সব পাখি ঘরে ফেরে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি বছর শীতকালে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি কোত্থেকে আসে? কোথায় ফিরে যায়? নানা গবেষণা হয়েছে। সেই গবেষণায় যোগ হয়েছে স্যাটেলাইট ট্রান্সমিটার, যা দিয়ে প্রায় নির্ভুলভাবে জানা যায় পাখির ওড়ার ইতিহাস। ২০১০ সালে বাংলাদেশে স্যাটেলাইট লাগানো কটি পাখি এবারের শীতে ফিরে এসেছে দীর্ঘ ভ্রমণ শেষে এবং তাদের উড়ার ইতিহাস বদলে দিয়েছে পাখির গতিপথ-সম্পর্কিত তথ্য।পাখিটির নাম মরচে রং ভূতিহাঁস। গোটা পৃথিবীতে এই প্রজাতির সংখ্যা এখন এক লাখের কাছাকাছি। কিন্তু ২০০২ সালে সিলেটের টাঙ্গুয়ায় একসঙ্গে দেখা গেল ৯২ হাজার ভূতিহাঁস। বিস্ময়কর ঘটনা, পাখিবিশেষজ্ঞদের মধ্যে দারুণ সাড়া পড়ে গেল। এরপর সিলেটে দেখা মিলল বেয়ারের ভূতিহাঁস, ফ্যালকেট হাঁস, মান্দারিন হাঁস, নীলশির হাঁসসহ আরও প্রায় ৮-১০ জাতের বিরল প্রজাতির পাখি। অন্যদিকে গত তিন বছরে হাকালুকিতে দেখা পাওয়া গেছে আরও দুটি নতুন পাখির; এর একটি হলো কালাগলা মানিকজোড়, অন্যটি প্রশান্ত শৈলবগা। এখন প্রশ্ন হতে পারে, এত হাঁস শীতকালে কোত্থেকে আসে? পাখিবিজ্ঞানীদের মতে, বাংলাদেশের সীমানায় যে হাঁসগুলো আসে, এরা মূলত আসে এশিয়ান-অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে রুট ব্যবহার করে। আর সে কারণেই এ অঞ্চলে পরিযায়ী হাঁসের সংখ্যা এত বেশি। তবে পরিযায়ী পাখির এই দল কোন ফ্লাইওয়ে ধরে আসছে জানা গেলেও কোন অঞ্চল থেকে আসছে তা একরকম অজানাই ছিল এত দিন। কিন্তু শেষ পর্যন্ত সেই রহস্যেরও জবাব মিলেছে। আর এই রহস্য উদ্ঘাটনে প্রথমবারের মতো পাখি গবেষণায় যোগ হয়েছে উন্নত প্রযুক্তি ও একদল বিদেশি গবেষকের সহযোগিতা। স্যাটেলাইট ট্রান্সমিটার নামের একটি ক্ষুদ্র যন্ত্র বসিয়ে দেওয়া হয়েছে পাখির শরীরে। গবেষকদের মতে, পাখির মাইগ্রেশন রুট জানার জন্য এটাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি কার্যকর পদ্ধতি। স্যাটেলাইট ট্রান্সমিটার থেকে পাওয়া তথ্যে সহজেই জানা যায় ট্রান্সমিটারওয়ালা পাখিটি কোথা থেকে কোথায় যাচ্ছে; কত কিলোমিটার বেগে যাচ্ছে, কতক্ষণ পর বিশ্রাম নিচ্ছে—এ ধরনের সব তথ্য।উন্নত বিশ্বে বহু আগেই পাখির শরীরে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে গবেষণার কাজ শুরু হলেও বাংলাদেশে শুরু হয় ২০১০ সালের মার্চ মাসে। সিলেটের হাকালুকি হাওরে মার্চের ২ থেকে ১২ তারিখ পর্যন্ত পাখির শরীরে ট্রান্সমিটার বসানোর ভিন্নধর্মী এই ক্যাম্প চলে। আর এ কাজে বাংলাদেশ বার্ড ক্লাবের সঙ্গে যোগ দেয় বিশিষ্ট পাখিবিশেষজ্ঞ ইনাম আল হক ও ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল অরগানাইজেশন (এফএও), ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনাল (উব্লিউআই) ও ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিসি)। আর ক্যাম্পের সামগ্রিক কাজের তত্ত্বাবধানে ছিল ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশ।পাখির শরীরে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানোর জন্য কী করতে হয়? এ কাজে প্রথমে কিছু পাখি ধরতে হবে; আর এই পাখি ধরার জন্য পাতা হয় ‘মিস্ট নেট’ নামে এক ধরনের বিশেষভাবে তৈরি জাল।