সফদার ডাক্তার

সফদারের কিন্তু ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল সে ডাক্তার হবে। আর ইচ্ছাটা এমনই জোরালো যে, সবাই যখন পুঁইয়ের ডগা দিয়ে স্টেথিস্কোপ বানিয়ে মিথ্যামিথ্যি ডাক্তার ডাক্তার খেলত, সফদার তখনো পড়ত। সবাই তাই তার নাম দিয়েছিল পড়ুয়া সফদার!
কিন্তু বেশি বেশি পড়ার জন্যই কিনা কে জানে…কয়েক ক্লাস যেতে না যেতে সফদার কেমন যেন ভুলুয়া সফদার হয়ে গেল; মানে যত পড়ে, ততই সে ভোলে! এই সকালে হয়তো পড়ে এল ভারতের রাজধানীর নাম দিল্লি, কয়েকটা ঘণ্টা পার হতে না হতেই সেটা কেমন করে যেন হয়ে গেল আগ্রার রাজধানীর নাম তাজমহল!
শিক্ষকেরা প্রথম প্রথম ভাবলেন, আহা চাপ তো যাচ্ছে! এই সকালবেলা স্কুলের এতগুলো ক্লাস—প্রতিটি ক্লাসে আবার ছাত্রদের অত্যাচার করার নানান রকম ফন্দিফিকির...কাল ক্লাস টেস্ট তো আজ সারপ্রাইজ টেস্ট। সঙ্গে হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্টসহ আরও কত যে নতুন নতুন আপৎ ছাত্রদের দিতে হচ্ছে, তার তো ঠিক নেই। আবার এই আপৎ না দিয়েও উপায় নেই। না হলে অভিভাবকেরাই আবার ঠেঁসে ধরে...আমার ছেলেকে পড়া দেন না কেন…আবার এই পড়াই যে শেষ পড়া তা-ও তো না। স্কুল শেষ হয়ে দুপুরে বাসায় কোনো মতে পৌঁছাতে না পৌঁছাতেই বিকেলবেলা কোচিংয়ে যায় সফদার। সন্ধ্যায় আবার গৃহশিক্ষক এসে অঙ্কটা, ইংরেজিটা চিবিয়ে চিবিয়ে বুঝে নেন সফদারের কাছ থেকে!
ওদিকে সফদারের বাবা দিলদার তেমন মানুষই নন যে সন্তানের লেখাপড়ার বিষয়টা খেয়াল রাখবেন না। ফলে পুরান ঢাকার জর্দার দোকানটা বন্ধ করেই দিলদার ছুটে এসে সফদারকে নিয়ে ছাদের ওপর পড়তে বসান। সে নানান বিষয়ে পড়া…কিছুটা শুনলে বোঝা যায়, কিছু না শুনলেও বুঝতে অসুবিধা হয় না!
যেমন দিলদার জানতে চান, আজ কী পড়াল স্যারেরা?
সফদার চোখ বড় বড় করে, গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে বলল, অঙ্ক স্যার হাতি পড়াল! বলল, একটা লালচে হাতি দিনে এক ড্রাম গোসল করলে আকাশে কতক্ষণ উড়তে পারে!
গণিতে দিলদার নিজেও কাঁচা ছিলেন। তিনি বললেন, তাই তো? তা কতক্ষণ উড়তে পারে?
সফদার বলল, এটা তো খুব সোজা! বাংলা মিসের কাছেই এর উত্তর আছে…
: বটে! গণিতের ব্যাপার-স্যাপার আজকাল তাহলে বাংলা মিসেরা দেখছে! দেশ কি আর সাধে রসাতলে যাচ্ছে! তা কী উত্তর?
: এই ওড়াটা নাকি নির্ভর করছে কী এক তত্ত্বের ওপর। কিন্তু ওটা এখনই বের করা যাবে না। ওটার জন্য আগে আপেলগাছতলায় বসতে হবে। চেয়ার নিয়ে, ওল্ডটন হয়ে! ওল্ডটন কী জানো, বাবা?
: জানি না আবার! সব দেখি তোরাই শিখেছিস, নাকি? আমি আমার সময়ে একসঙ্গে কয়টা ক্লাস টপকে ফাইভে উঠেছিলাম জানিস?
