
গোড়াতেই স্বীকার করে নেওয়া ভালো, মাত্র সাতটি অধ্যায়ে বিভক্ত সংঘাতময় বাংলাদেশ: অতীত থেকে বর্তমান বইয়ের লেখক বদরুল আলম খান তাঁর আলোচ্য বিষয়ে সহজ-সরল বিচার-বিশ্লেষণের পথে অগ্রসর হননি। রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অস্তিত্বমান হওয়ার পর থেকে যে দ্বন্দ্ব-সংঘাতময় পরিস্থিতির—ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক কি রাজনৈতিক—মুখোমুখি আমরা, তার আদ্যন্ত আলোচনা ও সেসবের উৎসের সন্ধানে ব্রতী হয়েছেন তিনি। ‘ভূমিকা’ মারফত লেখক আমাদের প্রথমেই জানাচ্ছেন, ‘দুটি প্রধান উদ্দেশ্য নিয়ে এই বইটি রচিত হলো। প্রথম উদ্দেশ্য, বিদ্যমান সংঘাতের কারণ অনুসন্ধান। সংঘাত সৃষ্টিতে ঐতিহাসিক প্রেক্ষাপট বা অতীতের ভূমিকা কতটুকু, আর কতটুকুই বা সমসাময়িক জীবন ভূমিকা রেখেছে, তা যাচাই করে দেখা। সেই সঙ্গে আরও দেখতে চাই, সংঘাতের এই আবর্ত থেকে বেরিয়ে আসার কোনো পথ আছে কি না।’
প্রথম অধ্যায়ের শিরোনাম ‘সংঘাত-মানসিকতার ঐতিহাসিক পটভূমি’। লেখক এখানে সবিস্তারে অতীত, বর্তমান এবং সমকালীন ঐতিহাসিক ও সমাজতত্ত্বের আশ্রয়ে অধ্যায়টি রচনা করতে গিয়ে বলেছেন, ‘কোনো সামাজিক বা রাজনৈতিক প্রক্রিয়াকে কেবল তার সাম্প্রতিক চেহারা দেখে যাচাই করা যায় না। তার শিকড় প্রোথিত থাকে দূর অতীতে।’ ফলে লেখক আলোচ্য বিষয়ের প্রতিপাদনে বা প্রমাণে আশ্রয় নিচ্ছেন এমন সব ঐতিহাসিক বা সামাজিক কারণগত দৃষ্টান্তের, অতীত ও বর্তমান থেকেও, যার দৌলতে তাঁর আলোচনা জারিত হয় অকাট্য যুক্তির আলোয়—তা খণ্ডানো সত্যিই দুরূহ ব্যাপার। সত্যি বলতে কি, তাঁর উপস্থাপিত যৌক্তিক বিচার-বিশ্লেষণ এককৌণিক নয়। যেমন তিনি যখন মোগল ও ইংরেজ তাত্ত্বিকদের সুরে কিংবা কোনো ইংরেজ শাসকের দৃষ্টিতে এই ভূখণ্ডের বাঙালির মুসলমান ধর্মে দীক্ষিত হওয়ার কারণ বা পটভূমি আলোচনা করে দেখান, তখন তা আমাদের গভীর ভাবনার সঙ্গী করে।
‘বাঙালি ইসলাম বনাম মৌলবাদী ইসলাম’ উপ-অধ্যায়ে লেখক যখন বলেন, ‘জঙ্গি ইসলামি আন্দোলন ধর্মের সহিষ্ণুতার ক্ষেত্রে যে ক্ষত সৃষ্টি করেছে, সেই ক্ষত পূরণে সুফিবাদী মিশ্র ইসলামের ভূমিকা কী হবে, তারা মৌলবাদের বিরুদ্ধে কতটুকু প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে, তার ওপর নির্ভর করছে এ অঞ্চলের ভবিষ্যৎ ধর্মীয় সংঘাতের চেহারা।’, তখন ভাবনার পাশাপাশি শঙ্কিত না হয়েও পারা যায় না। সমস্যার সমাধান খোঁজার জন্য প্রাণিত হতেও আমাদের উদ্বুদ্ধ করেন বদরুল আলম খান।
দ্বিতীয় অধ্যায় ‘আত্মপরিচয়ের দ্বন্দ্ব: জাতি বনাম ধর্ম’ বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচ্ছেদ। যে জাতীয়তাবাদী চেতনার ওপর ভর করে বাংলাদেশের উত্থান বা অভ্যুদয়, কী করে তা জটিলতার আবর্তে নিক্ষিপ্ত হলো, এ অধ্যায়ে সেটি বিশ্লেষণ করা হয়েছে। এখানে অনেক বাস্তব ঘটনা উল্লেখ করে পরিশেষে লেখক মন্তব্য করেন, ‘একটি অসাম্প্রদায়িক ও আধুনিক সমাজ গড়ে তোলা যদি বাংলাদেশের লক্ষ্য হয়, তবে তা উগ্র জাতীয়তাবাদী বা উগ্র ধর্মীয় মৌলবাদী পরিচয় দিয়ে সম্ভব নয়। এ ক্ষেত্রে কোনো মধ্যপথ খুঁজতে হবে।’

