সত্যাগ্রহ হাউস ও খেলনা রিভলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত সেই ‘সত্যাগ্রহ হাউস’
মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত সেই ‘সত্যাগ্রহ হাউস’

জোহানেসবার্গের রাজপথে আজ আমি ইতালিয়ান রেস্তোরাঁ তরতেলিনোর শ্বেতাঙ্গ স্বত্বাধিকারী সিনিয়র ডমিনিকের মোটরকারে লিফট নিচ্ছি। তিনি ড্রাইভ করতে করতে গতকাল এ আতরাফে শিশুসহ এক তরুণীকে অপহরণের বর্ণনা দিচ্ছেন। কথা বলতে বলতে তিনি কৃষ্ণাঙ্গ রাফিয়ানদের মজ্জাগত অপরাধপ্রবণতার ওপর জোর দেন। এ নগরের ক্রাইম সম্পর্কে তাবৎ দুনিয়া অবগত। তারপরও আইরিশ মাকে যে কারা কিডন্যাপ করেছে, সে ব্যাপারে সম্পূর্ণ তথ্য পাওয়ার আগে কৃষ্ণাঙ্গদের অভিযুক্ত করা যায় না। একটু বিভ্রান্তি লাগে। সিনিয়র ডমিনিক এবার রাজপথ ছেড়ে একটি পার্কের মতো ব্যাকরোড দিয়ে গাড়ি চালাচ্ছেন। দুই পাশে সারি সারি গাছে, সবুজ পাতার দোদুল্যমান ছায়ায় এ পথটি আশ্চর্য রকমের শ্যামল। কিন্তু এখন পর্যন্ত সড়কে কোনো গাড়ি-ঘোড়া বা পথচারী দেখিনি। বিশাল একটি নগরের ব্যতিক্রমী নির্জনতা ও সম্পূর্ণ জনবিরল সড়ক দেখে মনে উপস্থিত হয় মৃদু খটকা। সিনিয়র ডমিনিকের তরতেলিনো রেস্তোরাঁ তো ঠাট-ঠমকের দিক থেকে চমৎকার। ওখানে খদ্দের নেই কেন? প্রশ্নটি তাঁকে করলে তিনি বিরক্ত হয়ে বলেন, খদ্দের আসবে কীভাবে? গেল এক সপ্তাহে এখানে মার্ডার হয়েছে দুটি। সন্ধ্যার দিকে ল্যাম্পপোস্টে আলো নিভিয়ে দিয়ে গাড়ির পেছন সিটে ফেলে রেপ করা হয়েছে দুজন পথচারীকে। এদের একজন নারী, অন্যজন পুরুষ। এসব চলতে থাকলে অরেঞ্জ গ্রোভে খদ্দের আসে কীভাবে? লিসেন, ইউ আর আ নিউ কামার, তোমাকে একটা সত্য কথা বলি...হোয়াইটরা যে বর্ণবাদী এ বিষয়টি সারা দুনিয়ায় চাউর হয়েছে, কিন্তু আমরা যারা নিরীহ হোয়াইট, আমাদের ব্ল্যাকরা শান্তিতে ব্যবসা-বাণিজ্য করতে দেবে না। বিজনেস একটু চেতলেই স্ট্রিট-থাগ কিসিমের ব্ল্যাকরা এসে অব দ্য রেকর্ড টাকা চাইবে। এসব বিষয়ে পুলিশকে ইনফর্ম করা আরও রিস্কি। তাদের ড্রাগসের খোরাকি না দিলে এরা পর্যটককে করবে খুন বা ধর্ষণ, তারপর আর তোমার রেস্তোরাঁয় খদ্দের আসে কীভাবে? আমরা তো হোয়াইট, এ ব্যাপারটিকে আমরা বর্ণবাদ বললে...ইউ আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন...সেটা হবে বিগ পলিটিক্যাল মিসটেক।

