সংযত চিত্রে মরণাপন্ন মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রী উটে গ্রাসের সঙ্গে জয়নুল আবেদিনের চিত্রকলা দেখছেন গুন্টার গ্রাস। জাতীয় জাদুঘর, ঢাকা ১৯৮৬। ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম
স্ত্রী উটে গ্রাসের সঙ্গে জয়নুল আবেদিনের চিত্রকলা দেখছেন গুন্টার গ্রাস। জাতীয় জাদুঘর, ঢাকা ১৯৮৬। ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম

এক ফাঁকে ঢাকার জাতীয় জাদুঘর দেখতে যাই। ভারতীয়-ইউরোপীয় আধুনিকদের আঁকা শিল্পকর্মের এক শোভাযাত্রা। কেবল জয়নুল আবেদিনের ব্রাশ ড্রয়িংগুলো মনে একটা দীর্ঘস্থায়ী ছাপ ফেলে যায়। ১৯৪৩ সালের বাংলার দুর্ভিক্ষের তিনি একজন প্রত্যক্ষদর্শী। ব্রিটিশ শাসনামলে ওই দুর্ভিক্ষে ২০ লাখের বেশি বাঙালি অনাহারে প্রাণ হারিয়েছিল। এখন যদি আপনি প্রশ্ন করেন, দায়ী কে ছিল? এখতিয়ার নিয়ে শুনতে পাবেন সাধারণ মতানৈক্যটি—লন্ডন দায়ী ছিল, নয়াদিল্লি দায়ী ছিল, দোষ ছিল স্থানীয় কর্তৃপক্ষের। আর পাবেন নৈরাশ্যবাদী জবাবের পুনরাবৃত্তি: পরিস্থিতি ছিল নিরুপায়, যুদ্ধাবস্থা, পরিবহনের অভাব, ভারতীয়দের মধ্যকার অন্তর্বিরোধ, মন্দ আবাদ, আবহাওয়া ইত্যাদি ইত্যাদি। (কথা প্রসঙ্গে, সুভাষচন্দ্র বসু তখন জাপানিদের নিরাপত্তাধীনে এক লাখ টন বর্মি চাল প্রদানের এক ব্যর্থ প্রস্তাব করেছিলেন। কিন্তু লন্ডন তো তার শত্রুর কাছ থেকে কিছুই নেবে না।)
হলদেটে ও লালচে খয়েরি রঙের কাগজে আঁকা জয়নুল আবেদিনের ছবিগুলোতে—সংখ্যায় সেগুলো মোট প্রায় ৩০টি—দেখা যায় ভিক্ষুক আর অনাহারে মরণাপন্ন মানুষ। ব্রাশের অল্প কিছু আঁচড়, বহিঃরেখা, সংযত ডিটেইল। পশ্চাৎপট প্রায়ই নেহাত ইঙ্গিত। ক্ষুধার ভঙ্গি, মুমূর্ষু ও মৃত মানুষের ওপরে কাক ও ভবঘুরে কুকুর। শিশুদের ফুলে ওঠা পেট, শূন্য পাত্র, আবর্জনা। প্রায় শুষ্ক ব্রাশের দ্রুত টানে সৃষ্ট চিত্রসংক্ষেপ।
পরবর্তী সময়ে আবেদিন ভারতীয় লোকশিল্পকে শৈলীভূত করেছিলেন, দৃষ্টির পক্ষে সহজ করেছিলেন। একটি ম্যুরাল, সেটির বিষয় ১৯৭০ সালের নভেম্বরে এক ঘূর্ণিঝড়ের পরবর্তী সময়। সেই ঘূর্ণিঝড়ে শুধু বাংলাদেশেই তিন লাখের বেশি মানুষ সাগরে নিক্ষিপ্ত হয়ে এবং কাদায় চাপা পড়ে প্রাণ হারিয়েছে। ছবির ব্যঞ্জনা খাঁটি আলংকারিক, যদিও কিছু কিছু ডিটেইল তার প্রথম দিকে ব্রাশ ড্রয়িংগুলোর কথা মনে করিয়ে দেয়।
শো ইয়োর টাং বই থেকে অনুবাদ