সপ্তসিন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিতে কীটনাশক ব্যবহার না করে বিষমুক্ত ফসল ফলানোর আন্দোলন করছেন মতিন সৈকত। কুমিল্লার দাউদকান্দির ১৫৪টি গ্রামের কৃষকদের বালাইনাশক বিষয়ে সচেতন করেছেন। পেশায় তিনি চান্দিনা উপজেলার তীরচর সিনিয়র মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক। সাক্ষাৎকার নিয়েছেন গাজীউল হক : বিষমুক্ত ফসল ফলানোর আন্দোলন করছেন। এতে কৃষকদের সাড়া কেমন পাচ্ছেন?: আমার বাবা একজন সমাজকর্মী ছিলেন। কৃষি আন্দোলনেও তিনি ভূমিকা রেখেছিলেন। বাবা সব সময় বলতেন, ‘সুস্বাস্থ্য নির্মল পরিবেশ, অধিক ফলনে নিরাপদ’। অর্থাৎ জমির ফসল যদি স্বাস্থ্যসম্মত হয়, তবে মানুষ নিরাপদে নির্মল পরিবেশে বসবাস করতে পারবে। বাবার ওই ধারণা আমার মনে গেঁথে যায়। গত ১৭ বছর স্বল্প মূল্যে কৃষকদের সেবা দিয়ে আসছি। দাউদকান্দির কালাডুমুর নদ থেকে পানি উঠিয়ে জমিতে সেচ দিচ্ছি। প্রতি বিঘা জমিতে ২০০ টাকা দিয়ে আমরা সেচকাজ করছি। একই সঙ্গে জমির ফসল রক্ষার জন্য জমিতে বঁশের কঞ্চি পুঁতে দিই। ওই কঞ্চিতে পাখি বসে। এরপর পাখিরা জমির পোকামাকড়গুলো খেয়ে ফেলে। : কোনো প্রাতিষ্ঠানিক সংগঠনের মাধ্যমে কি আপনারা ওই আন্দোলন করছেন?: দেখুন, দাউদকান্দি উপজেলা প্লাবনভূমিতে মৎস্য চাষ করে জাতীয় পর্যায়ে খ্যাতি অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় আমরা দাউদকান্দির সব ফসলি জমিকে বিষমুক্ত করার অঙ্গীকার করেছি। দাউদকান্দির ১৫৪টি এলাকায় সমন্বিত বালাই ব্যবস্থাপনা ও সমন্বিত ফসল ব্যবস্থাপনা কমিটি রয়েছে। ওই কমিটিগুলোর একটি কেন্দ্রীয় কমিটি রয়েছে। দাউদকান্দি কেন্দ্রীয় সমন্বিত বালাই ব্যবস্থাপনা কমিটি নামে সেটি পরিচিত। যার প্রতিষ্ঠাতা সভাপতি আমি। ২০০৫ সালে কৃষকদের ১৭টি পানির মেশিন দেওয়া হয়। ওই মেশিনের মাধ্যমে কৃষকেরা জমিতে নদী থেকে পানি উত্তোলন করেন। এতে কৃষকের খরচ কম পড়ে। সংগঠনের মাধ্যমেই আমরা এসব করেছি।: ঢোল পিটিয়ে বিষমুক্ত ফসল ফলানোর আহ্বান কীভাবে করেন?: ফসলের মৌসুমে আমরা সিদ্ধান্ত নিলাম, পোকায় ধানিজমি আক্রান্ত হলেই ঢোল বাজাব। ঢোলের শব্দ শুনে কৃষকেরা বোঝেন, জমিতে পোকা ধরেছে। এরপর আমি কৃষকদের পোকা তাড়ানোর কৌশল বাতলে দেই। সেই অনুযায়ী কৃষকেরা কাজ করেন। : আপনার পরিবার ও এলাকাবাসী বিষয়টিকে কীভাবে মূল্যায়ন করছেন?: শিক্ষকতা করার পাশাপাশি কৃষকদের আধুনিক চাষাবাদ ও বালাইনাশক দূর করা নিয়ে সব সময় তৎপর থাকি। এতে কোনো ধরনের ফি নেওয়া হয় না। সম্পূর্ণ বিনা মূল্যে ওই সেবা দেওয়া হয়। মানুষের জন্য কাজ করতে পারছি, এটাকে আমার পরিবারসহ সবাই বড় চোখেই দেখে। আমার বিশ্বাস কৃষিতে দাউদকান্দি উপজেলা একদিন বিষমুক্ত ফসল ফলিয়ে সারা দেশে সুনাম কুড়াবে।