পাখির পিঞ্জিরা হাতে মেয়েটি
পাখির পিঞ্জিরা হাতে মেয়েটি

নীরবে ড্রাইভ করছেন সিনিয়র ডমিনিক। গাছগুলোর ডালপালায় ঝাঁপিয়ে বেড়াচ্ছে একঝাঁক বানর। গাড়ির সামনে দুই পায়ের ওপর দাঁড়িয়ে অন্য পা হাতের মতো তুলে একটি ধেড়ে বাঁদর। সিনিয়র ডমিনিক ক্লাচ টেনে গিয়ার বদলে স্লো করেন, পরে তিনি ব্রেক করলে ছানাপোনাসহ আরও কয়েকটি বানর সড়ক অতিক্রম করে। গাড়ি দাঁড়িয়ে আছে। সিনিয়র ডমিনিক মৃদু হেসে গমগমিয়ে বলেন, হাউ ডু ইউ লাইক আওয়ার স্ট্রিট? মাংকিজ আর সেফ হেয়ার। বাট ইউ অ্যান্ড আই আর নট, আন্ডারস্ট্যান্ড? বানরগুলো সড়ক অতিক্রম করলেই তিনি গাড়িতে স্পিড পিকআপ করেন। আর আমি স্ট্রেটকাট জিজ্ঞেস করি, এত ঝামেলার ভেতর এখানে বাস করছেন কেন সিনিয়র? ইতালির ইকোনমি তো এখন ফাটাফাটি রকমের রমরমা যাচ্ছে। ফিরে যান না ওখানে? নেপলসে গিলে আফ্রিকান কারুপণ্যের দোকান খুলুন না কেন? বল্লমের খোঁচা খাওয়া বাঘের মতো ঘরঘরিয়ে গর্জন করে তিনি জানতে চান, টেল মি হোয়াই? আফ্রিকা ছেড়ে আমি ইতালিতে ফিরে যাব কেন? আমি জবাব দিই, দিস ইজ দ্য ল্যান্ড অব দ্য ব্ল্যাক আফ্রিকানস। আপনি বহিরাগত, অনেক দিন এখানে বাস করেছেন, তো এখন ফিরে যান নিজের দেশ ইতালিতে।

একটি সেমিটারি বা নির্জন কবরখানার পাশ দিয়ে ড্রাইভ করতে করতে তিনি বলেন, ‘এখানে আমার মা-বাবা দুজনকে আমি সমাহিত করেছি, আর আমার জন্মও হয়েছে এ অরেঞ্জ গ্রোভে। ইতালি আমার পূর্বপুরুষের দেশ, নিজের দেশ হচ্ছে সাউথ আফ্রিকা।’ তারপর তিনি লোমশ কবজিতে থাবার মতো আমার কাঁধ খামচে ধরে বলেন, ‘উই হোয়াইটস আর নট আউটসাইডারস। আমাদের জন্ম এখানে হয়েছে। তুমি যাদের স্থানীয় লোক মনে করছ—জুলু, শাংগান, সটো বা ক্বোসা গোত্রের লোকাল ব্ল্যাক পিপল—ভাষাগত দিক থেকে এদের সবাইকে বলা হয় বানতু—এরা কেউই কিন্তু দক্ষিণ আফ্রিকার আদিবাসী নয়। বইপত্রে একটু খোঁজ নিলেই জানতে পারবে, বানতুরা প্রায় এক হাজার বছর আগে কঙ্গো ও নাইজার ডেল্টা থেকে অভিবাসী হিসেবে আফ্রিকার এ দক্ষিণাঞ্চলে চলে আসে। আমরা হোয়াইটরাও তাদের মতো অভিবাসী। এখানে আমাদের কারও পূর্বপুরুষ এসে ল্যান্ড করেছেন সত্তর বছর আগে ইতালি থেকে, আবার অন্য কারও পূর্বপুরুষ জাহাজ ভাসিয়ে এসেছেন নেদারল্যান্ডস থেকে দেড় শ-দুই শ বছর আগে। আমরা এ ভূখণ্ডে আসা হোয়াইট পিপল। বানতুদের মধ্যে যে রকম অনেকগুলো ট্রাইব—জুলু, শাংগান, খয়খয়, ভেনদা—সে রকম শ্বেতাঙ্গদের মধ্যেও অনেকগুলো গোত্র, যেমন বুয়ার বা আফ্রিকানারস, ইংরেজ, ইতালিয়ান ও গ্রিক। আমরা একটু দেরিতে আফ্রিকাতে এসেছি বটে, তবে আমরাও অবদান রেখেছি এ ভূ-ভাগের উন্নয়নে। এখানকার ইরিগেশন, মাইনিং, রেললাইন, কারখানা ও বিশ্ববিদ্যালয়—এগুলো মূলত তৈরি করেছেন আমাদের পূর্বপুরুষেরা।’ থাবা শিথিল করে কবজি ফিরিয়ে নিয়ে তিনি গিয়ার বদলাতে বদলাতে বলেন, ‘লিসেন, আমরা কোথাও ফিরে যাচ্ছি না। ইউ উইল স্টে হেয়ার।’

