সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঘের ঘন শীতের প্রকোপ কাটিয়ে হালকা চাদর-শীতের মিহি বসন্ত আসার অপেক্ষায় ছিলেন বাদল সাহেব। শীতে তাঁর দেহে নানান রোগের পাঁয়তারা শুরু হয়ে যায় এবং সেসব ঠান্ডাজনিত রোগ শিগগির ছাড়েও না। তাঁকে ডাক্তার-চিকিৎসক—এসবের খুব একটা সুরাহা দিতে পারেনি। তাই তিনি আশা করে থাকেন, শীত চলে গেলেই তিনি সোজা হয়ে উঠবেন। আর ধুঁকে ধুঁকে কাশতে হবে না। কিন্তু তিনি ক্রমেই আশাহত হতে থাকেন। ফাল্গুনের শেষাশেষি। মিহি হালকা শীতের বসন্ত তো দূরের কথা...কাকভোর থেকে আজ শুরু হয়ে গেছে মেঘের রণডঙ্কা, কালো আকাশজুড়ে মেঘের দাপাদাপি, বজ্রপাত। কিন্তু সে অনুপাতে বৃষ্টি হয় না, বরং তা ছিটেফোঁটা। হালকা গোছের।

বাদল সাহেব ভাবেন, তা যা-ই হোক...কিন্তু শীত যে বাড়ছে! এটা তো তাঁর কাম্য নয়। আর তখনই পিয়ন সুনীল এসে দরজায় নক করে। বাদল সাহেব তারই অপেক্ষায় ছিলেন।

বৃষ্টিভেজা সুনীল ড্রয়িংরুমে ঢুকেই দুই পা পিছিয়ে যায়। তার চুল-দাড়ি চুইয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে বড় সাহেবের কার্পেটে।

বাদল সাহেব বিরক্ত হন, ‘দেরি যে?’

‘জি একটু দেরি অইয়া গেল অফিসে আসতে...আর সেখান থেকে এ ও (প্রশাসনিক অফিসার) সাহেবের দেওয়া ফাইলগুলো নিয়ে আসতে...।’

সুনীল তার শার্টের ভেতর থেকে পলিথিন দিয়ে ঢাকা ফাইলের প্যাকেটটা বের করে বড় সাহেবের টেবিলে রাখে।

বাদল সাহেব রেগে যান।

‘ভিজেছ কেন? ছাতা নেই? দরকারি কাগজপত্র ভিজে গেলে...।’

মাথা নুইয়ে দাঁড়িয়ে থাকে সুনীল। তখনো তার বৃষ্টিতে ভেজা চুল-দাড়ি চুইয়ে দু-চার ফোঁটা জল পড়ছে।

আবার গর্জে ওঠেন বাদল সাহেব।

‘দেরি হলো কেন? আমার কাজ নেই? কাজ শেষ করে আমার গোসলে যাওয়ার সময়।’

কথার পিঠে সুনীলকে কিছু বলতে হয়। সে আমতা আমতা করে।

‘প্রথম বাসটা মিছ করে...।’

‘কোত্থেকে?’

‘ডেমরা...।’

‘ডেমরা...সে তো অনেক দূর।’

‘জি...দুইবার বাস বদলাইতে অয়।’

বাদল সাহেব সরাসরি তার চোখ বরাবর চান।

‘তোমার পুরো নাম?

‘সুনীল চন্দ্র দাস!’

‘আবার চন্দ্র...।’

‘জি।’

‘বাবার নাম?’

‘পলান চন্দ্র দাস।’

‘সে কী করে?’

‘চামড়ার কারবার।’

‘চামড়া বিকিকিনি করে...দোকানদারি?’

‘জি না...এই চামড়া কাটাকাটি আর কী...।’

‘কাটাকাটি মানে?’