: কয়টা?
: পাঁচটা। বাবা বলেছিল এটা আমার টাকার স্কুল, আমার ছেলে ফাইভে ভর্তি হবে! তারপর থেকেই তো আমি ধর তুখোড় ছাত্র!
: আমিও তুখোড় ছাত্র হতে চাই, বাবা। বড় হয়ে আমি ডাক্তার হতে চাই!
: হতেই হবে! পড় পড় আর পড়! বইয়ের ভেতর নাকমুখ গুঁজে শুধু পড়!
তো পড়তে পড়তে পড়তে নাওয়া-খাওয়া সব ভুলল সফদার। বই থেকে চোখ তুলে তাকাত না। পাছে একটা শব্দ কম পড়া হয়। কিন্তু পরীক্ষায় ফলাফল হতে লাগল খুব খারাপ। ইংরেজি আর বাংলায় একটা করে শূন্য পেলেও গণিতে পেল দুইটা শূন্য। এ নিয়ে অবশ্য সফদারের গর্বের শেষ রইল না। সে জানাল, গণিতে সে সবচেয়ে ভালো করেছে…কারণ তাকে দুটো গোল্লা দেওয়া হয়েছে!
স্কুলেও যখন আর সহ্য করছে না সফদারকে, বাবা-মায়েরাও যখন বুঝতে পারছে না সফদারের কী হলো, তাহলে কি তাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়াই ভালো… নাহলে সে ডাক্তার হবে কীভাবে? তখন সফদারের সঙ্গে পরিচয় হলো একটা ছোট্ট হলুদ হাঁস বন্ধুর!
আচ্ছা, হলুদ হাঁস বন্ধুটা কিন্তু খুবই খিলখিল করতে পারে। সফদার প্রথম প্রথম খুব বিরক্ত হতো…এত হাসি কীভাবে যে হাসে হাঁসটা! যখন-তখন হাঁসটা প্যাঁক প্যাঁক আওয়াজ তুলে জুড়ে দিত হাসি। সফদার একটু দূর থেকে হাঁসের আওয়াজ শুনত, খিলখিল করা দেখত, এসব দেখতে তার খারাপ লাগত না। কিন্তু পরক্ষণেই মনে হতো, ওহ হো, পড়তে তো হবে! কিন্তু পড়ার প্রতিও তো কেমন যেন আগ্রহ হারিয়ে ফেলছিল সফদার। পরীক্ষায় রেজাল্টই তো ভালো করতে পারে না।
তখনই তার কানের কাছে কে যেন প্যাঁক প্যাঁক করে উঠল। সফদার চমকে ঘুরে তাকিয়ে দেখল, ওই যে হাঁসটা। একেবারে কান ছুঁয়ে দাঁড়িয়েছে। সফদার রেগে বলল, কী হলো? হাঁসটা বলল, শোনো, এ কথা আগের বাসাতেও বলেছি, এখনো বলছি। পরীক্ষার জন্য পোড়ো না!
হাঁসের কথা হেসেই উড়িয়ে দিল সফদার—পরীক্ষার জন্য পড়ব না তো কিসের জন্য পড়ব?
হাঁস দ্রুত বলল, নিজের জন্য! পড়াশোনা, খেলাধুলা যা করবে সব নিজের জন্য করবে…ঠিক আছে?
যে সফদার কারও কথা এই জীবনে শোনেনি, সেও হাঁসের কথা শুনতে থাকল। আর শুনে শুনে বুঝতে পারল, পড়ালেখা আসলে আনন্দের জিনিস। শুধু পরীক্ষার জন্য পড়ে এই আনন্দ মাটি করে দেওয়ার কোনো মানে হয় না!
হাঁসটাকে সফদার প্রায় ভালোই বেসে ফেলল। হাঁসের কথামতো, সবার সঙ্গে খেলার সময় খেলা, পড়ার সময় পড়তে থাকল!
শুনলাম, বড় হয়ে সফদার নাকি ডাক্তার হয়েছে। খুবই জনপ্রিয় ডাক্তার! ভাবছি, যাব একবার তার সঙ্গে দেখা করতে। আমার আবার কয়েক দিন ধরে পেটের ভেতর গুটুর গুটুর করছে...