গাড়ি ব্যাকরোড থেকে রাজপথে ফিরে আসতেই তিনি একটি ফিকে হলুদ রঙের বাড়ির দিকে ইশারা করেন। বাগানবিলাসের বর্ণাঢ্য ঝাড়ের আড়ালে আমি ঘরটির সবুজ ছাদের দিকে তাকাই। দিস ইজ হোয়াট ইউ আর লুকিং ফর। মি. গান্ধীজ হাউস। বাড়িটির আদি মালিক ছিলেন হেনরি পলাক বলে মি. গান্ধীর পার্টনার আরেক আইনজীবী। এখানে মি. গান্ধী বছর কয়েক বাস করেন। আমি বাড়িটির পরিষ্কার ভিউ পাওয়ার জন্য গাড়ি থেকে নামতে চাই। তিনি স্পিড স্লো না করে বলেন, এখানে গাড়ি থামানো এক্সট্রিমলি ডেঞ্জারাস। স্ট্রিটে থাগরা ঘাপটি মেরে আছে। খোদ মি. গান্ধী শ্মশান থেকে যদি উঠে আসেন, তাঁর চোখের রাউন্ড গ্লাসেস, ছোঁ মেরে তুলে নিয়ে গোলমোল চশমাজোড়া স্রেফ বিক্রি করে দেবে অ্যান্টিক বা কিউরিওর দোকানে। রিমলেস রাউন্ড আই গ্লাসেস—খুব দামে বিকাবে এটি।

তাঁর রসিকতায় আমি ঠিক যোগ দিতে পারি না। মনে হয় লিফট দিয়ে তিনি আমার চলাফেরাকে নিয়ন্ত্রণ করছেন। আর রাজপথে যেসব ক্রাইমের অজুহাত তিনি দিচ্ছেন, তা যে কেবল কৃষ্ণাঙ্গের মানুষেরা করছে, তারও স্পষ্ট প্রমাণ পাওয়া চাই। গোঁজ হয়ে বসে থাকি। বেশ স্পিডে ড্রাইভ করে তিনি আমাকে নিয়ে আসেন অরচার্ড বলে একটি এলাকায়। এখানকার পাইন স্ট্রিট শুল রোডের একটি শণের চুনকাম করা চমৎকার কটেজের সামনে নামিয়ে দিয়ে বলেন, দিস ইজ অ্যানাদার হাউস ইন জোহানেসবার্গ, যেখানে মি. গান্ধী কিছুদিন বাস করেন। এ এলাকা রিলেটিভলি সেফ। সিনিয়র ডমিনিক ‘চাও’ বলে বিদায় নিয়ে ইউ টার্নে গাড়ি ঘোরান।

