সবরমতী নদীর কিনারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৬ ডিসেম্বর ২০১১ ঢাকা থেকে বিমানপথে যাওয়া হয়েছিল ভারতের গুজরাট প্রদেশের রাজধানী আহমেদাবাদে। চিকিৎসার উদ্দেশ্যে। শরীরে তৃতীয় ডিগ্রি অ্যানিমিয়া, নিম্ন রক্তচাপ ও ব্লাড ট্রান্সফিউশন এড়াতে ইন্টারনেটে প্রচুর খোঁজাখুঁজি করে আহমেদাবাদ অ্যাপোলো হাসপাতালের ইন্টারভেনশন রেডিওলজিস্ট ড. সন্দ্বীপ ঝালার খোঁজ পাওয়া গেল, যিনি হার্টের এনজিওগ্রামের মতো একটি কৌশল ব্যবহার করে ছয় ঘণ্টায় সারিয়ে তোলেন রোগীকে। ২৮ ডিসেম্বর ‘প্রসিডিওর’ নামের এই মৃদু অস্ত্রোপচার শেষে ৩১ ডিসেম্বর দেশে ফেরার পালা। ৩০ ডিসেম্বর সকালে চিকিৎসক সন্দ্বীপ ঝালা সোজা আমার কেবিনে এসে বললেন, ‘বিছানায় শুয়ে থাকলে শরীর বেশি খারাপ লাগবে। যাও না ট্যাক্সি করে কোনো শপিং মল থেকে কিছু কেনাকাটা করে এসো।’ আমি একটু হেসে বললাম, ‘এমনিতেই আমার বিস্তর জামা-কাপড় রয়েছে ডক্টর! বরং আহমেদাবাদের গান্ধী আশ্রমটি কোথায়? খুব দূরে কি? সেখানে যেতে চাই।’ চিকিৎসক খুশি হলেন, ‘সব সময়ই দেখেছি তোমরা বাঙালিরা বড্ড মননশীল, সিরিয়াস টাইপের মানুষ। যাও, হাসপাতাল থেকেই সব ব্যবস্থা করে দেবে।’ এভাবেই সদ্য অস্ত্রোপচার থেকে ওঠা আমি ট্যাক্সিতে আমার বড় বোন ড. কৃষ্ণা গায়েন (হালদার) ও মোহাম্মদ আসলাম নামের এক হাসপাতাল কর্মকর্তা তথা গাইডকে সঙ্গে নিয়ে সবরমতী নদীর কিনারে গান্ধী আশ্রম দেখতে ছুটলাম। ্রএই শহরে প্রবেশের দিনই দেখেছিলাম যে অসম্ভব পরিচ্ছন্ন, সবুজ আর নিরিবিলি এক শহর। আয়তনে ঢাকার অনেক বড় হলেও জনসংখ্যার ঘনত্ব বেশ কম। মেয়েরা তাদের চলাফেরা, কাজে-কর্মে বেশ স্বাধীন। তরুণী মেয়েরা তো বটেই, আমাদের মায়ের প্রজন্মের প্রৌঢ়া মহিলারাও শাড়ি পরেই মোটর বাইক চালিয়ে চলাফেরা, বাজার-ঘাট করছেন। বাঙালির যেমন পদ্মা-মেঘনা, গুজরাটিদের প্রবল আবেগের বস্তু এই সবরমতী নদী। আমাদের গাইড মোহাম্মদ আসলামও তাই আশ্রমে পৌঁছানোর পথেই গোটা শহরের কিনারজুড়ে প্রবাহিত এই নদীকে দেখিয়ে বলছিলেন, ‘বেন (বোন), সবরমতী ইজ মাইটি, বিউটিফুল অ্যান্ড দ্য লাইফ-লাইন অব গুজরাট।’