সতীর্থের স্মরণ ও মূল্যায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ শামসুল হক সব সময় সতর্ক না হলেও সচেতন ছিলেন—শামসুর রাহমানকে নিয়ে ছোট্ট অথচ পূর্ণাঙ্গ বইটি তৈরি করার পরে পরবর্তী সময়ে যাতে তর্ক না ওঠে, সে কারণে ‘সবিনয় নিবেদন’-এ লিখলেন: ‘তিনি যতটা বড় কবি তার অধিক ছিলেন বড় বন্ধু আমার। এই বইয়ের গদ্যলেখাগুলো তাঁর চলে যাওয়ার পরপর বাষ্পাকুল চোখে লেখা।’ অথচ বইয়ের ‘পঞ্চাশতম জন্মদিনে লিখিত’ একটি এবং অন্য কবিতা দুটির কথা বাদ দিলে, বাকি সাতটি গদ্যে রয়েছে একজন সমালোচকের দৃষ্টিভঙ্গি—এতে রয়েছে রাহমানের কবিতা বোঝার জন্য উল্লেখযোগ্য চিহ্নায়ক মন্তব্যও; কিন্তু সেই যে ‘বাষ্পাকুল চোখে লেখা’ প্রীতিকাতর [মনো]ভাব, তা-ই দেখি প্রবল হয়ে রয়েছে বহু জায়গায়। বলেছেন, শামসুর রাহমানের কীর্তি বিবেচনা করবেন ভবিষ্যতের কোনো কবি ও সমালোচক। অথচ সৈয়দ হকের শত্রু কি অস্বীকার করতে পারবে যে তাঁর মুখে এ কথা বিলকুল বেমানান? শামসুর রাহমানের কবিতার নিরপেক্ষ বিবেচনার জন্য সতীর্থ হিসেবে তাঁর চেয়ে যোগ্য ব্যক্তি আর কে ছিলেন? হুমায়ুন আজাদের উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পে শামসুর রাহমান যখন আলোচিত, তখন ভিন্নমত প্রকাশে তিনিই তো এগিয়ে এসেছিলেন।

তাই বলে এ কথা মনে করার কারণ নেই যে, বইয়ে সতীর্থ বন্ধুর স্মৃতিচারণাই প্রধান হয়ে উঠেছে। লেখাগুলোর স্থানে স্থানে দো-দিলা ভাব সত্ত্বেও এবং—সৈয়দ হকের ভাষায় ‘বাষ্পাকুল’ মন্তব্যগুলো সরিয়ে নিলে, এখানে কিছু দৃষ্টান্তযোগ্য সিদ্ধান্ত পাওয়া যাবে। যেমন ১. সমষ্টির অভিজ্ঞতা ব্যক্তিগত হয়ে ওঠায়, এবং বিস্ময়কর এই রসায়ন ও দ্রবণ, দ্রবণ ও পরিবর্তনটি একমাত্র ‘মহৎ কবির প্রতিভাস্থলেই ঘটে’ বলেই শামসুর রাহমান মহত্তম কবি। ২. তিনি শুধু কবিতাই লেখেননি, কবিতার শরীরে পুরে দিয়ে গেছেন ‘আমাদের সময়ের সব ভাবনাতরঙ্গ’, ধরে রেখেছেন জাতির মানসবিবর্তনের স্তর।’ ৩. তিনি প্রায় একাই ‘দেশস্থিত বাঙালির জন্য’ কবিতার রুচি নির্ধারণ করে আধুনিকতার সঙ্গে যুক্ত করেছেন এবং ‘একটা সময়ে তিনিই হয়ে ওঠেন এই বাংলাদেশের কবিতার মাপকাঠি।’ ৪. তিরিশের কাব্যভাষা থেকে সম্পূর্ণ বের হয়ে আসতে পারেননি শামসুর রাহমান, কিন্তু তিরিশের কবিরা যা কল্পনাও করেননি তা-ই করেছিলেন, বাংলা কবিতাকে বিদগ্ধ ও মধ্যবিত্ত পাঠক থেকে সরিয়ে এনে সাধারণ মানুষের মহলে স্থাপন করেছেন।

>

.
.

মহান সতীর্থ শামসুর রাহমান
সৈয়দ শামসুল হক
প্রচ্ছদ: ধ্রুব এষ l প্রকাশক: চৈতন্য, সিলেট প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৬ l ৮০ পৃষ্ঠা দাম: ১৫০ টাকা।

 সৈয়দ হকের এই সব সিদ্ধান্ত যদি মেনে নিতে হয়, তাহলে তাঁকে এই অব্যক্ত কথাটিও মেনে নিতে হবে যে শামসুর রাহমানের [অধিকাংশ কবিতার] কাব্যভাষা, পরোক্ষভাবে হলেও, কবিতালেখায় প্ররোচিত করেছে পাঁড় তাত্ত্বিক, উচ্চাশী রাষ্ট্রনায়ক, শ্রমবিমুখ নবীন, এমনকি ঘোর সংসারীদেরও—এবং তাতে উত্পাদন বেড়েছে বটে, কিন্তু গোলায় ফসল ওঠেনি।

মহান সতীর্থ শামসুর রাহমান শিরোনামাঙ্কিত এ বইয়ে রাহমানকে নিয়ে আরও কিছু কথা বলতে পারতেন সৈয়দ হক, কখনো কখনো বলতে গিয়ে পরবর্তী কালের দোহাই দিয়ে থেমেও গেছেন। এক জায়গায় আন্দাজ করেছেন, শামসুর রাহমান ‘অসম অক্ষর সংখ্যার’ পয়ারে স্বচ্ছন্দ, কিন্তু সম অক্ষর সংখ্যার পয়ারে অসার্থক কি না, তা বলেননি। বলেছেন, তাঁর ‘কবিতার ক্রিয়াপদ সংস্থাপনে বুদ্ধদেব অবিরাম হানা দিয়েছেন’ কিন্তু স্থানে স্থানে ক্রিয়াপদ দণ্ডায়মান হতে গিয়ে যে দণ্ডিত হয়ে পড়েছে সে বিষয়ে নীরব। নিরাপদ থেকে সৈয়দ হকের মুখ দিয়ে নিন্দা করানো এ অনুযোগের উদ্দেশ্য নয়, কারণ পাঠকভেদে বহু মুদ্রাদোষও মুদ্রাগুণ বলে বিবেচিত হয়; বলার উদ্দেশ্য, শামসুর রাহমানের এই সব ব্যবহারে তাঁর নিজস্ব মত থাকতে পারে; থাকলে, তার হদিস সতীর্থ সৈয়দ শামসুল হক ছাড়া আর কে দিতে পারেন?

তবু শামসুর রাহমানকে নিয়ে বলতে গিয়ে অন্য সতীর্থ বন্ধুদের বিষয়ে পুরোনো দিনের কিছু অজানা তথ্য ও মজার ঘটনার উল্লেখের পাশাপাশি পৃথকভাবে কবিতা ও কবিতার মূল্যায়ন বিষয়ে তাঁর নিজস্ব মতও প্রকাশ করেছেন; মন্তব্য করেছেন ‘কবিতার শিল্পকারী’ ভালো করে বোঝার আগেই যে সব নবীন তাড়াহুড়ো করে বই করে ফেলেন, তাঁদের বিষয়েও। সব মিলিয়ে বইটি শামসুর রাহমান ও সৈয়দ হক উভয়ের কবিতা বোঝার সহায়ক হবে।