সদা অনুসন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিল্পীর ভুবন মানে তো বিশাল ব্যাপার, তোমার লেখায় স্থান সংকুলান হবে তো!’—বলেই বন্ধুভাবাপন্ন হাসি দিয়ে কথা শুরু করলেন। তৌফিকুর রহমান। চারদিকে বইয়ে ঠাসা আলমারি, বিভিন্ন শিল্প বস্তু, অধিকাংশ ভাস্কর্য এবং মাঝে একটি পড়ার চেয়ার-টেবিল। শীতের সন্ধ্যায় গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে আড্ডা শুরু হলো। তিনি বললেন, মেট্রিকুলেশন দিয়ে ভেবেছি যে সৃজনশীল মাধ্যমে পড়াটাই আমার জন্য উচিত হবে। তাই চারুকলাকে বেছে নেওয়া। আমাদের সময়ে প্রি-ডিগ্রি ছিল। প্রি-ডিগ্রিতে সব ডিপার্টমেন্টে কাজ করতে হলো এবং পরে দেখলাম যে ভাস্কর্য মাধ্যমটি আমার সঙ্গে বেশি যায়। তখন হামিদুজ্জামান স্যারকে দেখলাম ’৭১ নিয়ে দারুণ কিছু কাজ করছেন। সেসব দেখে আরও অনুপ্রাণিত হই। এরপর চীনে পড়তে যাই এবং ওখানে গিয়ে মনে হলো, অনেক কিছুই শিখি নাই। মডেলিং, স্টুডিও প্র্যাকটিস সবকিছু খুব নিয়মতান্ত্রিক ওখানে। নিজেকে আবারও নতুনভাবে আবিষ্কার করি। শেন শাও নামের একজন শিক্ষক ছিলেন আমাদের। উনি বলেছিলেন যে প্রকৃতিতে সবকিছুই টুইস্টেড। এই বাক্যটি আমার মনে গেঁথে গেল, দেখলাম, আসলেই তো তা-ই। এরপর দেশে ফিরে আসা।’ একনাগাড়ে বলে থামলেন।তারপর আবার শুরু করলেন, একজন শিল্পীর সমগ্র যাত্রা পথের অভিজ্ঞতার আলোকে নির্মিত হয় শিল্পীর ভুবন। আশির দশকে রোমান্টিসিজমে আক্রান্ত শিল্পচর্চার বিপরীতে, প্রথাগত সমাজ ও রাজনৈতিক চিন্তার খোলনলচে পাল্টে দেয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়া ‘সময়’ গ্রুপের বিভিন্ন সাহসী কার্যক্রম,মানসিক প্রজ্ঞা ও চেতনার ধারাবাহিকতা সত্যিকার অর্থেই এখনো বিদ্যমান বলে মনে করেন শিল্পী তৌফিকুর রহমান। ‘সময়’গ্রুপের সকল সদস্যের কার্যক্রম বিচার করলেও এই ঐক্য পাওয়া যাবে বলে তিনি বিশ্বাস করেন। উদাহরণ হিসেবে উচ্চারণ করেন, শিশির ভট্টাচার্য্যের নাম। তিনি জানান, সে সময় সবাই মিলে শিল্পকলাকে বয়কট করেছিল। তিনি দেশে ফিরে এসে ভাস্কর্য নিয়ে বিভিন্ন গ্যালারিতে প্রদর্শনী করেছেন। পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে দেখার সুযোগ হয়েছে। অনেক কিছু দেখা ও জানার মধ্যে দিয়ে আমার মনে হয়েছে যে শিল্পের প্রকৃত কদর রয়েছে উন্নত বিশ্বে। তাদের অর্থনীতি শক্ত হওয়ায়, তাদের শিল্পের এত ডাইভার্সিটি। শিল্প ও শিল্পীর জন্য তারা ইচ্ছেমতো খরচ করে। কিন্তু আমাদের দেশে অবস্থা সে রকম নয়। আমার দেশের অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে ইউরোপকে অনুকরণের প্রচেষ্টা প্রশ্নসাপেক্ষ। এখানকার গ্যালারিগুলোর