
জগতে যত মহৎ ব্যক্তি আবির্ভূত হয়েছেন, নিজ নিজ কর্মগুণে তাঁরা অবিস্মরণীয় হয়ে আছেন। তাঁদের জীবনচরিত বিশ্লেষণ করলে এমন অনেক কিছুই পাওয়া যায়, যা অনুসরণীয়-অনুকরণীয়; এমনকি অবশ্যপালনীয়। এসব ব্যক্তিমানুষ কেবল নিজ গুণেই সমষ্টিতে পরিণত হন। আর সমষ্টির হয়ে তাঁরা গোটা মানবসমাজকে প্রভাবিত করেন।
ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ (সা.) তেমনই একজন অনুসরণীয় ব্যক্তি। ছোটদের জন্য সংক্ষেপে তাঁর জীবনী রচনা করেছেন বাঙালি মুসলমানদের অন্যতম পথিকৃৎ প্রাবন্ধিক ও প্রগতিশীল সাংবাদিক মোহাম্মদ ওয়াজেদ আলী। বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালে। সম্প্রতি এটি নতুন করে প্রকাশিত হয়েছে। প্রকাশক গ্রন্থটি প্রকাশের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন এভাবে, ‘আজ যখন আমাদের সমাজেও একশ্রেণির লোক ধর্মের নাম করে বা তার ভুল ব্যাখ্যা দিয়ে সন্ত্রাস ও সহিংসতার পথে তরুণদের আকৃষ্ট করতে চেষ্টা করছে, তখন ইসলামের প্রকৃত শিক্ষা, বিশেষ করে তার শান্তি, সৌহার্দ্য ও মানবমৈত্রীর আদর্শের সঙ্গে কচি-কোমল পাঠকদের পরিচিত করে তুলতে বইটি বিশেষ সহায়ক হবে, এই বিশ্বাস থেকেই বইটি আমরা বইটি পুনমুর্দ্রণ করছি।’
মুসলমানদের প্রিয় নবী হজরত মোহাম্মদ (সা.) সম্পর্কে একবাক্যেই বলা যায়, তিনি ইসলাম প্রচার করেছেন, ছিলেন বিশ্বশান্তি প্রতিষ্ঠার অগ্রদূত; কিন্তু ব্যক্তিমানুষ হিসেবে কেমন ছিলেন তিনি, কেমন ছিল তাঁর বেড়ে ওঠা; জীবনসংগ্রাম, জীবনের গভীরতর সংকটগুলো কীভাবে মোকাবিলা করেছেন—সংক্ষেপে হলেও তার আদ্যোপান্ত পাওয়া যায় ছোটদের হজরত মোহাম্মদ (সা.) বইয়ে।
মোহাম্মদ ওয়াজেদ আলী অত্যন্ত যত্নের সঙ্গে নিজেকে ধর্মের প্রতি শতভাগ নিবেদন করে রচনা করেছেন এ বই। ইসলাম ধর্ম শুধু নয়, কোনো ধর্মই যে জোরপূর্বক পালনীয় বিষয় নয়, ধর্ম চর্চার ব্যাপারে বাড়াবাড়ি যে অনাকাঙ্ক্ষিত, হজরত মোহাম্মদ (সা.)-এর জীবনী আলোচনার শুরুতে ভূমিকার বদলে লেখা ‘হুঁশিয়ারি’ অংশে অত্যন্ত সচেতনভাবে তা উল্লেখ করেছেন। লিখেছেন, ‘তিনি ইসলাম ধর্ম প্রচার করেছিলেন; কিন্তু এই ধর্ম মানতে কাউকে কখনো জোর করেননি। যে তাঁর ধর্ম না মেনেছে, তাকেও তিনি সমান ভালোবাসা দিয়ে গেছেন।’ এই কারণেই তাঁর প্রভাব সর্বব্যাপী। নইলে প্রায় চৌদ্দ শ বছর ধরে এই মানুষটির প্রভাব কেন দেশে দেশে, সমাজে-রাষ্ট্রে এখনো প্রভাবিত হয়? তবে এটাও সত্যি, ‘ইসলাম ধর্মের’ নামে শুধু নয়, অন্যান্য ধর্মীয় উগ্রপন্থার নামে, নানা ধর্মের গোঁড়া মতবাদের অজুহাতে মানববিধ্বংসী আগ্রাসী নানা তৎপরতা চলছে কমবেশি সারা বিশ্বে। সেই কারণে মোহাম্মদ ওয়াজেদ আলীর এই বইটি এখনো প্রাসঙ্গিক।
>ছোটদের হজরত মোহাম্মদ (সা.)
