধ্যায়: ‘অন্তহীন ব্যথার গল্প’ শিরোনামের পরিচ্ছেদটি পড়তে গিয়ে রীতিমতো শিউরে উঠতে হলো। ‘সুলতানার স্বপ্নভঙ্গ’, ‘সিম্মির আত্মকথা’, ‘দৈত্যমুক্তি’, ‘১৮ বছরের ব্যর্থতা’, ‘উর্বরতার বিনিময়ে’, ‘এক মৃতবৎসা মায়ের গল্প’, ‘বালিকা-মাতা মালেকা’ এবং ‘অনিষ্ক্রান্ত গর্ভফুল ও স্বর্গীয় পুষ্পবৃষ্টি’-এর মতো শিরোনামের উপ-অধ্যায়গুলো পাঠ করার পর বোঝা গেল, নারী হয়ে জন্মানো এবং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার বিষয়টি একজন নারীর জন্য কতটা কঠিন। মোট আঠারো অধ্যায়ে বিভক্ত এ বইয়ের প্রথম অধ্যায়টি বিষয়ের গভীরে প্রবেশের ভণিতাস্বরূপ।
প্রসূতি ও প্রসব বিষয়ে আমাদের দেশে যেখানে অজ্ঞতা, কুসংস্কার, সামাজিক ও পারিবারিক নানা বিধিনিষেধ প্রবল, শিকড়প্রোথিত গভীর সমস্যা, সেই প্রেক্ষাপটে এ বইয়ের প্রকাশনা অবশ্যই তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। এ বইয়ের লেখকদ্বয় যখন বলেন, ‘আমরা চেয়েছি, সাধারণ মানুষ যাতে এ বই পড়ে বিষয়ের গভীরে যেতে পারে। দেশের প্রত্যন্ত অঞ্চলে যে সুবিধাবঞ্চিত বধূটি থাকেন, যাঁর হাতের কাছে অন্য কোনো অবলম্বন নেই, এ বই যদি তাঁর কোনো কাজে আসে, তবেই আমরা ধন্য মনে করব। তখন তাঁদের এই উচ্চারণ অনুষঙ্গে বলতে হয়, শুধু সুবিধাবঞ্চিত কোনো বধূ নয়, দেশের প্রতিটি সন্তানকামী দম্পতির নাগালে এ বই পৌঁছে দেওয়া হোক। কেননা, প্রসব ও প্রসূতি বিষয়ে এটি একটি পূর্ণাঙ্গ বই। সংশ্লিষ্ট বিষয়ে হেন তথ্য নেই, এ বইয়ে যা অনুপস্থিত। এমনকি সংশ্লিষ্ট বিষয়ে সর্বশেষ গবেষণাগত ফলাফলের দৃষ্টান্তও তুলে ধরা হয়েছে বইটিতে। এককথায় এ বইয়ে গর্ভধারণাবস্থা থেকে শুরু করে প্রসূতির প্রসবপূর্ব, প্রসব ও প্রসবোত্তর পরিচর্যা ও চিকিৎসা, সেই সঙ্গে সেদ্যাজাত শিশুর লালনপালন ও করণীয় সম্পর্কে দুই চিকিৎসক তাঁদের চিকিৎসাগত অভিজ্ঞতা থেকে যা কিছু লিখেছেন, তা শুধু অবশ্য পাঠযোগ্যই নয়, অবশ্যপালনীয়ও বটে।’
এ রকম একটি প্রয়োজনীয় বই লেখার জন্য ডা. সাহানারা চৌধুরী ও ডা. জাহিদ মনজুরকে অভিনন্দন। তাঁরা উভয়ে যে প্রভূত পরিশ্রম করে এবং দায়িত্ব নিয়ে এ বই রচনা করেছেন, তার দৃষ্টান্ত ছড়িয়ে আছে প্রসূতি ও প্রসব-এর প্রতিটি অধ্যায় ও উপ-অধ্যায়ের পাতায় পাতায়। এটি বাংলাদেশের প্রতিটি পরিবারের সংগ্রহে রাখার মতো আবশ্যিক একটি বই।