সতেরোর তারকা
>আর মাত্র দুদিন। তারপরই দেয়ালে ঝোলানো ক্যালেন্ডারগুলো পুরোনো হয়ে যাবে। শুরু হবে নতুন বছর। স্কুলের খাতায় বছরের প্রথম কয়েক দিন তুমি হয়তো তারিখের জায়গায় ২০১৮ লিখতে গিয়ে বারবার ভুল করে ২০১৭ লিখে ফেলবে। কাটাকাটি হয়ে যাবে। ইরেজার দিয়ে মুছে তারিখটা লিখতে হবে আবার। এমনই হয়, একটা বছর চলে গিয়েও যেন যেতে চায় না। আজ তোমাদের দেশ–বিদেশের এমন কয়েক জনের কথা বলব, যারা হয়তো সুযোগ পেলে ২০১৭ সালটাকে ধরে বেঁধে রেখে দিত। কিছুতেই যেতে দিত না। কারণ ২০১৭ ছিল তাদের বছর। তারাই এ বছরের তারকা
দেশ
আঁখির নাম লিখে রাখি

২০১৭ সালের একেবারে শেষে এসে আমাদের জন্য বড় একটা সুসংবাদ নিয়ে এসেছে অনূর্ধ্ব-১৫ দলের নারী ফুটবলাররা। সাফ ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আর দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ খেলোয়াড়ের পদক উঠেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের পাটখোলা গ্রামের মেয়ে আঁখির হাতে। মাঠে আঁখি খেলে রক্ষণ বিভাগে। ডিফেন্ডার হয়েও যে সেরা খেলোয়াড় হওয়া যায়, সেটাই দেখিয়ে দিয়েছে সে। ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার আঁখির ‘দেয়াল’ ভেদ করে গোল দিতে গিয়ে প্রতিপক্ষকে রীতিমতো হিমশিম খেতে হয়।
বিকেএসপিতে নবম শ্রেণিতে পড়ে আঁখি। ফুটবল তার ধ্যান-জ্ঞান। ফুটবল পায়ে পেলেই এমন কাড়িকুড়ি দেখায় যে বিপক্ষ দলের খেলোয়াড়দের চোখ ধাঁধিয়ে যায়! সবে তো শুরু, সামনের বছরগুলোতে নিশ্চয়ই সে আমাদের জন্য আরও বড় বড় সুখবর নিয়ে আসবে।

আরেক ‘আঁখি’
মেয়েটার নাম জাহিন নওয়ার হক। ডাকনাম ইশা। অথচ কী মুশকিল দেখো, বন্ধুরা ওকে ডাকতে শুরু করেছে ‘আঁখি’ নামে। এই নামে ডাকলে ইশা কিন্তু একটুও রাগ করে না। উল্টো খুশিই হয়। এ বছর মুক্তি পেয়েছে ইশা অভিনীত চলচ্চিত্র আঁখিওতারবন্ধুরা। ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুলের দশম শ্রেণির ছাত্রী ইশা। মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস আঁখিওআমরাকজন অবলম্বনে ছবিটি তৈরি করেছেন মোরশেদুল ইসলাম।
ছোটবেলায় আঁখি...থুক্কু, ইশা একটু-আধটু নাটকে অভিনয় করেছে। কিন্তু এ বছর মুক্তি পাওয়া ছবিটা রীতিমতো ওর জীবন বদলে দিয়েছে। একে তো প্রিয় লেখকের লেখা গল্প, তার ওপর পরিচালক মোরশেদুল ইসলামের পরিচালনায় কাজের সুযোগ! ইশা বলছিল, ‘২০১৭ সালটা আমার জীবনের একটা স্পেশাল বছর। সারা জীবন এটা মনে থাকবে।’

