সকল বাধা ছিন্ন করে...
আমরা ক্রিকেটারদের খ্যাতিটাই কেবল চোখে দেখি। কিন্তু খ্যাতির শীর্ষে আরোহণ করতে গিয়ে তাঁর যে সংগ্রাম, তাঁর ব্রত—সবই মানুষের আড়ালে থেকে যায়। ক্রিকেটারের সম্মান, তাঁর জীবনাচরণের চাকচিক্য আমাদের ভুলিয়ে দেয় এই পর্যায়ে আসতে তাঁর সংগ্রামমুখর কষ্টের দিনগুলো। ক্রিকেট শুধু একটি খেলা নয়, মানসিক গঠনের এক আরাধনাও, এর চর্চা মানুষকে নিয়ে যায় আত্মবিশ্বাসের চূড়ায়। কিন্তু সেই আত্মবিশ্বাস একজন খেলোয়াড় পান অনেক বাধা-বিপত্তি পেরিয়ে, নানা উত্থান-পতনকে জয় করে। তাঁকে যে যেতে হয় বহু দূর। সামনেই ক্রিকেটের মহোৎসব—বিশ্বকাপ। সারা দুনিয়া মেতে উঠবে ক্রিকেটের এই আনন্দযজ্ঞে। বিশ্বকাপ সামনে রেখে বিশ্ব ক্রিকেটের কয়েকজন সেরা ক্রিকেটারের জীবন-সংগ্রাম ও তাঁদের বেড়ে ওঠার কাহিনি নিয়েই লিখেছেন নাইর ইকবালশিবনারায়ণ চন্দরপলছোটবেলা থেকেই শিবনারায়ণ চন্দরপলের আগ্রহের কেন্দ্রে ছিল ক্রিকেট। বাবা কেমরাজও একসময় ক্রিকেট খেলতেন। কোনো একসময়ে ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট কলিন ক্রাফটের বলে উইকেট কিপিং করার ‘অভিজ্ঞতা’ ছিল তাঁর।আট বছরের ছোট্ট চন্দরপল ক্রিকেট অনুশীলন শুরু করলেন বাড়ির পাশের এক মাঠে। মাঠ বলতে ওটাকে গোচারণভূমি বলাটাই বোধ হয় ভালো। চারদিকে গরু-মহিষের বিচরণ, এর মধ্যেই ঘাস চেঁছে ন্যাড়া করে বানানো একটি পিচ। ওটাতেই নেট লাগিয়ে দিনভর ক্রিকেট। এভাবেই চলতে লাগল ছোট্ট চন্দরপলের ক্রিকেটার হয়ে ওঠার অভিযান। ছেলেকে আলভিন কালিচরণের আদলে গড়ে তুলতে চাইলেন বাবা। ছেলেকে বলতেন ভালো করে কালিচরণের ব্যাটিংটা অনুসরণ করতে। তাকে জায়গা করে নিতে হবে ক্লাইভ লয়েড, আলভিন কালিচরণ, গর্ডন গ্রিনিজ, ভিভ রিচার্ডসদের মতো করে ক্যারিবীয় ক্রিকেটের ‘হল অব ফেমে’।প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা ব্যাটিং অনুশীলন। মাঝেমধ্যে বাবা কেমরাজের কষ্ট হতো, ক্রিকেটের পাঁচ আউন্স ওজনের বলটা কিন্তু কম দামি নয়। ওটার খরচ তো আছেই, ব্যাট কিনে দেওয়া, পোশাক কিনে দেওয়া। অন্য ছেলেরা যখন মার্বেল নিয়ে খেলছে, ছুটে বেড়াচ্ছে গ্রামময়, চন্দরপল তখন ছুটছে এক স্বপ্নের পেছনে। বাবার সোজা কথা, ‘ওসব মার্বেল-টার্বেল খেলে কোনো লাভ নেই। মার্বেল তোমাকে কোথাও নিয়ে যাবে না। কিন্তু ক্রিকেট তোমায় নিয়ে যাবে খ্যাতির শীর্ষে। ক্রিকেট খেলতেই যে তোমার এই পৃথিবীতে আগমন!’এমন করে একদিন জর্জটাউন ক্রিকেট ক্লাবে সুযোগ হয়ে গেল চন্দরপলের। অভিষেকেই ১১৭ রানের এক ইনিংস খেলে তিনি জানিয়ে দিলেন উইন্ডিজ ক্রিকেটের এক বরপুত্রের আগমনী সংবাদ। সেই সেঞ্চুরি তাঁর জন্য দুয়ার খুলে দিল, গায়ানা দলে। ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ পাওয়ার পথে তিনি এগিয়ে গেলেন অনেক দূর। ১৯৯৪ সালে বাবা কেমরাজ চোখে আনন্দাশ্রু নিয়ে নিজের ছেলেকে দেখলেন ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে। রিকি পন্টিংতাসমানিয়ার ছোট্ট রিকি ১১ বছর বয়সেই জানিয়ে দিয়েছিলেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটে রাজত্ব করতে আর খুব বেশি দিন বাকি নেই তাঁর। অনূর্ধ্ব-১৬ বছর বয়সী প্রতিযোগিতায় টানা চারটি শতরান তাঁর দিকে দৃষ্টি ঘুরিয়ে দিয়েছিল সবার। চুপচাপ, চপলতাহীন একটি ছেলে যে ব্যাট হাতে এতটা চটপটে, এতটা দুর্দমনীয় হয়ে উঠতে পারে, তা রিকি পন্টিংকে না দেখলে কারোরই বিশ্বাস হওয়ার কথা নয়। ষোলো-সতেরো বছর বয়সেই রিকি পন্টিং চলে আসেন অস্ট্রেলিয়ার পৃথিবী বিখ্যাত ক্রিকেট একাডেমিতে। যেখানে কাদামাটির আড়ালে লুকিয়ে থাকা রত্নগুলোকে ঘষেমেজে চকচকে করে তোলা হয়। অ্যাডিলেডে একাডেমির কঠিন জীবনে প্রবেশ করে স্কুল ছাড়তে হয় পন্টিংকে।সেই সময়টা পন্টিংয়ের কাছে ছিল অনেকটা সেনাবাহিনীর প্রশিক্ষণের মতো, সবকিছু নির্দিষ্ট গণ্ডিতে বাঁধা। সারা দিন কেটে যেত তাঁর সাঁতারের পুলে, জিমের ব্যায়াম আর মাঠের ক্রিকেট অনুশীলনের মধ্যে। এমন করে একদিন একাডেমি দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরের সুযোগ জুটে গেল। সেখানে গিয়ে তাঁর সামনে উন্মোচিত হলো জীবনের আর এক দিক। দেখলেন, দক্ষিণ আফ্রিকায় কালোরা কী নিদারুণভাবে অবহেলিত। প্রায় নিশ্চিত সুযোগ-সুবিধার মধ্যে বেড়ে ওঠা পন্টিং এই পর্যায়ে এসে দেখলেন, পৃথিবীর আরেকটি দেশেই সমাজের একটি অংশ নিজেদের গড়ে তোলার কোনো সুযোগ পাচ্ছে না, প্রতিভা থাকার পরও।সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য একাডেমি দলে খেলে শারীরিক ও মানসিক দিক দিয়ে প্রস্তুত পন্টিংয়ের অপেক্ষার শেষ হলো ১৯৯৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পার্থে। একাগ্রতা, চেষ্টা আর ক্রিকেটের প্রতি ভালোবাসাই তাঁকে পৌঁছে দিল স্বপ্নের সীমানায়।শচীন টেন্ডুলকারসারাটা দিন ক্রিকেট নিয়েই পড়ে থাকে। নাওয়া নেই, খাওয়া নেই, ক্রিকেট আর ক্রিকেট। এই খুদে ক্রিকেটারের নাম হলো শচীন টেন্ডুলকার। কোনোমতে স্কুলটা শেষ করেই শিবাজি পার্কের মাঠে ছুটে যান এই কিশোর। যেখানে তাঁর অপেক্ষায় রয়েছেন তাঁর ক্রিকেটগুরু রামকান্ত আচরেকার ও দাস শিবালকার। এই দুজনের তত্ত্বাবধানে বিরাট স্বপ্নের পানে শচীনের নিরন্তর ছুটে চলা। শিবাজি পার্কের বিশাল মাঠে একসঙ্গে সকাল-বিকেল চলত কমপক্ষে গোটা বিশেক ক্রিকেট ম্যাচ। এমন একটি জনসমাবেশতুল্য জায়গায় ক্রিকেট খেলতে খেলতে খুব ছোট বয়স থেকেই তিনি শিখে গেলেন ফিল্ডারদের ফাঁকফোকর গলিয়ে, তাঁদের চোখ ফাঁকি দিয়ে রান নেওয়া। বাবা নিজে ক্রিকেট খেলিয়ে না হলেও ছেলেকে ক্রিকেট নিয়ে নানা রকম উপদেশ দিতেন, বলতেন, ‘ক্রিকেট যেহেতু তোমার ধ্যান-জ্ঞান, তাই ক্রিকেটটাই মনোযোগ দিয়ে খেলো। ডাক্তার-ইঞ্জিনিয়ার তো অনেকেই হতে পারে, গাভাস্কার, সোবার্স কিন্তু একজন বৈ দুজন নেই।’একবার একটা যুব ক্রিকেট দলের হয়ে মুম্বাইয়ের বাইরে গিয়েছিল ১৪ বছরের বালক টেন্ডুলকার। সে জায়গায় পৌঁছাতে পৌঁছাতে রাত তিনটে হয়ে গেলেও ভোর পাঁচটার সময় সেই টেন্ডুলকারকে ঠিকই দেখা গেল ব্যাট হাতে প্র্যাকটিসে নেমে পড়তে। চোখ কচলাতে কচলাতে দলের কোচ মাঠে এসে একটু ধমকই দিলেন কোঁকড়া চুলের ছেলেটিকে। বললেন, কে বলেছে তোমাকে ঘুম বাদ দিয়ে এত ভোরে নেটে যেতে! টেন্ডুলকার জবাব দিল, তার ব্যাটিংয়ে একটা ছোট সমস্যা থেকেই যাচ্ছে। সেই চিন্তায় তার চোখে ঘুম নেই।