পাইন স্ট্রিটের বাড়িটির নাম ‘সত্যাগ্রহ হাউস’। হেরম্যান কালেনবাচ নামের এক জার্মান ইহুদি ভদ্রলোক শণের এ সুচারু কটেজটি বানান ১৯০৭ সালে। হেরম্যান সাহেব ছিলেন মহাত্মাজির ব্যক্তিগত বন্ধু। কটেজটি তিনি তৈরি করান মূলত তাঁর অহিংস পদ্ধতিতে প্রতিরোধ আন্দোলনে সহায়তা করার জন্য।১৯০৯ সাল অব্দি গান্ধীজি এখান থেকে পরিচালনা করেন সত্যাগ্রহ। বর্তমানে বাড়িটি জাদুঘর। আমি তার আঙিনায় ঢুকে পড়ে দেখি কটেজের দুয়ার বন্ধ, তবে প্রশস্ত বারান্দার দেয়ালে ঝুলছে মহাত্মাজির নিপাট স্যুট পরা তরুণ বয়সের ছবি। নিশ্চয়ই কেয়ারটেকার আশপাশে কোথাও গিয়েছে, তার ফেরার অপেক্ষায় বারান্দায় রাখা একটি চেয়ারে বসি আমি। দক্ষিণ আফ্রিকায় ক্রমবর্ধমান হিংসাত্মক ক্রাইমের প্রসঙ্গটি ঘুরপাক খাচ্ছে মাথায়। বছর বারো আগেও দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ শাসকেরা ভায়োলেন্সকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে অত্যন্ত হিংস্রভাবে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করছিল। রাষ্ট্রীয়ভাবে ব্যবহৃত হচ্ছিল ভায়োলেন্স। এখন পালাবদলে কৃষ্ণাঙ্গরা এসেছে রাষ্ট্রক্ষমতায়। আর বেড়েছে সড়কে, জনপদ ও সরণিতে তীব্র ভায়োলেন্স। মিডিয়া থেকে হরহামেশা যা জানা যাচ্ছে, তাতে মনে হয়, এ ভায়োলেন্সের সঙ্গে কৃষ্ণাঙ্গরা বহুলাংশে যুক্ত। এখন প্রশ্ন হচ্ছে, তবে কি এ প্রজন্মের কৃষ্ণাঙ্গ মানুষেরা তাদের অবচেতনে লালন করছে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে তীব্র প্রতিশোধস্পৃহা; যা ব্যক্ত হচ্ছে তাদের উদ্যোগে সংঘটিত ‘স্ট্রিট ক্রাইম’-এর মাধ্যমে? ভাবনাটি হারিয়ে যাওয়ার আগে আমি জার্নাল খুললাম। তাতে লিখলাম: নেলসন ম্যান্ডেলা শ্বেতাঙ্গদের সঙ্গে শান্তিপূর্ণভাবে নেগোসিয়েট করার ফলে দক্ষিণ আফ্রিকায় ক্ষমতার পালাবদলের সময় বাধেনি কোনো গৃহযুদ্ধ। তবে কৃষ্ণাঙ্গ মানুষকে পাল্টা আঘাত হানার স্পৃহা লাভার মতো প্রচ্ছন্ন হয়ে আছে তাদের অবচেতনের আগ্নেয়গিরিতে। আর সামাজিক কারণে মাঝেমধ্যে ওখানে হচ্ছে মৃদু ভূকম্পন, তাতে উৎক্ষিপ্ত হচ্ছে কি ক্রোধের তীব্র অগ্নি?

‘সত্যাগ্রহ হাউস’-এর দুয়ার খোলার কোনো লক্ষণ দেখি না। তাই উঠেপড়ে গেটের কাছে আসতেই ‘গুড আফটারনুন জেন্টলম্যান’ বলে আমাকে রীতিমতো চমকে দেয় ছায়ায় দাঁড়িয়ে থাকা এক কাগাবগা গোছের কৃষ্ণাঙ্গ। তার মাথায় জটাজুটের ওপর পড়া সূর্যমুখী ফুলের মতো বিস্তৃত বর্ণের টাইডাই টুপি। জটবলা দাড়ির প্রান্ত থেকে ঝুলছে হরেক রঙের বিড। মানুষটি এক হাতে ধরে আছে কোনো গাছের বড়সড় ভাঙা তাজা ডাল। তার সবুজ পত্রালির আড়াল থেকে উঁকি দিচ্ছে মস্ত সোনালি ঠোঁটের সুদর্শন একটি টুক্যান পাখি। মানুষটি জানতে চায়, ইউ ওয়ান্ট সি লিটল লিটল বার্ডট্রিক জেন্টলম্যান? টুক্যান পাখির খেলা দেখতে আমার আপত্তির কিছু নেই, তবে ঘটনা আসলে কী? মানুষটি যাত্রার সংয়ের মতো আকর্ণবিস্তৃত হাসি হেসে বলে, ‘ইউ পে টেন রেন্ড, পাখির খেলা দেখিয়ে আমি এক কাপ চায়ের সঙ্গে এক টুকরা পাউরুটি খাব,’ বলেই সে রিভলবার বের করলে আমি দশ রেন্ড তো বটে, চাইলে প্যান্ট-শার্ট, ঘড়িফড়ি, মানিব্যাগ—সব খুলে দিতেও রাজি। কিন্তু সে আবার মিষ্টি করে হেসে বলে, ‘নো, জেন্টলম্যান...নো ফিয়ার, আই আ ফাইন বার্ডম্যান, আই নো ক্রিমিনাল, জেন্টলম্যান নো ফিয়ার।’ ভয় আমি মোটেই পাচ্ছি না বলে কোনোক্রমে হাঁটুকাঁপা সামলে তাকে দশ রেন্ডের নোট দিতেই মানুষটি—নাউ ইজ দ্য বার্ড ট্রিক বলে রিভলবার বাওছাও করে আওয়াজ দেয়, হ্যান্ডস আপ। এ আওয়াজের টার্গেট কি আমি? দুহাত মাথার ওপরে তুলতে যাই। দেখি রিভলবারটি পাখির দিকে তাক করা, আর সুদর্শন টুক্যান ঝটপটিয়ে দুই ডানা ঊর্ধ্বে তুলে সারেন্ডার করছে। ‘মাই রিভলবার ইজ নো ব্যাড রিভলবার, মাই রিভলবার এ টয়-গান’, বলে শীর্ণকায় কৃষ্ণাঙ্গ এবার তার অস্ত্র আমাকে ছুঁতে দিলে ভাবি, মানুষটি সত্যিই তো ক্রিমিনাল নয়, হাতে থাকলই-বা একটা খেলনা রিভলবার। কারও তো কোনো ক্ষতি করছে না। পাখির খেলা দেখে খুশি হয়ে আমি তাকে বকশিশ দিতে চাই।

