সবলসিংহপুর থেকে ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের সাহিত্যিকদের মধ্যে কবিতা ও কথাসাহিত্যে যে কজন সাহিত্যিক আধুনিতার নতুন ভিত্তি নির্মাণ করেছিলেন, কবি আহসান হাবীব ও কথাশিল্পী শওকত ওসমান তাঁদের অন্যতম। ২ জানুয়ারি ছিল এই দুই লেখকের জন্মদিন। তাঁদের প্রতি শ্রদ্ধা
শওকত ওসমান (২ জানুয়ারি ১৯১৭—১৪ মার্চ ১৯৯৮), প্রতিকৃতি: মাসুক হেলাল
শওকত ওসমান (২ জানুয়ারি ১৯১৭—১৪ মার্চ ১৯৯৮), প্রতিকৃতি: মাসুক হেলাল

সাহিত্যিক শওকত ওসমান জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে, ১৯১৭ সালের ২ জানুয়ারি। আরামবাগ মহকুমার খানাকুল ২ নম্বর ব্লকের গ্রাম সবলসিংহপুর। তৎকালীন তিন-চার হাজার জনসংখ্যা বর্তমানে প্রায় ১২ থেকে ১৩ হাজার। হিন্দু-মুসলিম অনুপাতে শতকরা পঞ্চাশ। সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় প্রবল। শওকত ওসমানের অসাম্প্রদায়িক মনোভাবটি এই মাটি থেকেই উঠে এসেছে। এর প্রতিফলন আমরা পষ্ট দেখতে পাই তাঁর প্রথম উপন্যাস জননীতে। গ্রামের হিন্দু-মুসলিম পরিবার একজন আর একজনের সুখে-দুঃখে অংশগ্রহণ করছে। বিশেষ করে নায়িকা দরিয়াবিবির পরিবারকে প্রতিবেশী চন্দ্রকোটাল সব সময় সাহায্য করে এসেছে। আজহার খাঁর অনুপস্থিতির কালে।
কৃষিপ্রধান গ্রাম। তাই বাড়তি কর্মের সুযোগ নেই। গ্রাম ছেড়ে জোয়ান ছেলেরা ছোটে কলকাতায়। এমনকি শওকত যখন জন্মগ্রহণ করেন গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয়ও ছিল না। পাশের গ্রাম নন্দনপুরে তিন-চার মাইল পথ অতিক্রম করে তাঁকে প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছাতে হতো। বর্ষাকালটা ছিল খুবই অভদ্র। ভাগ্যক্রমে ১৯২৬ সালে ঘরের পাশে সবলসিংহপুর জুনিয়র মাদ্রাসা স্থাপিত হওয়ায় শওকত ওসমানের সুরাহা হয়। ষষ্ঠ শ্রেণি পাস করে তিনি কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। কলকাতা মাদ্রাসা এই সময় নতুন শাখা খোলে অ্যাংলো-পার্সিয়ান শাখা। এখানে সব ইংরেজিতে আধুনিক লেখাপড়া হতো। ফলে মাদ্রাসার পটভূমি থাকলেও শওকত আধুনিক শিক্ষায় শিক্ষিত হন। তবে এই মাদ্রাসা পটভূমি তাঁর সাহিত্যকে যথেষ্ট প্রভাবিত করে। তাঁর সাহিত্যে আরবি-ফার্সি শব্দ ব্যবহারের প্রাধান্য লক্ষণীয়।