মূলত বিক্রিই উদ্দেশ্য। ব্যক্তিকেন্দ্রিক মার্কেট তৈরির প্রচেষ্টা, তাদের অন্যতম প্রধান উদ্দেশ্য হিসেবে বিবেচিত হয়।। গ্যালারির পেছনে ঘুরতে ঘুরতে সময় ও আত্মসম্মান নষ্ট করতে হয় শিল্পীদের। এই প্রক্রিয়া শিল্পকে কি পরিচর্যা করার মতো কিছু? তখন আমি চিন্তা করলাম, আমাদের অর্থনীতি নেই তো কি হয়েছে, জীবন তো আছে। এই চিন্তা থেকে ‘বেগুনবাড়ি: জীবন, শিল্প ও প্রক্রিয়া’ প্রজেক্ট হাতে নিলাম। লালারুখ সেলিম, ডিউক, মিতু এদের সঙ্গে কথা বললাম। এবং আমার মনে হচ্ছে, আমি যেভাবে কাজ করতে চাই, এই প্রক্রিয়াটা তেমনই।’ বলছিলেন তৌফিক। আর উঠে আসছিল তাঁর শিল্প ভুবনের চিন্তা-চেতনা-কার্যক্রমের বিভিন্ন দিক। বেগুনবাড়ির স’ মিলের মালিক, শ্রমিকদের সঙ্গে কথা বলা, দৃশ্য শিল্পের ভাষায় চিরাচরিত একটি স’ মিলকে একদিনের জন্য শিল্পীদের বুদ্ধিবৃত্তিক কার্যক্রমের অংশে পরিণত করা (এক ধরনের রূপান্তর) এবং আবারও এ অঞ্চলের মানুষের সামনে নতুন বাস্তবতা উপস্থিত, যাঁরা পুরো প্রক্রিয়াটাই তৌফিক মনে করেন দারুণভাবে কাজ করার দৃশ্য শিল্পকে সাধারণ মানুষের বোধের ভেতরে আনার প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। এরপর কারওয়ানবাজারের একটি খাবার হোটেলকে নিয়ে কাজ করেন। চিরায়ত খাবার হোটেলের অভ্যন্তরে তৈরি করলেন কারওয়ান বাজারে প্রকৃত বাস্তবতা এবং শিল্পের সমন্বয় ঘটালেন। যাতে সৃজিত হলো নানামাত্রা। এই প্রক্রিয়ায় আরও বৃহৎ পরিসরে কাজ করার ইচ্ছা ব্যক্ত করলেন তিনি। আর বাংলাদেশের নবীন প্রজন্মকে ইতিবাচক দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানালেন। বললেন, ‘আসলে এস এম সুলতানই একমাত্র মৌলিক শিল্পী বাংলাদেশের স্বাধীনতা-উত্তর ইতিহাসে। সুলতানকে গভীরভাবে পাঠ করার মধ্য দিয়ে নবীনরা পেতে পারে নতুন পথের সন্ধান। হেনরি মুর, রাম কিংকর, সোমনাথ হোরদের কাজ তাঁকে উৎসাহিত করেছে বলে শিল্পী জানান। তৌফিকুর রহমান মনে করেন, শিল্পকলা একাডেমী, বাংলা একাডেমী, জাতীয় জাদুঘরের শিল্পসংগ্রহশালা এসব প্রতিষ্ঠানকে প্রকৃত অর্থেই নিজেদের ব্যবস্থাপনা ও কার্যক্রমে শিল্পবান্ধব, জাতীয় স্বার্থ ও সম্মান রক্ষা পায় এমন কার্যক্রম হাতে নেওয়া উচিত। তাহলে, কর্পোরেট কোম্পানিগুলোর আগ্রাসনের মাত্রা কমে যেতে পারে। এভাবে বিভিন্ন কথা বিনিময়ের মধ্য দিয়ে শিল্পীর বর্তমান শিল্প ও চিন্তার ভুবনকে ধরা গেল সহজেই। এবং দেখালেন কাজ করার স্টুডিও ঘরটি । যদিও নিজেকে স্টুডিও আর্টিস্ট মনে করেন না তিনি। তৌফিকুর রহমান সদা অনুসন্ধিৎসু ভাবনার জগতে নির্মিত স্টুডিওতে সদা কর্মময় একজন শিল্পী, যার বাস্তব নির্মাণ তাঁর বিভিন্ন কাজে উপস্থাপিত হয়েছে।