মোহাম্মদ ওয়াজেদ আলী
প্রচ্ছদ: নিয়াজ চৌধুরী তুলি, প্রকাশক: প্রথমা প্রকাশক, ঢাকা
প্রকাশকাল: অক্টোবর ২০১৬, ৯৬ পৃষ্ঠা * দাম: ১৬০ টাকা।
‘আলো আর কালো’ নামে প্রথম অধ্যায়ে খুব সহজ-সাবলীল ঢঙে লেখক ভালো-মন্দের তুলনা করেছেন ধর্ম আর অধর্মের সঙ্গে, ‘এই যে ধর্ম আর অধর্ম, এরা আলো আর কালোর মতন।’ তবে লেখকের অন্যতম মুনশিয়ানা হলো, তিনি ইসলাম ধর্মের প্রবর্তকের জীবনী লিখেছেন, কিন্তু ‘ধর্ম’ বলতে কেবল ‘ইসলাম ধর্মের’ কথা বলেননি, অন্যান্য ধর্মের প্রতি সমান শ্রদ্ধাটাও অটুট রেখেছেন।
এমন একসময়ে হজরত মোহাম্মদ (সা.)-এর জন্ম, যখন আরব ছিল কলহপ্রবণ এক অঞ্চলের নাম। সেই ‘আরবের মায়াহীন মরুভূমিতে তিনি নির্মম মানুষকে দয়া-মায়া, পুণ্য-প্রেম আর মধুর মঙ্গলের বাণী শুনিয়েছিলেন।’ কারণ, ‘আরবদের অভ্যাসই ছিল তলোয়ার সঙ্গে নিয়ে চলাফেরা করা। কাজেই কথায় কথায় খুনোখুনি করতে তাদের অস্ত্রের অভাব হতো না।...সামান্য কথায় সেখানে মানুষ খুন হ’তো।...বাপ মারা গেলে ছেলে এল, ছেলের পর ছেলে-নাতি-পোতা এল; তবু সে লড়াই থামল না, সমানে চলতে লাগল। হিংসার আগুনে দেশকে দেশ পুড়ে চলল।’ এমন একটির সংঘাতপূর্ণ সমাজে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মাতৃগর্ভে থাকাকালে পিতৃহারা হন। অবশ্য তৎকালীন আরবের রীতি অনুযায়ী জন্মের পর থেকে মোহাম্মদ ছয় বছর বয়স পর্যন্ত ছিলেন ধাই-মা হালিমার কাছে। তাঁর কাছ থেকে মা আমিনার কোলে পৌঁছার অল্প কয়েক দিনের মধ্যে মাতৃহারা হন। আট বছর বয়সে তাঁর একমাত্র আপনজন পিতামহও তাঁকে ছেড়ে পরপারে চলে যান। এতিম এই বালকটিই পরে নানা সংকটাপন্ন পরিস্থিতি সামলে বিশ্বব্রহ্মাণ্ডে তাঁর ধ্যান ও প্রজ্ঞার আলো ছড়িয়ে দেন, সেটা জানতে পড়া জরুরি এই গ্রন্থটি।
অত্যন্ত সুখপাঠ্য ছোটদের হজরত মোহাম্মদ (সা.) কেবল ছোটদের বই নয়, বরং এতে লেখকের মৌলিক বিশ্লেষণ থাকায় তা হয়ে উঠেছে সব পাঠকের সামগ্রী।