সত্তরে পড়লেন বব ডিলান
জোয়ান বায়েজের ৭০তম জন্মদিন পালিত হলো এ বছরের জানুয়ারিতে। এর চার মাস পর ২৪ মে ৭০ বছর পূর্ণ হলো বব ডিলানের। আমরা যারা এই দুই শিল্পীর গান শুনে ছাত্রজীবন কাটিয়েছি, তাদের কাছে দুটি ঘটনাই মস্ত মাইলফলক। ৭০ বছর, এক অর্থে দীর্ঘ জীবন। এঁরা দুজন এখনো নিয়মিত গান গাইছেন, কনসার্টে অংশ নিচ্ছেন, দেশ-বিদেশ সফর করে বেড়াচ্ছেন। বস্তুত, গানের ভেতর দিয়ে তাঁরা নিজেদের নিত্যনতুন করে আবিষ্কার করছেন।ডিলানকে আমরা অনেকে চিনি ষাটের দশকে লেখা তাঁর ‘প্রোটেস্ট সংগস’-এর জন্য। ষাটের দশকের শেষ মাথায় নাগরিক অধিকার আন্দোলনে এবং সত্তরের গোড়ায় ভিয়েতনামবিরোধী মিছিল ও সমাবেশে ডিলানের গান ছিল অপরিহার্য। সেসব গানের অর্থ আমরা সবাই একভাবে বুঝিনি। সব গানের কোনো অর্থও হয়তো হয় না। আক্ষরিক অর্থ যদি কেউ খুঁজতে যায়, তাহলে অনেক সময়ই হতাশ হবে। কিন্তু সহর্ষে ও সানন্দে সেসব গান গাওয়া হয়েছে। ‘টি টাইমস দে আর অ্যা চেঞ্জিং, ব্রিংগিং ইট অল ব্যাক হোম’ বা ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’ ছিল সে সময়ের তারুণ্যের এন্থেম। কোনো এক দেশের নয়, সব দেশের।ষাটের দশকে প্রকাশিত তাঁর তিনটি অ্যালবাম—ব্রিংগিং ইট অল ব্যাক হোম, হাইওয়ে ৬১ রি-ভিজিটেড ও ব্লন্ড অন ব্লন্ড গায়ক-কবি হিসেবে ডিলানকে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয়। এক অর্থে তাঁর সে সময়ের লেখা-গাওয়া গানে যৌবনে সদ্য পা দেওয়া এক নতুন প্রজন্মের জিজ্ঞাসার উচ্চারণ শোনা গেল। প্রতিবাদ ছিল, প্রত্যাখ্যান ছিল, কিন্তু সবচেয়ে বেশি ছিল অনিশ্চয়তা। আমরা জানি, ষাটের দশক শেষ হওয়ার আগেই ডিলানের রাজনৈতিক কমিটমেন্টে চিড় ধরে, তার পালাবদল ঘটে। শুধু ভাব ও ভাষায় নয়, জাগতিক অর্থেও তার পরিবর্তন আসে। অ্যাকুস্টিক গিটার ছেড়ে ইলেকট্রিক গিটারে আনুগত্য হস্তান্তর সম্ভবত তাঁর প্রথম ইঙ্গিত ছিল। এ সময় থেকেই ডিলান ক্রমেই ধর্ম ও মিস্টিসিজমে ঝুঁকে পড়েন। ইহুদি হিসেবে জন্মগ্রহণকারী ডিলান, যিনি নাম বদলিয়ে খ্রিষ্টান হলেন, পরে আবার ফিরে গেলেন ইহুদি ধর্মে। গত ২০-৩০ বছর আমাদের অনেকের ধরাছোঁয়ার বাইরে এক আলো-আঁধারির জগতে চলে গেলেন তিনি।ডিলানের এই অনবরত পরিবর্তন সত্ত্বেও তিনি কেন একজন সেরা কবি?আমার তো মনে হয় এই অনবরত পরিবর্তনই তার একটি কারণ। যত পালাবদলই হোক না কেন, ডিলান তাঁর কাব্যকণ্ঠের অকৃত্রিমতা, তাঁর অথেন্টিসিটি কখনো পরিত্যাগ করেননি। তাঁর সব কবিতা হেঁয়ালিতে ভরা, আপাত অর্থহীন অথবা ক্রমাগত বৈপরীত্যে পূর্ণ। একই কবিতায় এত অসংখ্য কণ্ঠস্বর অন্য আর কোনো কবির ক্ষেত্রে আমরা দেখি না। অনেক রংতুলিতে আঁকা ছবির মতো তাঁর কবিতা, পাঠক বা শ্রোতা তাঁকে নিজের মতো আবিষ্কার করে নিতে পারেন। তাঁর কবিতা বা গানকে অনায়াসে পিকাসোর কিউবিস্ট পিরিওডের চিত্রকলার সঙ্গে তুলনা করা যায়। সোজাসুজি তাকালে সে ছবির এক অর্থ, বাঁ দিকে বা ডানে ঘুরুন, তার অর্থ বদলে যাবে। (তাঁর আত্মজৈবনিক ক্রনিকল-এ ডিলান স্মরণ করেছেন ১৯৬১ সালে নিউইয়র্কে প্রথমবারের মতো পিকাসোর ছবি দেখে তাঁর মনে হয়েছিল, এই শিল্পী