খুব দ্রুতই আমাদের ট্যাক্সি পৌঁছে গেল গান্ধী আশ্রমে। গান্ধী আশ্রমের সামনে নামতেই দেখা গেল দেশি-বিদেশি প্রচুর পর্যটকের ভিড়। এই গান্ধী আশ্রমের বেশ কিছু নাম রয়েছে। হরিজন আশ্রম, সত্যাগ্রহ আশ্রম বা সবরমতী আশ্রমসহ নানা নামে ডাকা হয় এই আশ্রমকে। এই আশ্রমেই ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত মোহনদাস করমচাঁদ গান্ধী তাঁর জীবনের ১২টি বছর কাটিয়েছেন। ১৯৩০ সালে এই আশ্রম থেকেই মহাত্মা গান্ধী তাঁর বিখ্যাত ‘ডান্ডি মার্চ’ শুরু করেছিলেন।১৯১৫ সালের ২৫ মে জীবনলাল দেশাই কোচারব বাংলোয় প্রথম গান্ধী আশ্রম প্রতিষ্ঠা করলেও ১৯১৭ সালের ১৭ জুন গান্ধী নিজে এই আশ্রম সরিয়ে নেন সবরমতী নদীর তীরে। মূলত তিনটি কারণে গান্ধী আশ্রম সরিয়ে নিয়েছিলেন। প্রথমত, চাষাবাদ, পশুপালন, খাদি শিল্প প্রতিষ্ঠা এবং আরও নানা কাজের জন্য তাঁর মূল শহর থেকে দূরে কিছুটা উন্মুক্ত প্রান্তর দরকার হয়ে পড়েছিল।্র দ্বিতীয়ত, গুজরাটের লোকবিশ্বাস অনুযায়ী, এই জায়গা হিন্দু পুরাণের দধীচি মুনির আশ্রম ছিল, যে দধীচি মুনি কিনা ন্যায়যুদ্ধে শরীরের অস্থি উৎসর্গ করেছিলেন। তৃতীয়ত, এই জায়গা আহমেদাবাদ শহরের জেলখানা ও শ্মশানের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। গান্ধী বিশ্বাস করতেন যে একজন প্রকৃত সত্যাগ্রহীর ঠিকানা হবে হয় কারাগার অথবা শ্মশান। মূলত এই আশ্রম থেকেই গান্ধী তাঁর স্বরাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কায়িক শ্রম, কৃষিকাজ এবং স্বাক্ষরতা অর্জনের অভিযান চালনা করেছেন। ১৯৩০ সালের ১২ মার্চ তারিখে এই আশ্রম থেকেই গান্ধী তাঁর ৭৮ জন সাথিকে নিয়ে ব্রিটিশ সরকারের লবণ আইন অমান্য করতে ২৪১ মাইলব্যাপী ‘ডান্ডি পদযাত্রা’য় অংশ নেন। ভারতে ব্রিটিশ লবণের বিক্রি এড়াতে গান্ধীর এই আন্দোলনে সাড়া দিতে ৬০ হাজার ভারতীয় মুক্তিসংগ্রামী কারারুদ্ধ হন। সরকার যখন হাজার হাজার ভারতীয় মুক্তিসংগ্রামীর সম্পত্তি ক্রোক করে, গান্ধী তখন তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে ব্রিটিশ সরকারকে বলেন তাঁর আশ্রমের স্থায়ী-অস্থায়ী সব সম্পত্তিও বাজেয়াপ্ত করতে। ব্রিটিশ সরকার সেটা না করলেও গান্ধী নিজেই ১৯৩০ সালের ১২ মার্চ প্রতিজ্ঞা করেন যে দেশ স্বাধীন না হওয়া অবধি তিনি এই আশ্রমে ফিরবেন না। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীন হলেও ১৯৪৮ সালের জানুয়ারি মাসে উগ্র হিন্দুত্ববাদী যুবক নাথুরাম গডসের গুলিতে প্রাণ হারান সত্যাগ্রহ, অহিংসা ও অসাম্প্রদায়িকতার উপাসক মোহনদাস করমচাঁদ গান্ধী। ১৯৬৩ সালের ১০ মে তদানীন্তন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এ আশ্রমের উদ্বোধন করেন।