মেজর নুসরত নুর আল চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় নারী ছত্রীসেনা বা প্যারাট্রুপার হিসেবে পঞ্চম প্যারাস্যুট জাম্প সম্পন্ন করেছেন। সিলেট সেনানিবাসের কমান্ডো ব্যাটালিয়নে বিশেষ যুদ্ধ শাখায় তিনি কর্মরত রয়েছেন। তাঁর স্বামী মেজর মোহাম্মদ মঞ্জুরুল হকও ছত্রীসেনা। সেনাবাহিনীর ইতিহাসে তাঁরাই প্রথম ছত্রীসেনা দম্পতি। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি কামরুল হাসানছত্রীসেনার কাজ তো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জেনেবুঝে ছত্রীসেনা হতে গেলেন কেন? নুসরত চৌধুরী: আমার শৈশব কেটেছে সৌদি আরবে। পড়াশোনা করেছি ঢাকায়। সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর যাঁকে বিয়ে করেছি, তিনি নিজেই একজন ছত্রীসেনা। তিনি বিদেশে যে প্রশিক্ষণ নিয়েছেন, তার ভিডিওতে দেখেছি পুরুষের পাশাপাশি অনেক নারীও সেখানে ছত্রীসেনা। তখন থেকেই ছত্রীসেনা হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। কিন্তু আমাদের সেনাবাহিনীতে তখনো নারী ছত্রীসেনা হওয়ার কোনো সুযোগ ছিল না। তারপর নিজেই সেনাপ্রধানের কাছে আবেদন করলাম। অনুমতিও মিলে গেল। বিমান থেকে শূন্যে ঝাঁপিয়ে পড়ার সময় আপনার অনুভূতি কেমন হয়?নুসরত চৌধুরী: শূন্যে ঝাঁপিয়ে পড়ার আগে শারীরিক উৎকর্ষ যাচাই ও ভূমি প্রশিক্ষণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আমি ৪ এপ্রিল এএন-৩২ বিমান থেকে দুবার এবং ৮ এপ্রিল সেসনা গ্র্যান্ড ক্যারাভান বিমান থেকে তিনবার জাম্প করি। পাঁচবারই জাম্প করেছি চীনে তৈরি টাইপ-৯ প্যারাস্যুট ব্যবহার করে। পঞ্চমবার নেমে এসেছি আড়াই হাজার ফুট ওপর থেকে। আমার সঙ্গে স্বামী মেজর মঞ্জুরুল হকও সেদিন জাম্প করেন। জাম্প করার সময় সৃষ্টিকর্তাকে স্মরণ করি। জাম্প করি খুব সাবধানে সতর্কতার সঙ্গে। শূন্যে পা বাড়ানোর সময়টায় একটু চিন্তা থাকে। কিন্তু প্যারাস্যুট খুলে গেলে সব ভয় দূর হয়ে যায়। আপনারা স্বামী-স্ত্রী দুজনেই ছত্রীসেনা। সহকর্মীরা আপনাদের কীভাবে দেখেন?নুসরত চৌধুরী: আগেই বলেছি, আমার পঞ্চম জাম্প ছিল আড়াই হাজার ফুট ওপর থেকে। আমার সঙ্গে ছিলেন আমার স্বামী মঞ্জুরও। আমাদের দুজনকে একসঙ্গে লাফিয়ে পড়তে দেখে বিমানের ভেতর থেকে একজন সহকর্মী বলে উঠলেন, আকাশে কিন্তু কোনো রোমাঞ্চ করা চলবে না। নিচে নামার পর দেখি, সহকর্মীরা সবাই আনন্দে আত্মহারা। তাঁদের আনন্দ দেখে আমার চোখে পানি এসে গেল। তাঁরা আমাদের অভিনন্দন জানালেন।