এ কোন নগর? কেউ কি দেখেছে এমন ঢাকা? পথে নেমেই মনে হলো, কোনো দুঃস্বপ্নের ভেতর দিয়ে যাচ্ছি কি না? যে পথ পেরোতে ঘণ্টা দুয়েক কেটে যেত স্থবিরতায়, সেই পথ পেরিয়ে এলাম মোটে বিশ মিনিটে, তবু যেন কোথাও আনন্দ নেই, স্বস্তি নেই, শান্তি নেই। সুনসান রাস্তা দেখে মন বলল, ওটা কি নির্জীব সড়ক, না কালো অজগর পড়ে আছে একা, চারপাশে এ কি বাতাসের হাহাকার, নাকি নীরবতা? কেমন ধাঁধার মতো লাগে সব। মনে হয় এ যেন এক ঘুমন্ত নগরী, হঠাৎ যেন কারও ক্রুদ্ধ অভিশাপে নগরবাসী যে যেখানে ছিল, সেখানেই ঘুমিয়ে গেছে।
এক ঘোর সন্দেহ আর অবিশ্বাসের কাল শুরু হয়েছে যেন! নিজের হাতটাই কি অজান্তে বহন করছে ভাইরাসের অদৃশ্য বীজ? সাবানে, পানিতে ঘষে ঘষে হাত ধুয়েও ভয় যায় না। মনে হয়, পাশের লোকটার শরীরেই বুঝি ঘাপটি মেরে বসে আছে জীবাণু, স্পর্শমাত্রই তা আক্রান্ত করবে আমাকে। আমিই তখন হয়ে উঠব নীরব ঘাতক। না চাইলেও সংক্রমিত করে ফেলব আমার সবচে প্রিয় মানুষটিকেই।
গল্প–উপন্যাসে প্রাচীন বাংলায় নেমে আসা ওলা ওঠা, শীতলা দেবীর কথা পড়েছি। এই লৌকিক দেবীরা যেখানে দেখা দিতেন, সেখানে মড়ক নেমে আসত, গ্রামের পর গ্রাম শূন্য হয়ে যেত মহামারির কৃপায়। একালের ওলা দেবী করোনাও তাদেরই মতো জাত-অজাত, ধনী-গরিবের ভেদাভেদ মানছেন না।
এখন সেই ওঝা কোথায়, যিনি গায়ে আতর মেখে ধূপকাঠি জ্বেলে, জোরেশোরে হাঁক ছাড়বেন, ‘বালা দূরে যাওরে, আলী জুলফিকার, এই গেরাম ছাড়িয়া যাও দোহাই আল্লাহর...’। হ্যাঁ, আধুনিক ওষুধ আর ভ্যাকসিনের দাপটে সেকালের পুরোহিত আর ওঝাদের দাপট যেমন কমেছে, তেমনি কালের অতলে পালিয়ে গেছেন ওলা বিবি আর শীতলা দেবী।
এ যুগের করোনা বিবি বা দেবী এখনো ভ্যাকসিন আর ওষুধের আওতামুক্ত হয়ে সদর্পে বিচরণ করে যাচ্ছেন। তাঁর ক্ষুদ্রাকৃতির সৈন্যবাহিনী প্রাকৃতিক, চালাক আর বুদ্ধিমান। কোভিড-১৯–এর দলবল জোট বেঁধে এখন মানুষের দুর্বলতা আর অসতর্কতার ফাঁক-ফোকড় খুঁজে বেড়াচ্ছে। মানুষের হাত বেয়ে, নাকে–চোখে–মুখে ঢুকে বাসা বাঁধতে চাইছে অক্সিজেনের কারখানা ফুসফুসে।
মানুষ এখন স্বেচ্ছায় ঢুকে গেছে নিজ নিজ গৃহে, বহুদিন পর যেন নিজের দিকে ফিরে তাকাবার অবকাশ মিলছে তাদের। থমকে যাওয়া আবদ্ধ জীবন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, দুর্যোগের দিনগুলোতে মানুষ আসলে কতটা একা, করুণ আর অসহায়! বাঁচার উপায় এখন বিচ্ছিন্নতা আর যথাযথ দুরত্ব বজায় রাখা।
তবে এই ভীত বিষণ্নতার সময়েও তো চমকে যেতে হয়, প্রকৃতির মনমাতানো রূপ-রস-গন্ধ দেখে। যান্ত্রিক কোলাহলের অনুপস্থিতিতে এই মৃত নগরেও কানে আসছে পাখিদের কলতান, ঝিঁঝির ঐকতান। ঘাসের ফাঁকে উঁকি দিচ্ছে সাদা–হলুদ ফুল। আমগাছের ডালে নিশ্চিন্তে দোল খাচ্ছে কচি সবুজ আম–শিশু। রাধা আর কৃষ্ণচূড়ার পাশে জ্বলছে জারুলের রঙিন বিভা। অনুভব করি, বিশুদ্ধ হচ্ছে বাতাস। আকাশে দেখি নীলিমার নম্রতা। শুনতে পাই, সমুদ্রে ফিরে আসছে গোলাপি ডলফিন। আলবেয়ার কামু যেমন বলেছিলেন তাঁর দ্য প্লেগ উপন্যাসে, ‘মহামারির অসুস্থ কলুষিত দিনগুলোতেও প্রকৃতি ভীষণ উজ্জ্বল, মানুষের দুর্দশার কোনো অস্তিত্বই নেই বলে মনে হয়।’
তবে সব দুঃসময়েরই শেষ আছে। এই আতঙ্ক আর অনিশ্চয়তা কেটে একটা নিরাপদ, স্বাভাবিক সূর্য নিশ্চয়ই উঠবে। একটা বদলে যাওয়া পৃথিবী হয়তো পাল্টে যাওয়া মানুষের অপেক্ষায় আছে। আর সে জন্যই হয়তো এই শোভন ভুবনে মানুষের মনে চির আশা জেগে রয়।