সংগ্রাম, সুখ-দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী হাশেম খানের পাঠশালা হলো প্রকৃতি। তাঁর ক্যানভাসে উঠে এসেছে নিসর্গ, পাখপাখালি, জীবজন্তু, রক্তস্নাত মুক্তিযুদ্ধের বেদনার্ত সময় কিংবা উত্তাল জনসমুদ্রে উচ্চারিত সেই পঙিক্তমালা: এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, দৈনন্দিন জীবনাচরণের দৃশ্যকল্প তাঁর চিত্রে। তিনি প্রকৃতিকে পাঠ করেন নিবিড়ভাবে কিন্তু উপস্থাপন করেন সহজ-সরলভাবে। সরল উপস্থাপনা, উজ্জ্বল রঙের চড়া ব্রাশে লেপন ও সেই চ্যাপ্টা ব্রাশের গতিময়তাকে ভেঙে দেন সূক্ষ্ম রেখার ছন্দময়তার মাধ্যমে। রঙের আস্তরণ ক্যানভাসকে কিছুটা বিভক্ত করে আবার ঐক্য তৈরি করে। ছবিতে প্রতীক আসে সরলভাবে। ৫ জানুয়ারি শেষ হওয়া এ প্রদর্শনীর বড়মাপের ছবি ‘জয় বাংলা’। ৭ মার্চ ১৯৭১-এ বঙ্গবন্ধুর ভাষণের প্রথম নয়টি লাইনের বলিষ্ঠতা পুরো ছবির জমিনের লাল রং স্পষ্ট করে দেয় ’৭১-এর মুক্তির সংগ্রামের সেই রক্ত টগবগ করা উদাত্ত আহ্বানের গতিময়তাকে। মুক্তিযুদ্ধে আমাদের নদীগুলো কেমন বেদনার্ত হয়ে উঠেছিল সেটি পাওয়া যায় ‘নয় মাসে নয়টি নদী’ শিরোনামের ছবিতে। প্রবহমাণ নীল জলরাশি রক্তাক্ত হয়েছে লালের চড়া ব্রাশের দ্রুততায়, যা একসঙ্গে নদীর উদ্বেলতা ও আহতাবস্থাকে প্রকাশ করেছে। উদাস দৃষ্টিতে নারীর বহির্মুখী চাহনি, ক্যানভাসে উজ্জ্বল বর্ণ প্রয়োগ মূর্ত হয়েছে “মুখ-’৭১” সিরিজে।সবুজের সঙ্গে উজ্জ্বল হলুদের সখ্যে প্রকৃতির ছন্দের সঙ্গে উজ্জ্বল আলোর বন্ধুতা স্পষ্ট হয়ে উঠেছে ‘সবুজের ছন্দে’ সিরিজে। ‘আলোর অন্বেষা’ সিরিজে নারীমুখের উদাস দৃষ্টি, ‘বাউল’ সিরিজে নৃত্যরত বাউলের ছন্দোময় উপস্থাপনা, ‘বকনীল, বক কালো’ অথবা শুধু ‘বক’ ছবির সঙ্গে দর্শকের নিবিড় যোগাযোগ তৈরি করে দেয় রঙের দ্যুতি আর বিষয়বৈচিত্র্য।জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে আয়োজিত এবারের প্রদর্শনীতে শিল্পীর ৮৩টি কাজ প্রদর্শিত হয়েছে। বাস্তবমুখী থেকে বিশুদ্ধ বিমূর্ততা নিয়ে হাশেম খানের সৃষ্টি। তিনটি স্তরে হাশেম খান এখানে হাজির হয়েছেন—বাস্তবতা, আধাবিমূর্ততা আবার বিশুদ্ধ বিমূর্ততা। বিষয়ের ভিন্নতায় থেকেও স্বদেশপ্রেম, মুক্তিযুদ্ধ, প্রকৃতি, উত্তাল যুদ্ধদিনের দগদগে লাল শিল্পীর বুকে জমে আছে উজ্জ্বল আলো হয়ে।