সবুজ সাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহারা মরুভূমির সঙ্গে সবুজ শব্দটাই তো যায় না। সাহারা মানে, ধু ধু বালি, বিস্তীর্ণ প্রান্তর আর উত্তপ্ত আবহাওয়া। একটু পানির জন্য, একটু জীবনের জন্য যেখানে মাথা ঠুকরে মরে পথ হারানো মানুষ। বেদুইনের কাফেলা পথ চলে মরূদ্যানের দিকে সতর্ক দৃষ্টি রেখে।কিন্তু সাহারা মরুভূমির চেহারা কি সব সময়ই এমন ছিল? কেউ যদি বলে, এই সাহারাই একসময় সবুজে সবুজে ভরা উর্বর এক ভূমি ছিল! এই সাহারাতেই একসময় গাছে পাখি ডাকত, কুল কুল করে বয়ে যেত নদী!মানুন আর না-ই মানুন, আধুনিক বিজ্ঞানীরা এমন দাবিই করছেন। হাজার-হাজার বছর আগে সাহারা মরুভূমিতে নাকি এখনকার উর্বরভূমির মতোই বৃষ্টি হতো। সবুজ গাছ, ঘাস, ঝরনাধারা সবকিছুই নাকি প্রাণবন্ত করে রেখেছিল সাহারার প্রান্তর। সেখানে বাস করত নিগ্রো আদিবাসীরা। আর ছিল নানা রকমের প্রাণবৈচিত্র্য। কিন্তু কেন এমন করুণ পরিণতি হলো সাহারা মরুভূমির? এর গ্রহণযোগ্য উত্তর বা ব্যাখ্যা কারও কাছে নেই।ইতিহাসবিদ হিরোডোটাস খ্রিষ্টপূর্ব ৪৩০ সালে সাহারার যে বর্ণনা দিয়ে গেছেন, তাও প্রাণহীন এক মরুভূমি। সেখানে আদিবাসীরা প্রতিনিয়ত যুদ্ধ করে নিজেদের বাঁচিয়ে রেখেছে। কিন্তু আরও আগে? বিজ্ঞানীরা ফসিল আর পাথর পরীক্ষা করে নিশ্চিত হচ্ছেন একসময় সবুজ আর প্রাণে ভরপুর ছিল এই মরুভূমি।সাহারা মরুভূমির বেশকিছু স্থানে প্রাগৈতিহাসিক যুগের মানুষের চিত্রলিপি দেখে প্রমাণ পাওয়া যায়, সাহারা মরুভূমির সবুজ প্রকৃতির অবয়ব। বিশেষ করে তাসিলি এন আজের নামক জায়গায় গুহা ও পাথরে স্পষ্টভাবে বৃক্ষরাজিতে নিবিষ্ট সাহারার প্রাণবন্তু ছবি আঁকা পাওয়া গেছে।সাহারা মরুভূমির এই বিপরীত দশায় পরিণত হওয়ার কারণ হিসেবে বিজ্ঞানীরা প্রধানত দায়ী করেছেন সেখানকার মৌসুমি বৃষ্টিপাতের আমূল পরিবর্তনকে। তাঁরা মনে করছেন, প্রাগৈতিহাসিক কালে সাহারা নিয়মিত মৌসুমি বৃষ্টিপাতের আশীর্বাদপুষ্ট ছিল। খ্রিষ্টপূর্ব ১০ হাজার সালের দিকে সাহারার বায়ুমণ্ডল ছিল স্যাঁতসেঁতে। খ্রিষ্টপূর্ব সাত হাজার থেকে দুই হাজার সাল পর্যন্ত সেই আবহাওয়া ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে। তখনকার আদিবাসী মানুষের মাত্রাজ্ঞানহীন কর্মকাণ্ডে পরিবেশ হয়ে পড়ে বিপর্যস্ত। প্রকৃতিতে দেখা দেয় বিপর্যয়। ফরাসি ভৌগোলিক ফ্লামন্দ সাহারার গুহাচিত্র পর্যবেক্ষণ করে দুনিয়াকে আগ্রহী করে তোলেন সাহারার অতীত সম্পর্কে। ১৯৫৬ সালের দিকে সাহারা নিয়ে সবার আগ্রহ বেড়ে যায়। বহু ফরাসি প্রত্নতত্ত্ববিদ তাসিলি এন আজেরে পৌঁছে সেখানকার গুহাচিত্র পরীক্ষায় ব্যস্ত হয়ে পড়েন। গুহাচিত্র ও শিলালিপি দেখে সাহারার পুরোনো চেহারার পাশাপাশি আবিষ্কৃত হয় এর রাজনৈতিক ইতিহাস। মেলে ধরে সে সময়কার আদিবাসীদের জাতিগত বিরোধ ও যুদ্ধের কথা। কিন্তু এই জানা দিয়ে রহস্যের উন্মোচন হচ্ছে না। এসব তথ্য আমাদের একটি প্রকৃতি শেষ হয়ে যাওয়ার ইতিহাসটা বলতে পারছে। কিন্তু প্রকৃতির হঠাত্ এমন বিরূপ হয়ে পড়ার কারণ বলতে পারছে না। বিজ্ঞানীদের মধ্যে সাহারার এমন উল্টো পথে যাত্রার কারণ নিয়ে অনেক অনুমান আছে। সবচেয়ে গ্রহণযোগ্য অনুমান, মানুষের অপরিণামদর্শী আচরণ। মজার ব্যাপার হলো প্রকৃতি আবার তার খেলা বদলাতে শুরু করেছে। কয়েক বছর ধরে সাহারার বিভিন্ন প্রান্তে বাড়ছে সবুজ। একটু একটু করে বাড়ছে বৃষ্টিপাত। তাহলে আবার সবুজের পথে সাহারা? নাকি বাকি সবুজ পৃথিবী এবার সাহারার পথে চলছি?ওয়েবসাইট অবলম্বনে শিখ্তী সানী