সন্ত্রাসবাদ মানবীয় মূল্যবোধের পরাজয় ঘটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আর্ট অ্যাগেইনস্ট টেররিজম: ব্রেভ হার্ট
সম্পাদক: ক্যাথেরিন গ্রেস গার্ডনার
প্রচ্ছদ: শাহাবুদ্দিন আহমেদের তেলরং চিত্র অবলম্বনে * প্রকাশক: কসমস বুকস * প্রকাশকাল: আগস্ট ২০১৬ * ৯৬ পৃষ্ঠা * দাম: ২৪০০।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ক্ষেত্রে শিল্প আমাদের সবেচেয় শক্তিশালী অস্ত্রগুলোর মধ্যে একটি।
বাংলাদেশের মতো শান্তিপূর্ণ দেশে সম্প্রতি যে সন্ত্রাসী হামলা হচ্ছে, যার চূড়ান্ত রূপ দেখা গেল হলি আর্টিজান বেকারিতে হামলার মধ্য দিয়ে, তার কারণে আমাদের সম্মিলিত অবস্থান নেওয়া জরুরি। যে আদর্শ এই ধরনের সহিংসতা উসকে দেয়, তা বাতিল করতে আমাদের দ্ব্যর্থহীন হতে হবে, যে পথে কখনোই আমাদের দোদুল্যমান হওয়া চলবে না। এমনকি তা যদি অন্য ধর্মের স্বার্থ রক্ষাও করতে চায়।
কিন্তু নিশ্চিতভাবেই এ কথা বলা যায়, বাংলাদেশকে এই প্রথম এমন অবস্থান নেওয়ার জায়গায় যেতে হয়নি। এমন একটি ঘৃণ্য ব্যাপার হচ্ছে, ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা (শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে যান)। আজ ৪১ বছর পর জাতির বিবেককে পাপমুক্ত করতে গ্যালারি কসমস আর্ট ও কসমস বুকস আর্ট অ্যাগেইনস্ট টেররিজম: ব্রেভ হার্ট প্রকাশ করেছে। যে ব্যক্তি ‘সোনার বাংলা’ উদ্গাতা ছিলেন, গ্যালারি কসমস তাঁর প্রতি নন্দনতাত্ত্বিক শ্রদ্ধা জানাতে ৭৮ জন শিল্পীর কাজ একত্র করেছে।
মুখবন্ধে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস সন্ত্রাসবাদের ধর্মীয় রূপ নিয়ে বিস্তারিত লিখেছেন, ‘সন্ত্রাসীরা নিজেদের কাজের ব্যাখ্যা দিতে ধর্মের সবচেয়ে সংকীর্ণ ভাষ্যের দ্বারস্থ হয়। অনেক ক্ষেত্রেই দেখবেন, অন্য অনেক কিছুর সঙ্গে এরা শৈল্পিক সুষমায় অবগাহন করা থেকে বিরত থাকে, যা জীবনের অনেক সৌন্দর্যের জন্ম দেয়।’
এই বইয়ে বিভিন্ন নিবন্ধের সঙ্গে গ্যালারি কসমসের চেয়ারম্যান এনায়েতউল্লাহ্ খানের নিবন্ধও ছাপা হয়েছে। এতে ১৯৮৭ সালের ১৬ আগস্ট গৃহীত শেখ হাসিনার এক বিরল সাক্ষাৎকারও আছে। তিনি সেখানে পিতা শেখ মুজিব সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন। বিশিষ্ট ব্যক্তিরা তাঁদের লেখায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, যেখানে বঙ্গবন্ধুর সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিন আহমাদকেও স্তূতি করা হয়েছে (২০১০ সালে মরণোত্তর ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত)। যিনি সেদিন দায়িত্ব পালন করাকালে বুলেটবিদ্ধ হয়েছিলেন। আক্ষরিকভাবে, তাঁর মৃত্যু সেদিনের মারাত্মক ঘটনাবলির মধ্যে বীরগাথা হয়ে থাকবে।
বিশিষ্ট শিল্পীদের মধ্যে সমরজিৎ রায় চৌধুরী, হামিদুজ্জামান খান, কালিদাস কর্মকার, আবদুল মান্নান, বীরেন সোম, অলকেশ ঘোষ, শাহাবুদ্দিন আহমেদ, ফরিদা জামান, নাসির আলী মামুন, শিশির ভট্টাচার্য্য, কনকচাঁপা চাকমাসহ অন্যদের শিল্পকর্ম এতে স্থান পেয়েছে।
হরেক ফর্মে কাজ করেছেন শিল্পীরা। তাঁদের মধ্যে সমরজিৎ রায় কালি ও প্যাস্টোলে কাজ করেছেন, যার শিরোনাম ‘আমার বাংলা’, হামিদুজ্জামান খান অ্যাক্রিলিকে কাজ করেছেন। ওদিকে তাজুল ইসলাম বঙ্গবন্ধুকে ট্যাপেস্ট্রিতে ধারণ করার চেষ্টা করেছেন। শিল্পীদের ব্যবহৃত অন্যান্য মাধ্যমের মধ্যে আছে কাগজে মিশ্র মাধ্যম, কাঠ-কয়লা ও ফটোগ্রাফি। তাঁদের কাগজ ও ক্যানভাস প্রকৃত অর্থে অনুপ্রেরণার আধেয়, যেখানে তাঁরা শেখ মুজিবকে নিয়ে অনুভূতির চিত্র এঁকেছেন।
‘অ্যাকশন ইজ অ্যান্টিডোট টু ক্যানসার’ শীর্ষক প্রবন্ধে মার্কিন শিল্পী সুজান বেনটন জোর দিয়ে বলেছেন, শিল্প কীভাবে সৃজনকালের সঙ্গে সম্পর্কিত। তিনি লিখেছেন, ‘আপনি কে তা নির্ধারণ করে দেয় শিল্প। আমরা কাকে মূল্য দিই বা অবমূল্যায়িত করি, তাও নির্ধারণ করে শিল্প। এটা আমাদের এক কাঠামোর সন্ধান দেয়, যেখানে আমরা বর্তমানে নিজেদের দেখার সঙ্গে তার বাইরে নিজেদের জায়গা করে নিই।’
অ্যামি ও অস্কারবিজয়ী ড. জম যথাযথভাবে আমাদের সবার প্রতি আবেদন করেছেন, নিজেদের ভিন্নতা দূরে সরিয়ে সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করতে হবে। আর্ট অ্যাগেইনস্ট টেররিজম: ব্রেভ হার্ট সেই লড়াইয়ের এক অস্ত্র, যা নির্মাণ করেছে গ্যালারি কসমস। এই অস্ত্র প্রভূত শক্তিশালী, অনেকটা তার নায়কের মতো।