‘চামড়া কাটে...সেলাই করে...।’

‘মানে...মানে বাবা মানুষের জুতা সেলাই করে।’

‘মানে...মানে তিনি মুচি।’

এরপর বাদল সাহেব আর তার দিকে না চেয়ে দৈনন্দিন কাজে মনোযোগ দেন। তবে কথোপকথনের রেশ চালিয়ে যেতে থাকেন।

‘তোমাদের এই পিয়নের চাকরিতে তো আর সংসার চলে না। বাবা কত রোজগার করে?’

‘তিনি যে বাইচ্চা নাই। তিনি মারা গেছেন। পাঁচ বছর অয়।’

‘তারে বাঁচাইবার অনেক চেষ্টা করলাম। পারলাম না।’

সুনীল এবার হাতের চেটোয় চোখের জল মোছে।

‘বাবা কলঘর থেইক্কা বাইর অইয়া মাটিতে পইড়া গিয়া গলাকাডা মুরগির মতন ধাফরাইল। আমগোরে মাইনসে বাবার কাছে যাইতে দিল না। তারা কইল, “কাছে যাইও না...তোমার বাবারে ভূত-পেরেতে দরছে...জিন-পরির আছর অইছে।”’

একটু থেমে আবার বলে যায় সুনীল।

‘একসময় বাবা একেবারে ঠান্ডা অইয়া গেল গা। আমরা তাড়াতাড়ি তারে ধরাধরি কইরা কাছের ফার্মেসিতে লইয়া যাই।’

‘ফার্মেসির কম্পাউন্ডার সাব বলেন, দেরি অইয়া গেছে। তিনি বাঁইচা নাই।’

সুনীল নড়েচড়ে দাঁড়ায়।

‘তাহলে?’ বড় সাহেব সুনীলের দিকে চোখ তুলে তাকান।

‘মা মাইনসের বাড়িতে ঝি-গিরি করেন।’

‘তোমরা কয় ভাইবোন?’

‘আমরা দুইজন!’

‘বোন কত বড়?’

‘বড় বোন ইডেনে বিএ অনার্স কেলাসের ছাত্রী।’

‘খরচ চালায় কেমনে?’

‘টুউশানি করে। আমিও করি। আমিও এইবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেইকা এইচএসসি ফাইনাল দিমু। পাস করতে পারলে চাকরিডার যদি কিছু উন্নতি অয়। আজকাল ঘরভাড়া দিয়া তিনজনের সংসার যে চলে না...।’

বাদল সাহেব তাঁর কাজে মনোযোগ দেন। তাঁর গোসলের, নাশতার সময় যে হয়ে এল।

তিনি গায়ে রঙিন টেগ লাগানো ফাইলগুলো একের পর এক দেখে দেখে মন্তব্য/সই করে যেতে থাকেন। প্রায় শেষের দিকে একটা ফাইলের এ.ও-এর শেষাশেষি মন্তব্যের ওপর বড় সাহেবের দৃষ্টি আটকে যায়।

এ ও সাহেব তাঁর মন্তব্যে লিখেছেন, ‘লোয়ার ডিভিশন পিয়ন, সুনীল চন্দ্র দাস নিয়মিত অফিসে দেরিতে আসে। এ ছাড়া কাজেও তার যথাযথ তৎপরতার অভাব পরিলক্ষিত হইতেছে। কাজেই আমি মনে করি, তাকে এ অফিস থেকে অব্যাহতি দিয়া পুনরায় বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন লোক নিয়োগের ব্যবস্থা করা জরুরি। এ ব্যাপারে আপনার অনুমতির আবেদন করিতেছি।...’

বাদল সাহেব ফাইলের এটুকুন পড়ে সুনীলের দিকে চোখ তুলে তাকান। এরপর এই ফাইলটা সরিয়ে নিজের কাছে রেখে বাকিগুলোর কাজ দ্রুত শেষ করে সুনীলকে বিদায় দিয়েও তাকে দাঁড়াতে বলেন।

খানিক পরে বাড়ির ভেতর থেকে বাদল সাহেব একটা পুরোনো ছাতা এনে সুনীলের হাতে দেন।

‘ছাতাটা নেও। বাইরে বৃষ্টি বাড়ছে।’