একজন বিপ্লবী, আমি এর মতো হতে চাই)মানছি, খুব সহজ নয় ডিলানের গান বা কবিতা বোঝা, কিন্তু তা সত্ত্বেও পরপর তিন প্রজন্মের ছেলেমেয়েরা তাঁর গান শুনে তার অর্থ যার যার মতো করে নিয়েছে। ডিলানের ‘অল অ্যালং দ্য ওয়াচটাওয়ার’ গানটির কথা ভাবুন। পথচলতি এক ভাঁড় ও তস্করের মধ্যে কথোপকথন সে কবিতার বিষয়। তার যাপিত সময়ের রানিং কমেন্টারির মতো রচিত সে কবিতা। ডিলান নিজেই নিজেকে ভাঁড় বলে উপহাস করেছেন, যদিও তাঁর লক্ষ্য তাঁর যাপিত জীবনে অর্থহীনতার দিকেই আঙুল তুলে দেখানো। অথচ এই প্রবল রকম ব্যক্তিগত কবিতাটি হয়ে উঠল যুক্তরাষ্ট্রের ভিয়েতনামবিরোধীদের প্রধান সংগীত। কারণ, সে কবিতার এই প্রথম দুটি লাইন: ‘দেয়ার হ্যাজ টুবি সাম কাইন্ড অব ওয়ে আউট অব হিয়ার’—যাতে শোনা গেল আমাদের সম্মিলিত প্রতিবাদের স্বর। অথবা ‘মি. টাম্বুরিন ম্যান’ গানটার কথা ভাবুন। এক অর্থে মাদক সেবন নিয়েই কবিতাটি লেখা। ‘আই অ্যাম রেডি টু গো অ্যানিহয়্যার, আই অ্যাম রেডি ফর টু ফেড ইনটু মাই ওউন প্যারেজ, কাস্ট ইয়োর ডানসিং স্পেল মাই ওয়ে, আই প্রমিজ টু গো আন্ডার’। গাঁজার ধোঁয়ার বাইরে এই কথার আর কোনো অর্থ হয় বলে মনে হয় না। কিন্তু একই কবিতায় ডিলান যখন বলেন, ‘টু ডানস বিনিথ দ্য ডায়মন্ড স্কাই উইথ ওয়ান হ্যান্ড ওয়েভিং ফ্রি/ সিলুয়েটেড বাই দি সি’, তখন মনে হয় মানবমনের মুক্তির কথা বলছেন তিনি। ‘ফেয়ার ওয়েল এঞ্জেলিনা’ তাঁর সেই বিখ্যাত গান, জোয়ান বায়েজ যাকে স্মরণীয় করেছেন, সেখানেও অর্থের দ্বিচারিতা আমাদের প্রবলভাবে বিদ্ধ করে। ন্যারেটিভ অনুসরণ করে সে কবিতা উদ্ধার করতে গেলে আমরা কিছুই পাব না, অথচ তাঁর প্রস্থানের ঘোষণা, ‘ফেয়ার ওয়েল এঞ্জেলিনা, দ্য স্কাই ইজ অন ফায়ার, অ্যান্ড আই মাস্ট গো’, আমাদের একই সঙ্গে বিচ্ছেদের উদ্বেগ ও আসন্ন পরিবর্তনের সম্ভাবনায় আগ্রহী করে। ত্রুবাদুরের মর্মযাতনা আমাদের সঙ্গ দেয়, আমরাও তার সঙ্গে প্রস্থানের উদ্যোগ নিই। অথচ তাঁকে কেন যেতে হবে, সে প্রশ্ন করেও তার উত্তর উদ্ধার আমাদের পক্ষে সম্ভব হয় না।চারণ কবি হিসেবে তাঁকে আমরা মাল্যভূষিত করলেও আদতে তিনি বরাবরই একাকী ও বিষণ্ন। নিজেকে আবিষ্কারের চেষ্টাও তিনি কখনো পরিত্যাগ করেননি। প্রতিবাদ ছেড়ে মিস্টিসিজমে তাঁর আগ্রহে আমরা যত স্ববিরোধিতা খোঁজার চেষ্টা করি না কেন, আসলে ডিলান বরাবরই একজন ‘রেবেল’ থেকে গেছেন। নিজেকে বর্ণনা করেছেন ‘আউট ল’ বা অপরাধী। কিন্তু সঙ্গে সঙ্গে এ কথাও বলেছেন, আইনের বাইরে বাস করতে হলে তোমাকে পুরোপুরি সৎ থাকতে হবে। ডিলানের কাব্যের রাজনৈতিক চারিত্র্যের কারণে তাঁকে একসময় বিদ্রোহের তাত্ত্বিক ভেবে আমরা কেউ কেউ বরণ করেছি, কিন্তু সেটি তাঁর নিজের নির্বাচিত ভূমিকা নয়। আমরা সে ভূমিকা তাঁর ওপর চাপিয়ে দিয়েছি। পৃথিবী বদলানোর কাজ ডিলানের ছিল না, কিন্তু যে পৃথিবীতে তাঁর বাস তাকে তাঁর চেয়ে ভালোভাবে অন্য কেউ বোঝেনি। তিনি নিজে সে পৃথিবীকে প্রত্যাখ্যান করেছেন এবং তাকে প্রত্যাখ্যানের ভাষা আমাদেরও দিয়েছেন। একজন কবি, তাঁর সময়ের বিবেক হিসেবে এর চেয়ে আর বেশি কী করবে?২৪ মে ২০১১, নিউইয়র্ক