রাতের বেলা এই জাল পাতা হয়। রাতে পাতার কারণ, এ সময় পাখি আহারের খোঁজে আড়াল ছেড়ে বেরিয়ে আসে। বিশেষ করে, পরিযায়ী হাঁসের স্বভাব অনুযায়ী, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শিস দিতে দিতে খাবারের খোঁজে বের হয়ে পড়ে ওরা দলে দলে। রাতে পেট পুরে খেয়েদেয়ে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে ফিরতে থাকে আশ্রয়ের দিকে। তারপর পুরো দিন তারা দল বেঁধে বিশ্রাম নেয়। সে জন্যই হাঁস ধরার জন্য পাখি-গবেষকেরা সন্ধ্যা আর ভোররাতকেই বেছে নেন।পাখি ধরার কাজে বাংলাদেশের গবেষকদের প্রশিক্ষণ ও সহযোগিতা দেওয়ার জন্য ক্যাম্পে এসেছিলেন ভারতের বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি থেকে ড. বালার নেতৃত্ব্বে একদল গবেষক। তাঁদের পরামর্শ ও নির্দেশনা মেনেই পাখি ধরার কাজটি করা হয়।জালে ধরা পড়া পাখি যত্ন করে মূল ক্যাম্পে নিয়ে আসা হয়; তারপর চলে পরীক্ষা-নিরীক্ষা। পাখিটি সুস্থ আছে কি না; পাখিটি স্যাটেলাইট ট্রান্সমিটার বহন করার মতো যথেষ্ট শক্তসমর্থ কি না; পাখির শরীরে কোনো ভাইরাসের উপস্থিতি আছে কি না—এসব পরীক্ষা করতে হয়। সঙ্গে অন্য পরীক্ষার জন্য রক্ত সংগ্রহ করা হয় পাখিটির। এ ছাড়া ডানার পালক দেখেও বয়স নির্ধারণ করা হয় পাখির। এসব পরীক্ষার পর সব ঠিক থাকলে পাখির পিঠে বসিয়ে দেওয়া হয় স্যাটেলাইট ট্রান্সমিটার।হাকালুকি ক্যাম্পে পাখির শরীরে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানোর কাজে মূল ভূমিকা পালন করেছিলেন ইউএসজিসির প্রতিনিধি নিকোলা। কারণ, দলে তিনিই ছিলেন এ বিষয়ে বিশেষজ্ঞ। প্রশিক্ষণ ছাড়া আনাড়ি কারও পক্ষে ট্রান্সমিটার বসানো সম্ভব নয়।হাকালুকিতে তিন প্রজাতির মোট ১৬টি পাখির শরীরে ট্রান্সমিটার বসানো হয়েছিল। এগুলো হলো—খয়রা চখাচখি আটটি, উত্তুরে খুন্তে হাঁস পাঁচটি ও গিরিয়া হাঁস তিনটি।গত ২ অক্টোবর স্যাটেলাইট থেকে পাওয়া গেল বেশ চমকপ্রদ তথ্য। দেখা গেল, একটি উত্তুরে পুরুষ খুন্তেহাঁস শীতকাল শেষ করে গরমকাল কাটানোর জন্য শিলিগুড়ি পর্যন্ত গিয়েছিল; কিন্তু তার পরই অক্টোবর মাসে আবার হাঁসটি ফিরে এসেছে হাকালুকিতে ।অন্য আরেকটি পুরুষ উত্তুরে খুন্তে হাঁসের গল্প আরও চমকপ্রদ: হাঁসটি গরমকাল কাটানোর জন্য বাংলাদেশের সীমানা ছেড়েই যায়নি। পুরো গরমকাল কাটানোর জন্য হাঁসটি বেছে নিয়েছিল বাংলাদেশের রাজশাহী অঞ্চল। ৩১ অক্টোবর পাখিটি হাকালুকিতে ফিরে আসে । পরিযায়ী পাখির ইতিহাসে এটা খুবই বিরল ঘটনা। আগের তথ্য ও গবেষণা অনুযায়ী, গরমকালে এসব হাঁসের বাংলাদেশের সীমানায় কাটানোর কোনো নজির নেই। শীতকাল শেষে বাংলাদেশ অবস্থান নয়, তাদের ফিরে যাওয়ার কথা ছিল দূরের কোনো দেশে। পাখি দুটির কোনোটিই প্রজননভূমিতে ফিরে যায়নি। সাধারণত, পাখি দুটির প্রজননভূমিতে ফিরে গিয়ে প্রজননে অংশ নেওয়ার কথা। কিন্তু কার্যত তা ঘটেনি; হাঁসগুলো প্রজননে অংশ না নিয়ে পুরো গরমকাল পার করে দিয়েছে এ দেশেই। এটা পাখি-গবেষকদের কাছে খুবই অবাক করা বিষয়। স্যাটেলাইট ট্রান্সমিটার পরা একটি খয়রা চখাচখি প্রজননকাল কাটানোর জন্য গিয়েছিল মধ্যচীনে। পাখিটি নিরাপদে ফিরে এসেছে। সর্বশেষ স্যাটেলাইট ট্রান্সমিটারের তথ্য অনুযায়ী, এখন পাখিটি মেঘনা উপকূলে আছে। নভেম্বরের শেষ সপ্তাহে এটা ছিল হাকালুকি হাওরে।