সত্যিকারের দুই রবিনসন ক্রুসো
রবিনসন ক্রুসোর গল্পটাও নিশ্চয়ই মনে আছে আপনাদের। নির্জন দ্বীপে কীভাবে বেঁচে থাকার লড়াই করেছিলেন ক্রুসো। কল্পনার, সাহিত্যের পাতার কিংবা সেলুলয়েডের ফিতার রবিনসন ক্রুসোরা কিন্তু আছেন বাস্তবের দুনিয়ায়ও। এমনই দুজনের গল্প শুনুন।আলেকজান্ডার সেলকার্ক নির্জন দ্বীপে কাটিয়েছিলেন চার বছর চার মাস। ড্যানিয়েল ডিফোর বিশ্বখ্যাত উপন্যাস রবিনসন ক্রুসো তাঁকে নিয়েই লেখা। জোনাথন সুইফটের গ্যালিভারের সফরনামাও তাঁর জীবনকাহিনি অনুপ্রেরণায় লেখা। ১৬৮০ সালে স্কটল্যান্ডে জন্ম নেওয়া সেলকার্ক ছিলেন একজন নাবিক। সমুদ্রযাত্রার মাঝখানে জাহাজের ক্যাপটেন অতিরিক্ত মালবোঝাই শুরু করেছিলেন। কিন্তু অভিজ্ঞ নাবিক সেলকার্ক এর বিরোধিতা করেন। তাঁর এই বিরোধিতাকে বিদ্রোহ ধরে নিয়ে জাহাজের ক্যাপটেন সেলকার্ককে হুয়ান ফার্নান্দেজ দ্বীপের ছোট্ট একটা অংশ ‘মাস এ তিয়েরা’তে নেমে যাওয়ার নির্দেশ দেন। এ জাহাজে যাত্রা করার চেয়ে নির্জন দ্বীপে থাকা বেশি নিরাপদ ভেবে সেলকার্কও রাজি হয়ে যান। স্বেচ্ছা নির্বাসন বেছে নেওয়ায় নিয়ম অনুযায়ী জাহাজ থেকে বেশ কিছু রসদও পেয়েছিলেন সেলকার্ক। সেসব রসদ আর নিজস্ব উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগিয়ে ওই দ্বীপেই বেশ সংসার পেতে বসেছিলেন। অবশেষে ১৭০৯ সালে উদ্ধার করা হয় তাঁকে। ১৯৬৬ সালে ‘মাস এ তিয়েরা’র নামকরণ করা হয় রবিনসন ক্রুসো আইল্যান্ড। টম নিয়ালের গল্প আবার একেবারেই অন্য রকম। কপাল দোষে নয়, তিনি নির্জন দ্বীপে স্বেচ্ছা নির্বাসন বেছে নিয়েছিলেন। কুক আইল্যান্ডে তিন দফায় মোট ১৬টি বছর কাটিয়েছেন নিউজিল্যান্ডের এই সারভাইভার। কুক আইল্যান্ডের একটি দ্বীপ সুয়ারোতে প্রথম এসেছিলেন তিনি ১৯৫২ সালে। এ সময় তাঁর সঙ্গী ছিল দুটো বিড়াল, কিছু পানির পাত্র, একটি ছাউনি এবং কিছু বই। সুয়ারোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিত্যক্ত সব জিনিসপত্র দিয়েই কাজ চালিয়ে নেন নিয়াল। এর মধ্যে ছিল একটি ভাঙা নৌকা, কিছু বুনো শূকর ও মুরগি। শূকরগুলো সবজিখেত সাবাড় করত বলে তাদের তিনি তাড়িয়ে দেন, বুনো মুরগিগুলোকে পোষ মানান এবং গড়ে তোলেন দারুণ একটি খামার। নৌকাটিও মেরামত করে ফেলেছিলেন নিয়াল। ১৯৫৪ সালে পিঠে ভয়াবহ চোট পেয়ে চার দিন এক রকম পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে ছিলেন। ভাগ্যক্রমে একটি ইয়ট তাঁকে এই দ্বীপে এই অবস্থায় আবিষ্কার করে। সেই ইয়টের পাঠানো খবর পেয়ে কুক আইল্যান্ড সরকার দুই সপ্তাহ পরে তাঁকে উদ্ধার করে। দেশে ফিরে এসে বিয়ে-থা করেন। দুটো সন্তানও হয়। কিন্তু শেষ পর্যন্ত থিতু হতে পারেননি। ১৯৬০ সালে আবার ফিরে আসেন এই দ্বীপে। মুক্তা শিকারিরা এই জায়গায় ভিড় জমাতে শুরু করলে ১৯৬৪ সালে ঘরে ফিরে যান। তৃতীয় দফায় নিয়াল এখানে আসেন ১৯৬৭ সালে। এবার ছিলেন টানা ১০ বছর। ১৯৭৭ সালে দেশে ফিরে না ফেরার দেশেই চলে যান। এবার মরণব্যাধি ক্যানসার যে বাসা বেঁধেছিল তাঁর গলায়। দ্বীপবাসের অভিজ্ঞতা নিয়ে নিয়াল লেখেন অসাধারণ আত্মজীবনী অ্যান আইল্যান্ড টু ওয়ানসেলফ। বোটারএক্সাম অবলম্বনে রাজীব হাসান