সত্যি আমিই এইটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই যে অমন দস্যি দুপুর, বাঁধভাঙা অরণ্য

শুধুই আমার জন্য।

এই যে অমন জোছনাদিঘি—টলটলে জল শান্ত

আসব আমি, জানত।

এই যে অমন জোনাক নিঝুম ‘নেই চোখে ঘুম’ রাত্রি

আমার সহযাত্রী।

এই যে অমন একহাঁটু জল হারান মাঝির বইঠা

সাথি আমার ওইটা।

এই যে অমন বৃষ্টি নূপুর টিনের চালের ছন্দ

যায় দিয়ে সেই গন্ধ।

এই যে অমন কাঠঠোকরা, বাঁশের ঝাড়ের বাজনা

বলছে—‘আজ আর কাজ না’।

এই যে অমন ফড়িংপাখি, প্রজাপতির পাখনা

বন্ধু আমার থাক না।

এই যে অমন ঘুড্ডি লাটাই, শক্ত সুতোর মাঞ্জা

ফের ফিরিয়ে আন, যা।

এই যে অমন দুষ্টু কিশোর নাচছে তা ধিন ধেই তা

সত্যি আমিই এইটা।