সবলসিংহপুরে আমারও শৈশবের দশ বছর কেটেছে। জন্মেছি হাওড়া জেলার ঝামটিয়া গ্রামে, মামাবাড়িতে। তখনকার দিনে গ্রামে মেয়েরা পিতৃআলয়ে গিয়ে প্রসব করত। দেশভাগের ফলে আমরা পশ্চিমবঙ্গ ছেড়ে বাবার কর্মস্থল চট্টগ্রামে স্থানান্তরিত হই ১৯৫০ সালে। এরপর সুদীর্ঘকাল নিজ গ্রামে যাওয়া হয়নি। প্রথমবার যাই ২০০১ সালে, অল্প কয়েক দিনের জন্যে। তারপর ২০১৪ সালে গ্রামে গিয়ে বেশ কয়েক দিন থেকে গ্রামটিকে পাঠ করার প্রচেষ্টা নিই। আগেই বলেছি, বর্তমান জনসংখ্যা প্রায় ১৩-১৪ হাজার। হিন্দু-মুসলিম অনুপাত প্রায় সমান। চোখে পড়ার মতো উন্নয়ন হয়নি। গ্রামের মাঝখান দিয়ে মোরাম বা সুরকি বিছানো রাস্তা হয়েছে। এখনো পিচ মোড়ানো বাকি। বাঁশের বেড়া দেওয়া হাসপাতাল ছিল, ওটা পাকা হয়েছে, কিন্তু প্রায়ই চিকিৎসক থাকে না। তুলনামূলকভাবে রাজহাটি বন্দর নামক ব্যবসা-কেন্দ্রটি বেশ উন্নত হয়েছে। খানাকুল দোতলা ব্লক (ইউনিয়ন) ভবনটি বেশ বাগান-শোভিত। রুচির পরিচায়ক।
সবলসিংহপুর জুনিয়র মাদ্রাসা ছিল একতলা, ওটা এখন দোতলা।
আমরা সেই ১৯৪০-এর দশকে যখন এই গ্রামে ছিলাম, তেমন কোনো চুরি-চামারি ছিল না। আজও তা-ই আছে। এই গ্রামের মানুষের মতো একসময় প্রায় পুরো বাংলায় মানুষ ছিল সৎ। প্রতিবেশীকে সাহায্য করত। একবিংশ শতাব্দীতে বাংলাদেশে মানুষ অনেক জাগতিক হয়ে গেছে। মানুষের মধ্যে লোভ-লালসা, ঈর্ষা-বিদ্বেষ গেছে বেড়ে। প্রতিবেশীর সম্পদ গ্রাস করতে অনেকে দ্বিধা করে না। যেকোনো সমাজে একটি যুদ্ধ নৈতিক অধঃপতন ডেকে আনে। বাংলাদেশের মানুষকে ক্রমশ এই অবস্থা থেকে উত্তরিত হতে হবে।

সবলসিংহপুরের পটভূমি শওকত ওসমানকে নির্লোভ ও পরোপকারী হওয়ার একটা পটভূমি দিয়েছে।
তাঁর শিক্ষাজীবনের সমাপ্তি ও কর্মজীবনের শুরু কলকাতায়। ১৯৪১ সালে তিনি কলকাতা সরকারি কমার্স কলেজে বাংলা ভাষা ও সাহিত্যের প্রভাষক হিসেবে যোগদান করেন। চলছে জোর কদমে সাহিত্যচর্চা। ১৯৪৪ সালে প্রথম শিশুতোষ ছোটগল্পের বই ওটেন সাহেবের বাংলো প্রকাশিত হয়। আর বইটি পাঠক ভালোভাবে গ্রহণ করে। মনে পড়ে, বইটি যখন হাতে পাই তখন আমি খুবই ছোট। একটু বড় হয়ে পড়তে শুরু করি। খুব চমৎকার সব অলংকরণ। শিল্পী প্রতুল ব্যানার্জি তখনকার খুব নামকরা শিল্পী।