মোর বার্ড ট্রিক জেন্টলম্যান, বলে লোকটি এবার হলদে-সবুজ পাতায় মোড়া ছোট্ট এক গাছের দিকে তাক করে—আওয়াজের সঙ্গে সত্যি সত্যিই বেরিয়ে আসে নীল ধোঁয়া। আর তাতে গাছ থেকে লাফিয়ে ওঠে গোটা তিরিশেক সবুজে-হলুদ মেশা পালকের পাখি! আমি পত্রহীন নেড়া গাছের দিকে তাজ্জব হয়ে তাকাই। পাখিগুলো সামান্য উড়ে আবার বসে পড়ছে ডালে, তাতে তৈরি হচ্ছে সবুজ-হলুদ পত্রালির দোরঙা দৃষ্টিবিভ্রম। মানুষটি এবার আমার দিকে রিভলবার তাক করে বলে, ‘জোহানেসবার্গে রিভলবারই এভরিথিং, নো রিভলবার, ইউ জেন্টলম্যান, ইউ নো নাথিং।একটি টয় রিভলবার আমার কাছ থেকে কিনে নাও, দেখতে অবিকল আসলের মতো—মেড ইন চায়না। তোমাকে সস্তায় দিচ্ছি, মাত্র হানড্রেড রেন্ড নেব।’ ‘সত্যাগ্রহ হাউস’-এর সামনের ফুটপাত থেকে খেলনা রিভলবার কিনে শার্লক হোমসের চেলা ওয়াটসনের মতো তবে কি আগামীকাল থেকে জোহানেসবার্গের সড়কে সিনা ফুলিয়ে ঘুরপাক করব? সিদ্ধান্ত নেওয়া সহজ হয় না। বড় আতান্তরে পড়ি।

তখনই খেয়াল করি, ফুটপাতের অন্যদিকে এসে দাঁড়িয়েছে কমবয়সী দুটি মেয়ে। এদের একজনের কোলে ছোট্ট একটি শিশু। অন্যটির হাতে ঝুলছে পিঞ্জিরা, তাতে ঝিলমিল করছে হরেক রঙের ছোট্ট ছোট্ট লাভবার্ড। এদের চোখ-মুখের দিকে তাকাতেই মনে হয়, এরা কোনো না কোনোভাবে শীর্ণকায় বার্ডম্যানের সঙ্গে সম্পর্কিত। মেয়েটি পিঞ্জিরা তুলে ধরে সড়ক অতিক্রম করে। ছোট্ট ছোট্ট কিউট লাভবার্ডগুলো দেখতে গেলে সে না আবার ভোজবাজির মতো বিচিত্র কোনো কেরেসমাতি দেখায়। ঠিক বুঝতে পারি না—কীভাবে আজ এদের হাত থেকে নিস্তার পাব?