আরেকটি খয়রা চখাচখি গরমকাল কাটানোর জন্য গিয়েছিল মঙ্গোলিয়ায়; প্রজননকাল কাটিয়ে পাখিটি ফেনীর মুহুরী ড্যামে ফিরে এসেছে।ট্রান্সমিটার লাগানো পাখিগুলোর মধ্যে চারটি পরিযায়ী হাঁসের দিনলিপিই শুধু জানা সম্ভব হয়েছে। বাকি পাখিগুলোর ভাগ্যে কী ঘটছে, সে খবর জানা নেই। ওই বারোটি হাঁসের শরীরে লাগানো ট্রান্সমিটার থেকে কোনো তথ্যই পাওয়া যায়নি। প্রথম মাসে পাখির শরীরে বসানো এসব ট্রান্সমিটারের কিছু কিছু কাজ করলেও পরে আর কোনো তথ্য পাওয়া যায়নি, ফলে পাখিগুলোর সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রান্সমিটার লাগালেও পাখিগুলোর পরিযায়নের সব তথ্য পাওয়া যাবে, তার কোনো নিশ্চয়তা নেই। এসব পাখির ওড়ার পথে নানা বিপদ হতে পারে। পরিযায়ী পাখির মৃত্যুহার অন্যান্য পাখির চেয়ে অনেক গুণ বেশি। ধারণা করা হয়, পরিযায়নের জন্য যত পাখি বিভিন্ন দেশে যায়, তার অর্ধেকই নিজ জন্মভূমিতে আর ফিরে আসে না। গত মাসে থাইল্যান্ডের দুটি হাঁসের ক্ষেত্রেও এ রকম ঘটনা ঘটে: স্যাটেলাইট ট্রান্সমিটার লাগানো থাইল্যান্ডের একটি হাঁস প্রজননকাল কাটানোর জন্য ফিরে এসে আবার সফলভাবে ফিরে গিয়েছিল সাইবেরিয়ায়; কিন্তু অন্য হাঁসটি পথে রাশিয়ার উপকূলে গুলিবিদ্ধ হয়ে মারা পড়ে।কোনো কোনো সময় স্যাটেলাইট ট্রান্সমিটার বিকল হয়ে যায়। পাখির শরীরের যে অংশে ট্রান্সমিটার লাগানো হয়, দেখা গেছে, নতুন পালক গজানোর কারণে ট্রান্সমিটার ঢেকে গিয়ে কর্মক্ষমতা হারিয়েছে, তখন ওই স্যাটেলাইট ট্রান্সমিটার থেকে ডেটা পাওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। আবার কোনো কোনো সময় ট্রান্সমিটারের ব্যাটারিও ঠিকমতো কাজ করে না; ব্যাটারি চার্জ হতে না পারলে ট্রান্সমিটার কাজ করবে না। এগুলোর যেকোনো একটার কারণে পাখির সঙ্গে গবেষকদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।আসছে ফেব্রুয়ারিতে বসবে পাখির শরীরে ট্রান্সমিটার লাগানোর দ্বিতীয় ক্যাম্প। এ কার্যক্রম সফল হলে পাখি নিয়ে গবেষণা ও পাখির মাইগ্রেশন রুট নিয়ে আরও নতুন নতুন তথ্য পাওয়া যাবে। সীমান্ত দীপু রোদে ব্যাটারি চার্জ হয়ে যাবে—এমন ধরনের হালকা স্যাটেলাইট ট্রান্সমিটার তৈরি হওয়ায় দূরপাল্লার পরিযায়ী পাখির গতিবিধি নিয়ে গবেষণার একটা নতুন ও কার্যকর পথ পাওয়া গেল। এরই মধ্যে অনেক চাঞ্চল্যকর তথ্য আসতে শুরু করেছে। যেমন—সম্প্রতি আমরা জানতে পেরেছি যে ‘কালালেজ জৌরালি’র মতো ছোট পাখি একনাগাড়ে নয় দিন নয় রাত উড়ে ১৩ হাজার ৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে থাকে। আর এটা জানা সম্ভব হয়েছে এই ট্রান্সমিটার ব্যবহারের কারণেই। সামনে প্রাণিজগতের এমন আরও অনেক নতুন রহস্য উদ্ঘাটিত হবে। এ পদ্ধতির একটি অভূতপূর্ব ও যুগান্তকারী দিক হলো, স্যাটেলাইট থেকে গবেষণার সব তথ্য ‘গুগল’ ইত্যাদি সাইবার নেটের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সর্বসাধারণের কাছে পৌঁছে যায়। ফলে একটি যন্ত্র লাগিয়েই নানা দেশের নানা ধরনের গবেষক স্বাধীনভাবে বহুবিধ কাজ করে যেতে পারেন; আবার পাশাপাশি শিক্ষা, বিনোদন ইত্যাদি বিভিন্ন উদ্দেশ্যেও অগুনতি মানুষ এসব তথ্য ব্যবহার করতে পারবে। বাংলাদেশে এ যন্ত্র লাগিয়ে পাখি-গবেষণার ঊষালগ্নে আমাদের কেবল এটা হাতেখড়ি। আশা করি, এই গবেষণায় বাংলাদেশের মানুষও একদিন উল্লেখযোগ্য অবদান রাখবে। ইনাম আল হক