এই সময় চলছে দ্বিতীয় মহাযুদ্ধ। কলকাতায় জাপানি প্লেন বোমা নিক্ষেপ করে চলেছে। আমরা তখন হাওড়া শহরে থার্ড ফোর্ট লেনে থাকি। হাওড়া ছেড়ে আমরা মামাবাড়ি ঝামটিয়া গ্রামে চলে যাই। শওকত ওসমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এয়ার রেইড প্রিকশন ব্রিগেডের সদস্য। রাতে সাইরেন বাজলে ইউনিফর্ম পরে বেরিয়ে যেতেন। সবাইকে বাতি নেভাতে বলতেন। পাড়ায় পাড়ায় তখন এ রকম স্বেচ্ছাসেবী দল ছিল। দ্বিতীয় মহাযুদ্ধের পর ১৯৪৬ সালে কলকাতায় হিন্দু-মুসলিম বড় ধরনের দাঙ্গা হয়। তখন প্রধানমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তিনি প্রাণপণ চেষ্টা করেন দাঙ্গা নিরসনের। তিন থেকে চার হাজার মানুষ দাঙ্গায় প্রাণ হারান। এই দাঙ্গার প্রভাবে ভারতবর্ষের নানা প্রদেশে দাঙ্গা হয়। আর ১৯৪৭ সালের ১৪-১৫ আগস্ট ভারত হয় বিভক্ত। বাংলা ও পাঞ্জাবও বিভক্ত হয় পাকিস্তান সৃষ্টির ফলে।
কলকাতায় চাকরিরত পূর্ববঙ্গের সমস্ত মুসলিম পরিবার কলকাতা ত্যাগ করে। সব ঘনিষ্ঠ বন্ধু চলে যাওয়ায় শওকত ওসমান বেশ শূন্যতায় পড়েন, তাই পাকিস্তানে অপশন দেন। তাঁর চাকরি হয় চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে। পরিবার থেকে যায় হাওড়ার গ্রামে।
চট্টগ্রামে শওকত ওসমান চন্দনপুরায় একটি মেসে থাকতেন। সঙ্গে অন্যান্য সব কলেজের প্রভাষকবৃন্দ। এর মধ্যে ছিলেন সাহিত্যিক মোতাহার হোসেন চৌধুরী।
১৯৫০ সালে দুই বাংলায় আবার বড় ধরনের দাঙ্গা হলে শওকত ওসমান পুরো পরিবারকে চট্টগ্রামে নিয়ে আসেন। বাসা নেন ৩৪/বি চন্দনপুরায়। এখানেই তিনি ১৯৫৮ পর্যন্ত অতিবাহিত করেন। ঢাকা কলেজে বদলি হওয়ায় তাঁকে স্থানান্তরিত হতে হয়। পুরো পরিবার থাকে চট্টগ্রামে।
চট্টগ্রামের অবস্থানকাল তাঁর জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। চট্টলা হলো প্রকৃতির লীলাভূমি। পাহাড়, সমুদ্র, বনাঞ্চল, কর্ণফুলী তাঁকে করে তোলে প্রকৃতিপ্রেমিক। যদিও সারা জীবন তিনি নিপীড়িত মানুষের পক্ষে থেকে সাহিত্য করেছেন।
চট্টগ্রামের সব বিদগ্ধ ব্যক্তির সঙ্গে মিলে ১৯৫১ সালে করেন সংস্কৃতি সম্মেলন। এটি অনুষ্ঠিত হয় হরিখোলার মাঠে ১৬-১৯ মার্চ। কলকাতা থেকে সব নামি শিল্পী আসেন। সলিল চৌধুরীর নেতৃত্বে আসে গণনাট্য সংঘের শিল্পীর দল। অন্যান্য সংস্কৃতিকর্মীর মধ্যে ছিলেন কলিম শরাফী, মাহবুবুল আলম চৌধুরী, গোপাল বিশ্বাস প্রমুখ। আবুল ফজল ছিলেন অন্যতম প্রধান উদ্যোক্তা। আরও ছিলেন সাইদুল হাসান, একাত্তরের মুক্তিযুদ্ধে যাঁকে আমরা হারিয়েছি।