বন্ধু বিনোদ কাম্বলিকে নিয়ে কিছুদিনের মধ্যেই স্কুল ক্রিকেটে অনন্য রেকর্ড গড়ে পাদপ্রদীপের আলোয় চলে আসে টেন্ডুলকার। এর দিন কয়েক পরেই জাতীয় দলে ডাক। যেতে হবে পাকিস্তানে। ১৯৮৯ সালের নভেম্বরে টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যায় ভারতীয় দল। সেই দলে ছিলেন কপিল দেব, রবি শাস্ত্রী, কৃষ্ণমাচারি শ্রীকান্ত, মোহাম্মদ আজহারউদ্দিনের মতো তারকারা। সেই তারকাদের মধ্যে ১৬ বছরের এক বালক সুযোগ পেয়ে গেল করাচির টেস্টে। খেলল ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসের মতো বোলারদের বলগুলো। অবাক বিস্ময়ে তাঁরা দেখলেন ছোট্ট একটি ছেলের একাগ্রতা আর সাহস।মাশরাফি বিন মুর্তজামাশরাফি বিন মুর্তজার ক্রিকেটের হাতেখড়ি নড়াইল সরকারি স্কুলে পড়ার সময়ই। বেশ জোরেই বল করতেন। আর ব্যাট হাতে বলকে উড়িয়ে দিতে চাইতেন দূর-দিগন্তে। লড়াই, সংগ্রাম—শব্দগুলো মাশরাফির জীবনে এসেছে আন্তর্জাতিক ক্রিকেটে আসার পরেই। ২০০০ সালের দিকে ঢাকায় এসে সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টসের বোলিং ক্যাম্পে যোগ দিলেন। পাকা জহুরি রবার্টস মাশরাফিকে ঠিকই চিনে নিলেন। একেবারে প্রকৃতি থেকে উঠে আসা এই ছেলেটিকে তকমা দিয়ে গেলেন বাংলাদেশের ক্রিকেটে প্রকৃতির সবচেয়ে সেরা দান হিসেবে। প্রিমিয়ার লিগের গোটা কয়েক ম্যাচের অভিজ্ঞতা দিয়েই ঢুকে গেলেন জাতীয় দলে। ২০০১ সালের নভেম্বরে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে খেলে ফেললেন টেস্ট ম্যাচ। অভিষেকেই তীব্র গতির বলে গ্র্যান্ট ফ্লাওয়ারের মতো তারকার স্ট্যাম্প উপড়ে দিয়ে নিজেকে প্রমাণ করলেন বাংলাদেশের ক্রিকেটে আগামীর তারকা হিসেবে।মাশরাফির সংগ্রাম শুরু হলো ঠিক এই সময় থেকেই। গত নয় বছরে কখনোই পারফরম্যান্সের কারণে নির্বাচকদের কাছে ব্রাত্য হননি তিনি। কিন্তু আঘাতে আঘাতে জর্জরিত হয়ে বারবার তাঁকে চলে যেতে হয়েছে মাঠের বাইরে। দুই হাঁটুতে ছয়টি অপারেশন আর কোনো ক্রিকেটারের ভাগ্যে জুটেছে কি না তা নিয়ে চলতে পারে বিস্তর গবেষণা। অস্ট্রেলীয় শল্যচিকিৎসক ডেভিড ইয়ং মাশরাফির হাঁটুতে অপারেশন করে বারবারই অবাক হয়েছেন। একবার তো বলেছিলেন, মাশরাফি একেবারেই প্রকৃতির সন্তান। তাঁর শরীরের প্রতিটি গড়ন-গঠন প্রকৃতি প্রদত্ত হওয়ার কারণেই বারবার অপারেশনের ধকল তিনি সামলিয়েছেন দারুণভাবে।মাশরাফি বারবার ইনজুরিতে পড়েছেন, দল থেকে বাদ পড়েছেন, আবার সুস্থ হয়ে ফিরেছেন। দেশের মাটিতে বিশ্বকাপ। আর এই বিশ্বকাপে চোট তাঁকে মাঠের বাইরে বসিয়ে রেখেছে। চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফিরতে। ফিরতে যে তাঁকে হবেই।মাঝেমধ্যে নিয়তির ওপরও প্রচণ্ড ক্ষোভ হয়। বলেন, ‘আমার ভাগ্যটাই খারাপ।’ কিন্তু ভাগ্যের দোহাই দিয়ে সংগ্রামকে দূরে ঠেলে তিনি কখনোই দেননি। মাশরাফিকে ফিরতেই হবে।সূত্র: পিটার রোবাকের ইট টেকস অল সর্টসও মাশরাফি বিন মুর্তজা