৬ মে সকালে বাড়ির পাশের লাকড়ির গাদার নিচ থেকে বিড়ালের বাচ্চার কান্নার মতো শব্দ শুনতে পান জাহাঙ্গীর আলম। তখনই এক এক করে লাকড়ি সরিয়ে তিনি একটি বন্য প্রাণীর বাচ্চা উদ্ধার করেন। সারা দিন নিজ সন্তানের মতো পরিচর্যার পর রাতে বাচ্চাটিকে মায়ের কাছে ফিরিয়ে দিয়ে বন্য প্রাণী সংরক্ষণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন মুক্তার হোসেনএকটা প্রাণীর বাচ্চার কান্না শুনে আপনি তাকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়লেন কেন?আমার নিজের একটা শিশুসন্তান আছে। সে যখন কান্না করে তখন আমি স্থির থাকতে পারি না। ওর সমস্যাটা বোঝার চেষ্টা করি। সমাধানের উদ্যোগ নিই। একই কারণে ওই বন্য প্রাণীর বাচ্চাটার কান্না আমার অন্তর আত্মাকে নাড়া দেয়। আমি তাৎক্ষণিক আমার বাড়ির পেছনের লাকড়ির গাদা সরানোর কাজ শুরু করি। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর বিড়ালের বাচ্চার মতো ১৫ থেকে ১৬ দিনের একটা বাচ্চা উদ্ধার করি।উদ্ধারের পর বাচ্চাটি ঝোপঝাড়ে ছেড়ে না দিয়ে বন্য প্রাণী বিভাগে খবর দিলেন কেন? বাচ্চাটি উদ্ধারের পর প্রতিবেশীরা অনেকেই বললেন, এটা বিড়ালের বাচ্চা না। তাঁদের সবার ধারণা, বাচ্চাটি মেছোবাঘের। তখন সংবাদপত্রের একটা লেখার কথা মনে হলো। ওই লেখায় দেখেছিলাম, বাঘ মারলে অনেক টাকা জরিমানা দিতে হয়। ওই অবস্থায় বাচ্চাটি আমার বাসায় মারা যেতে পারে। আবার ছেড়ে দিলে গ্রামের ছেলেরা পিটিয়ে মারতে পারে। এই ভয় ও ভালোবাসা থেকে সিদ্ধান্ত নিলাম, ঘটনাটি ইউএনও স্যারকে জানাব। তখন মুঠোফোনে স্যারকে জানালাম। তিনি আবার তখনই ঘটনাটি বন বিভাগের কর্মকর্তাদের জানান। স্থানীয় বন কর্মকর্তা এসে আমাকে নিশ্চিত করলেন, বাচ্চাটি মেছোবাঘের। খবর দেওয়া হলো রাজশাহীর বিভাগীয় বন্য প্রাণী কর্মকর্তাকে। ততক্ষণে আমার স্ত্রী বাচ্চাটি পরিচর্যার সব ধরনের ব্যবস্থা নেন।বন্য প্রাণী বিভাগের কর্মকর্তারা আপনাকে কী পরামর্শ দিলেন?রাজশাহী অঞ্চলের বন কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়, বড়াইগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও উপজেলা বন কর্মকর্তা নাবিউল ইসলাম ওই দিন বিকেলে বাচ্চাটি দেখার জন্য আমার বাড়িতে আসেন। আঞ্চলিক বন কর্মকর্তা বাচ্চাটি মেছোবাঘের বলে নিশ্চিত করেন। তিনি জানান, এত ছোট বাচ্চা মানুষের পক্ষে বাঁচানো অনেকটা অসম্ভব। বরং বাচ্চাটি রাতে ওই লাকড়ির গাদার কাছে রেখে দিলে মা-বাঘ তাকে নিয়ে যাবে। তাঁর পরামর্শমতো বাচ্চাটি রাত নয়টার দিকে অতি গোপনে সেখানে রেখে আসি। সত্যি সত্যি গভীর রাতে মা-বাঘটি এসে বাচ্চাটিকে নিয়ে যায়। অত্র এলাকায় বন বা বড় ধরনের কোনো জঙ্গল নেই। তাহলে হিংস্র এই প্রাণী এখানে কীভাবে এল?আমাদের এলাকায় অনেক পুকুর রয়েছে। শুনেছি, মেছোবাঘ মাছ শিকার করে খায়। তাই খাবারের সন্ধানে হয়তো তারা এই এলাকায় এসেছে। এত দিন তারা আশপাশের আখের খেতে রাত যাপন করত। সম্প্রতি আখ কেটে নেওয়ার পর তারা নিরুপায় হয়ে আমার বাড়ির পেছনের লাকড়ির গাদায় আশ্রয় নিয়েছিল। বেঁচে থাকার জন্য হয়তো ঝুঁকি নিয়েই তারা এখানে থাকতে বাধ্য হয়েছে।