১৯৫৪ সালে মাওলানা ভাসানীর নেতৃত্বে হয় কাগমারী সম্মেলন। চট্টগ্রামের সংস্কৃতিকর্মীরা শওকত ওসমানের নেতৃত্বে যোগ দেন। এক মাস ধরে মহড়া চলে ৩৪/বি চন্দনপুরায়। শিল্পীদের মধ্যে ছিলেন চিরঞ্জীব শর্মা, অচিন্ত, ননীগোপাল, মালেকা, কামেলা শরাফী, তৃপ্তি শর্মা, নৃত্যশিল্পী নিতাই, সুচরিত চৌধুরী। চট্টগ্রামে শওকত ওসমান যেসব বিদ্বৎজনের সাক্ষাৎ পেয়েছিলেন তাঁরা হলেন আবদুল করিম সাহিত্যবিশারদ, ড. এনামুল হক, অধ্যাপক ওমদাতুল ইসলাম, আবু সুফিয়ান, আহমদ হোসেন, জালালুদ্দিন, সাহিত্যিক মাহবুবুল আলম, ওহিদুল আলম প্রমুখ।
১৯৫৪ সালে ঢাকায় রাজারবাগে কেনা জায়গায় ১৯৫৯ সালে বাড়ি করেন, একতলা বাংলো প্যাটার্নের বাড়ি। স্থপতি ছিলেন মজহারুল ইসলাম। পাড়ার লোক বলত, ‘ওটেন সাহেবের বাংলো’।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি কলকাতা চলে যান। দেশ স্বাধীন হলে ফেরত আসেন। মুক্তিযুদ্ধের নয় মাস অবিরাম লিখে চলেন। এর মধ্যে অন্যতম উপন্যাস জাহান্নাম হইতে বিদায় ওই সময়ের লেখা। দেশ পত্রিকায় পুজো সংখ্যায় তা প্রকাশিত। এমনকি তিনি চীনের চেয়ারম্যানকেও খোলা চিঠি লেখেন।
১৯৭২ সালে তিনি লেখালেখিতে পুরো সময় দেবেন বলে চাকরি শেষ হওয়ার অনেক আগেই অবসর নিয়ে নেন।
তিনি ছিলেন খুব স্নেহপ্রবণ মানুষ। অনুজ সাহিত্য ও শিল্পকর্মীদের অত্যন্ত ভালোবাসতেন এবং সব সময় কাজে উৎসাহ দিতেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হলে মর্মপীড়ায় ভোগেন এবং ছয় বছর স্বেচ্ছানির্বাসনে কাটান কলকাতায়। এই সময় অনেক অর্থকষ্টে জীবন কাটাতে হয় তাঁকে।
পাকিস্তানি আমলে তিনি যখন ক্রীতদাসের হাসি লেখেন তা ছিল স্বৈরাচারবিরোধী লেখা। কিন্তু বিচারকবৃন্দ তা ধরতে পারেননি। দিয়ে বসেন বছরের সেরা উপন্যাস হিসেবে ‘আদমজী পুরস্কার’। তাঁর স্থির লক্ষ্য ছিল আইয়ুব খানের স্বৈরাচারী শাসনকে কেন্দ্র করে প্রতিবাদ। তিনি বলতেন, আমি একটা জুয়ার দান ধরেছিলাম এবং জিতেছি।