রুপার পদক
ইন্টারন্যাশনাল জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও) অংশ নেয় পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা ছেলেমেয়েরা। ওদের মধ্যে মিল হলো, ওরা সবাই বিজ্ঞান ভালোবাসে। এবার নেদারল্যান্ডসে অনুষ্ঠিত আইজেএসওতে বাংলাদেশ থেকে গিয়েছিল ৬ জনের একটা দল। রৌপ্য পদক নিয়ে ফিরেছে মতিঝিল আইডিয়াল স্কুলের ছাত্র আবসার খান। জীববিজ্ঞান, রসায়ন আর পদার্থবিজ্ঞান থেকে কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিতে হয় এই প্রতিযোগিতায়। ছোটবেলা থেকে বিজ্ঞানের এ বিষয়গুলো আবসারের ভীষণ প্রিয়। খুব আনন্দ নিয়ে সে প্রশ্নের উত্তর লিখেছে, সমস্যার সমাধান করেছে। পদক জয় করতে তাই তার খুব একটা কষ্ট হয়নি। স্বর্ণপদক পাওয়া হলো না, এ নিয়ে অবশ্য একটু আফসোস থেকে গেল। কিন্তু আগামীবার যারা অংশ নেবে, আবসার তাদের জন্য একটা পথ তৈরি করে দিল।

‘মাফলার–ম্যান!’
সুপারম্যান, স্পাইডারম্যানের কথা শুনেছ। কিন্তু মাফলার ম্যানকে কি তোমরা চেনো? আমাদের সিহাবুর রহমান ও লিটন আলীকে বলতে পারো ‘মাফলার ম্যান’। রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি স্টেশনের একটু দূরেই ওদের বাড়ি। সুপারম্যান, স্পাইডারম্যানরা যেমন ট্রেন দুর্ঘটনা রুখে দেয়, মানুষের জীবন বাঁচায়, মাফলার ম্যানরাও তা-ই করেছে। অলৌকিক শক্তি কিংবা মাকড়সার জাল দিয়ে নয়, সামান্য একটা মাফলার দিয়ে! সিহাবের বয়স ৬ আর লিটনের বয়স ৭। দুজনের ছবি ছাপা হয়েছিল গত ১৯ ডিসেম্বর, প্রথমআলো পত্রিকার প্রথম পাতায়।
ঘটনাটা কী হয়েছিল শোনো। রেললাইনের ধারে খেলছিল দুজন। হঠাৎ একটা বিকট শব্দ শুনে ওরা গিয়ে দেখল, রেললাইনটা ভেঙে গেছে। এদিকে দূর থেকে ঝিকঝিক শব্দ করে এগিয়ে আসছে একটা ট্রেন। এখন উপায়? সিহাব আর লিটন তখন বুদ্ধি করে মাফলার নাড়াতে থাকে। সিগন্যাল দেখে ট্রেন থামিয়ে দেন চালক কে এম মহিউদ্দিন।
এরপর রীতিমতো নায়ক বনে গেছে দুই বন্ধু। দুজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পুরস্কৃত করা হয়েছে। শুধু তা-ই নয়, আগামী বছর ঢাকায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে অতিথি হয়ে আসছে সিহাব আর লিটন। অনেক বছর পরও ২০১৭ সালটা নিশ্চয়ই ওরা ভুলবে না!
বিদেশ
মিলি ঝিলিমিলি

নেটফ্লিক্সের টিভি সিরিজ স্ট্রেঞ্জার থিংস যারা দেখেছ, তারা নিশ্চয়ই মিলি ববি ব্রাউনকে চিনবে। ‘ইলেভেন’ নামের এক রহস্যময় চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছে সে। এখন পর্যন্ত স্ট্রেঞ্জার থিংসের দুটো সিজন মুক্তি পেয়েছে। প্রথম সিজন মুক্তির পরই দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছিল দ্বিতীয় সিজনের জন্য। প্রাইমটাইম অ্যামি অ্যাওয়ার্ড নামের একটা বড় পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল ১৩ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেত্রী। এর আগে এত কম বয়সে কেউ এই পুরস্কারের জন্য মনোনয়ন পায়নি। কেমন করে সে এত ভালো অভিনয় করে? টাইম সাময়িকীতে প্রকাশিত সাক্ষাৎকারে সে বলেছে, ‘ইলেভেন আমার একটা অংশ। আমাকে ওর চরিত্রে “অভিনয়” করতে হয় না।’ ২০১৭ সালের সবচেয়ে প্রভাবশালী কিশোর-কিশোরীদের একটা তালিকা তৈরি করেছে টাইম সাময়িকী। সেখানে সেরা ত্রিশের মধ্যে আছে মিলি ববি ব্রাউনের নাম।

মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি
মৌমাছি একদম পছন্দ করত না টেক্সাসের মেয়ে মিকাউলা উলমার। দুবার কামড় খেয়ে সে রীতিমতো মৌমাছিকে তার শত্রু ভাবতে শুরু করেছিল। সেই মৌমাছিই এখন ওর সবচেয়ে প্রিয় বন্ধু। মিকাউলা যখন জানল, মৌমাছি প্রকৃতির জন্য খুব উপকারী, কিন্তু পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক মধু, তখন সে খুব মন খারাপ করেছিল। ভাবতে শুরু করেছিল, কেমন করে মৌমাছির উপকারে আসা যায়। তখন একটা অদ্ভুত ‘আইডিয়া’ আসে তার মাথায়। দাদির রেসিপি অনুযায়ী মধু আর লেবু দিয়ে একটা শরবত (লেমোনেড) বানাতে শুরু করে মিকাউলা। শরবত বিক্রি করে যে টাকা আসত, তার ১০ শতাংশ সে মৌমাছি রক্ষায় কাজ করছে, এমন সংগঠনে দান করত। এখন ‘মি অ্যান্ড দ্য বিজ লেমোনেড’ নামে বিরাট একটা প্রতিষ্ঠান খুলে বসেছে ১৩ বছর বয়সী মেয়েটা। ওর বানানো শরবত অনেকগুলো দোকানে বিক্রি হয়। এখন পুরোদমে মৌমাছি রক্ষায় কাজ করছে ছোট্ট মেয়েটা।

নাসার কাছে চিঠি
ভিনগ্রহের আক্রমণ থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য একজন কর্মী চাই—এমন একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ভাবতে পারো এই পদে যিনি নিয়োগ পাবেন, তাঁর কাজ আসলে কী? তাঁর কাজ হলো, মহাকাশচারীরা যেন পৃথিবীতে প্রবেশের সময় অজান্তেই কোনো ক্ষতিকর ভাইরাস না নিয়ে আসেন, সেটা নিশ্চিত করা। বিজ্ঞপ্তি দেখে দুম করে সেখানে আবেদন করে বসেছিল ৯ বছর বয়সী এক ছেলে। পেনসিল দিয়ে নাসার কাছে একটা চিঠি লিখেছিল সে। চিঠির ভাষা অনেকটা এমন, ‘প্রিয় নাসা, আমার নাম জ্যাক ডেভিস। আমি পৃথিবী রক্ষায় কাজ করতে চাই। আমার বয়স মাত্র ৯, কিন্তু আমার বিশ্বাস, আমি কাজটা করতে পারব।’ তার চিঠি সাড়া ফেলে দিয়েছিল সংবাদমাধ্যমে। চিঠিটা খুব গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে নাসা। এমনকি জবাবও পাঠিয়েছে। নাসা লিখেছে, ‘আগে ঠিকমতো স্কুলের পড়ালেখাটা শেষ করো, তারপর দেখা যাবে।’

ক্যাম্পবেলের টেডি বিয়ার
ক্যাম্পবেল রেমেসের বয়স ১৩ বছর। বাড়ি তাসমানিয়ায়। সে মনে করে, মানবতার জন্য আমাদের সবারই কিছু না কিছু করার আছে। এই বিশ্বাস নিয়ে কয়েক বছর আগে থেকে একটা অদ্ভুত কাজ করতে শুরু করেছিল সে। হাসপাতালে যেসব ছোট ছেলেমেয়ে অসুস্থ হয়ে মন খারাপ করে শুয়ে থাকে, ক্যাম্পবেল তাদের জন্য টেডি বিয়ার বানিয়ে দিত। এ বছর হঠাৎ করে তার কাজের খবর ছড়িয়ে যায় সংবাদমাধ্যমে। ক্যাম্পবেলের কাজে অনুপ্রাণিত হয়ে বহু মানুষ এখন তাকে সাহায্য করছে।
গ্রন্থনা: মো. সাইফুল্লাহ