সংঘাতময় বাংলাদেশ: অতীত থেকে বর্তমান
বদরুল আলম খান
প্রচ্ছদ ও অলংকরণ: কাইয়ুম চৌধুরী
প্রকাশক: প্রথমা প্রকাশন,
ফেব্রুয়ারি ২০১৫
৩০৪ পৃষ্ঠা দাম:
৫৫০ টাকা।
মূলত রাষ্ট্র ও গণতন্ত্রের আদর্শিক দিক নিয়ে তাত্ত্বিক আলোচনার অবতারণা করা হয়েছে ‘রাষ্ট্র ও গণতন্ত্র’ শীর্ষক বইয়ের তৃতীয় অধ্যায়ে। এই অধ্যায়ে অবতারিত আলোচনার প্রেক্ষাপটে বাংলাদেশের আস্তিত্বিক সংকট ইত্যাদি নিয়ে বলা হয়েছে নানা কথা। যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সংবিধান প্রণীত হয়েছিল, সেই আদর্শ থেকে সরে আসা, বিচ্যুত হওয়ার ভেতরেও যে বাংলাদেশে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংঘাতের বীজ নিহিত, অধ্যায়টিতে লেখক তা তুলে ধরেছেন তাঁর পর্যবেক্ষিত মতানুসারে।
‘ব্যক্তিত্বের সংঘাত: মুজিব বনাম জিয়া’ শিরোনামের চতুর্থ অধ্যায় বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর অন্যতম। বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনে চলমান দ্বন্দ্ব-সংঘাতের মূলে এ-ও একটি বড় উৎস। লেখক বলছেন, ‘কখন কীভাবে মুজিব ও জিয়াকে পরস্পরের শত্রু হিসেবে আঁকা হলো, তার ইতিহাস অস্পষ্ট। স্বাধীনতার মাত্র চার বছরের মাথায় শত্রু-প্রত্যয় নিয়ে দেশীয় রাজনীতির ডিসকোর্স লেখা, তা-ও এমন দুই নেতার জীবনকে ঘিরে, যাঁরা বাঙালির স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছিলেন, নিতান্তই অবাক করার মতো ব্যাপার।’ লেখক আরও বলছেন, ‘আমাদের দেশে নেতাদের মহামান্বিত করার ব্যাপারটি যেমন, তেমনি তঁাদের সম্মানহানির ব্যাপারটিও প্রথাগতভাবে ভিন্ন। এখানে তার মাত্রা উৎকট, অশালীন ও গ্রামীণ।’ এ অধ্যায়ে লেখকের বিধৃত কিছু ঘটনা ও বিশ্লেষণের সঙ্গে অনেকেই ভিন্নমত পোষণ করতে পারেন। তার অবকাশ আছে। তবে সবার সব বিশ্লেষণ বা বক্তব্যের সঙ্গে আমরা একমত হতে পারব, তেমন হলে তো ভিন্নমতের সংস্কৃতি গড়ে উঠত না। ভিন্নমত ব্যক্তিস্বাধীনতার অবিচ্ছেদ্য অঙ্গ। এ অধ্যায়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, বাংলাদেশের রাজনীতির দ্বন্দ্ব-সংঘাতের উৎসের সন্ধানে বদরুল আলম খান প্রায় চুলচেরা বিশ্লেষণে গভীর মনোযোগ দিতে দ্বিধা করেননি।
‘গ্রাম-শহর’ বিরোধ অধ্যায়ের পর উপসংহারস্বরূপ এসব ‘সংঘাত নিরসনের পথ’ও নির্দেশ করেছেন লেখক। দিয়েছেন বিদ্যমান সংকটের দীর্ঘ ও স্বপ্নমেয়াদি সমাধান, গণতন্ত্রায়ণ-সংক্রান্ত স্বল্পনমেয়াদি পরিকল্পনার পাশাপাশি আরও বহুবিধ দৃষ্টান্ত। ফলে এ বইয়ের পাঠ সমাজ ও রাষ্ট্রভাবনায় ভাবিত সবার জন্য আবশ্যক বলেই মনে হয়।