তাঁর সবচেয়ে নামী উপন্যাস জননী, এটি পশ্চিমবঙ্গের পটভূমিতে লেখা হলেও পুরো বাংলার প্রতিভূ। গ্রামীণ জীবনে মুসলিম পরিবারের এক মায়ের বেঁচে থাকার সংগ্রাম। এখানে মা শেষ পর্যন্ত আত্মহত্যা করেন। আর তাঁর দশ বছরের ছেলেটি কারখানায় কাজ নেবে বলে গ্রামের পরিচিত আর এক বয়স্ক লোকের সঙ্গে শহর অভিমুখে যাত্রা করে। যাতে ধরা পড়ে আমাদের অর্থনীতির সেই চিরচেনা ছবি। এই উপন্যাসটি ইংরেজিতে অনূদিত হয়। আর সবচেয়ে বড় ব্যাপার, বইয়ের নাম ইংরেজিতে জননীই রাখা হয়। শওকত ওসমান হাসতে হাসতে বলতেন, ‘ইংরেজি ভাষায় অন্তত একটা বাংলা শব্দ প্রবেশ করাতে পেরেছি।’
প্রথম জীবনে তিনি বেশ কিছু নাটক লেখেন। এর মধ্যে, কাঁকর মণি, তস্কর ও লস্কর, বগদাদের কবি প্রধান। তবে তাঁর সাহিত্যে বড় অংশজুড়ে আছে ছোটগল্প। এখানে তিনি অনন্য। সমাজের নানা দিক নিয়ে এসব গল্প উঠে এসেছে। ‘আব্বাস’ তাঁর অন্যতম বিখ্যাত গল্প। ‘থুতু’ আর একটি গল্প, যা শ্রেণি-চেতনা ও পরাধীন ভারতের সাধারণ মানুষের চিন্তাকে তুলে ধরে।
ছোটদের জন্য অনেক লিখেছেন। হাস্যরস এর মধ্যে বিশেষ জায়গা জুড়ে আছে। তারই মধ্যে আবার দরিদ্র ছেলেটির জন্য যে মায়া তা প্রকাশ পেয়েছে। সমাজের সবচেয়ে নিম্নস্তরের জীবনের রূপকার ছিলেন তিনি। পঞ্চসঙ্গী এমনি একটি কিশোর উপন্যাস। যাদের আমরা রফিকুন নবীর ভাষায় টোকাই বলি, এই উপন্যাস সেই টোকাইদের নিয়ে। ঢাকায় ১৯৭১–এর ২৫ মার্চ রাতে যখন সামরিক বাহিনী নিরস্ত্র-নিরন্ন মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে, সেই রাতের চিত্র পাই এই উপন্যাসে। জানতে পারি, যে পাঁচ সঙ্গীই গুলিতে নিহত হয়ে পড়ে আছে, তাদের সবার হাতে ধরা ছিল ঢিল। মারার সুযোগ পায়নি। শওকত ওসমানের ম্যাসেজ হলো, ‘সব যুদ্ধ করে গরিব জনগণ, যারা তার ফল পায় না।’
তিনি বিশ্বসাহিত্য থেকে অনুবাদও করেছেন বেশ কিছু সাহিত্যকর্ম। এর মধ্যে ফরাসি নাট্যকার মলিয়েরের পাঁচটি নাটক। স্পেনের ছোটগল্প। লুই মামফোর্ডের নৃতত্ত্বের বই। রাশিয়ান ঔপন্যাসিক লুকনিশির নিশো ইত্যাদি।
কাব্যচর্চা তিনি সারা জীবন করে গেছেন। জীবনের শেষের দিকে ছড়া আকারে লিখে গেছেন অনেক ব্যঙ্গ-রচনা। এই সিরিজের নাম দিয়েছিলেন শখের সম্বরা। সাহিত্যের সব শাখায় ছিল তাঁর সাবলীল বিচরণ। সাহিত্যের নন্দনতত্ত্বের সঙ্গে উপযোগিতাকে দিতেন সমান গুরুত্ব।
১৯৯৮ সালের ১৪ মে ঢাকায় পরলোক গমন করেন।
এবছর তাঁর ৯৯তম জন্মদিন। আগামী ২০১৭ সালের ২ জানুয়ারি তিনি শতবর্ষ অতিক্রম করবেন। আশা করি, দেশের সংস্কৃতি ও সাহিত্য-অঙ্গনের পুরোধারা সাড়ম্বরে স্মরণ করবেন শওকত ওসমান শতবর্ষ।