বর্তমানে এই আশ্রম তথা জাদুঘরে রয়েছে আটটি তেলচিত্রসহ গান্ধীর জীবনের ও মানবেতিহাসের গুরুত্বপূর্ণ ২৫০টি ঘটনার আলোকচিত্রের বর্ধিত সংস্করণ। আশ্রমের পাঠাগারে রয়েছে গান্ধীর জীবন, শিক্ষা, ভারতীয় স্বাধীনতা আন্দোলন-বিষয়ক হিন্দি, ইংরেজি, গুজরাটি ও বাংলা ভাষায় ৩৫ হাজার বই। এই জাদুঘরের সংগ্রহশালা বা আর্কাইভে রয়েছে গান্ধীর লেখা ৩৪,১১৭টি চিঠি এবং তাঁর রচিত ও বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত নানা প্রবন্ধের পাণ্ডুলিপির মোট ৮,৭৮১ পৃষ্ঠা এবং গান্ধী ও তাঁর সহযোগীদের ছয় হাজার আলোকচিত্র। আশ্রমের বই বিক্রি কেন্দ্রে অসম্ভব সস্তায় গান্ধী রচিত ও গান্ধীকে নিয়ে ইংরেজি ও বিভিন্ন ভারতীয় ভাষায় লেখা বই বিক্রি হয়। যুক্তরাজ্যের কেমব্র্রিজ বিশ্ববিদ্যালয় থেকে গান্ধীর ওপর প্রকাশিত তিনটি মোটা মোটা বই কিনে বেশ ভয়ে ভয়ে দাম দিতে গিয়ে দেখি মাত্র ছয় শ রুপি। প্রতিবছর দেশি-বিদেশি মিলিয়ে প্রায় সাত লাখ দর্শনার্থী এই আশ্রম দেখতে আসেন। জাদুঘরের ভেতরের বারান্দায় গান্ধী সম্পর্কে রমাঁ রোলাঁ, রবীন্দ্রনাথ থেকে শুরু করে দেশি-বিদেশি নানা মনীষীর স্মরণীয় নানা উক্তি শোভা পাচ্ছে।গান্ধী অসাধারণ মানুষ ছিলেন। কিন্তু আজকের গুজরাট কি তাঁর আদর্শ ধরে রাখতে পারছে? এ কথা সত্যি যে ভারতের অন্য অনেক প্রদেশের চেয়ে আজও গুজরাটে মুসলিমরা চাকরি ও ব্যবসা-বাণিজ্যে ভালো অবস্থানে রয়েছে, কিন্তু সবরমতী এক্সপ্রেসে তীর্থযাত্রীদের পুড়িয়ে মারার ঘটনার পর ২০০১-এ যে ভয়াবহ দাঙ্গা এখানে হয়েছিল, তার ক্ষত আজও বহু মুসলিম পরিবার নীরবে সহ্য করছে।আমি মোহাম্মদ আসলামের মুখের দিকে তাকাই। সংখ্যালঘুর এই বেদনা বোঝা আমার জন্য অন্তত কঠিন নয়। ২০০১-এর অক্টোবরে বাংলাদেশে নির্বাচনোত্তর সহিংসতায় শত শত হিন্দু নারীর অবমাননা, ক্ষতিগ্রস্ত মন্দির বা হিন্দু সম্পত্তির চিত্র আমার চোখে ভেসে ওঠে। ধ্বংসপ্রাপ্ত বাবরি মসজিদ বা অতিসম্প্রতি চট্টগ্রামের রাঙ্গামাটি ও রামুতে ভাঙচুর হওয়া মন্দির ও দেববিগ্রহের টুকরোয় হারিয়ে গেছেন গান্ধীর পরমা চেতনা: ‘ঈশ্বর আল্লা তেরে নাম/ সব কো সুমতি দে ভগবান!’ সবরমতী নদীর জলে তাকিয়ে ভেবেছিলাম: ‘গান্ধী কোথায়? তাঁকে তো কোথাও খুঁজে পাওয়া গেল না!’