সপ্তসিন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা ধসের পর চিকিৎসার জন্য সবার আগে এগিয়ে এসেছে যে প্রতিষ্ঠানটি, সেটি হলো সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। দুর্ঘটনাস্থল থেকে একটু দূরে অবস্থিত এই হাসপাতালের চিকিৎসক, শিক্ষার্থী ও নার্সদের নিরলস পরিশ্রম চিকিৎসাসেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. মো. এনামুর রহমান (৫৬)। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন সিমু নাসেরহাসপাতালে যখন রোগী আসা শুরু হলো, তখন কী ভেবেছিলেন?রানা প্লাজা যখন ধসে পড়ে, তখন আমি এনাম মেডিকেলের দশতলার বাসায় ছিলাম। সকাল আটটা ৫০ মিনিটে হাসপাতালের পরিকল্পনা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আনোয়ারুল কাদেরের একটা ফোন পেলাম। তিনি বললেন, ‘স্যার, আমি এখন রানা প্লাজার সামনে। বিল্ডিংয়ে ধস নেমেছে।’ বললাম, তাড়াতাড়ি হাসপাতালে আসেন। রানা প্লাজায় তিন থেকে পাঁচ হাজার কর্মী আছে, যতটুকু জানি। প্রচুর হতাহত হবে। আহতদের চিকিৎসা দিতে হবে। সবাইকে তৈরি হতে বলেন। আমার মাথায় ছিল, একটা রোগীকেও চিকিৎসার অভাবে মারা যেতে দেওয়া যাবে না।এত লোকের চিকিৎসার কাজটা আপনারা কীভাবে করলেন?ঘটনার পরপরই মেডিকেল কলেজের প্রিন্সিপালকে ফোন দিয়ে বললাম, এক্ষুনি ক্লাস বন্ধ করে দিয়ে সব শিক্ষার্থী ও শিক্ষককে নিয়ে মেডিকেলের লবিতে আসুন। ম্যানেজমেন্টকে বললাম, আমাদের যত অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস আছে, রানা প্লাজায় পাঠান। পূর্বনির্ধারিত সব অপারেশন বাদ দিলাম। ডাক্তার, নার্স, শিক্ষার্থীদের মধ্যে কয়েকটা ভাগে ভাগ করে হাসপাতালের নিচ থেকেই নিজেরা রোগী রিসিভ করে সেখান থেকেই রোগীর অবস্থা বুঝে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ব্যবস্থা করলাম। হাসপাতালের ফার্মেসিকে বলে দিলাম, যত ওষুধ লাগে পাঠাতে। কোনো হিসাব করতে হবে না। এ কয়েকটা নির্দেশ ও সবার আন্তরিক পরিশ্রমে কাজটা হয়েছে এবং এখনো হচ্ছে।এমনভাবে রোগীর চিকিৎসা দিয়ে আপনারা একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। অনেক হাসপাতালের ক্ষেত্রেই এমনটা দেখা যায় না...আমাদের হাসপাতালের বয়স ২৫। আগে এটা ক্লিনিক ছিল। সাভারের এই জায়গায় আছি ২০০৩ সাল থেকে। আমরা কিন্তু শুরু থেকেই রোগীদের এভাবে চিকিৎসা দিয়ে আসছি। আমার নীতি হলো, আগে চিকিৎসা করে কাউকে বাঁচানো, পরে দেখা যাবে কী হয়। মূল সড়কের পাশে বলে সব সময়ই আমরা দুর্ঘটনায় আক্রান্ত রোগীসহ বিভিন্ন ধরনের জরুরি চিকিৎসার রোগী পাই। তাদেরও এভাবেই চিকিৎসা দিই। এবার একটি বড় ঘটনার কারণে আপনারা জানতে পারলেন। আমরা যেকোনো পরিস্থিতিতে সারা জীবন মানুষের চিকিৎসাসেবা দিয়ে যেতে চাই।