শিল্পী আবদুস শাকুর শাহ্ ঢাকা সরকারি চারুকলা মহাবিদ্যালয়ের স্নাতক। পরে বরোদা মহারাজা শায়াজিরাও বিশ্ববিদ্যালয়, গুজরাট, ভারত থেকে চারুকলায় উচ্চশিক্ষা লাভ করেন। সিলেটের রেসিডেনসিয়াল মডেল কলেজে তাঁর শিক্ষকতা জীবনের শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে যোগ দেন ১৯৮০ সালে। এখন তিনি এই বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ও কারুশিল্প বিভাগের সভাপতি।শিল্পী আবদুশ শাকুর তাঁর ছবিতে বাংলাদেশকে প্রাধান্য দেন। তাঁর বেশির ভাগ ছবি ফিগারেটিভ, বাস্তববাদী। শিল্পীজীবনের শুরুতে নানা পরীক্ষা-নিরীক্ষা করেছেন। ১৯৯১ সালে এসে তিনি বাংলাদেশের লোকজ ঐতিহ্যকে বিষয় করে আধুনিক ছবি আঁকতে শুরু করেন। কেন? এ প্রসঙ্গে শিল্পী একটা অভিজ্ঞতার কথা বলেন, ‘১৯৯১ সালে জাপানে আয়োজিত একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে আমি একটি ছবি পাঠাই। ছবিটা ছিল শীতলপাটি থেকে নেওয়া একটি ময়ূর। প্রদর্শনীর জন্য ২২ হাজার ছবি জমা পড়ে। পাঁচ দেশের পাঁচ শিল্পীকে পুরস্কৃত করা হয়। তার মধ্যে আমি একজন।’ অভিভূত শাকুর বিচারকদের কাছে জানতে চান, ‘কী দেখে আমাকে পুরস্কৃত করা হয়েছে।’ তাঁদের উত্তর, ‘তোমার ছবিতে তোমার দেশকে পাওয়া যায়।’এরপর বাংলাদেশ, বাংলা ভাষা, বাংলাদেশের ঐতিহ্য নিয়ে শিল্পী শাকুরের সব ছবির পরিকল্পনা। শিল্পী বলেন, পরে মৈমনসিংহ গীতিকার পালাগুলো আমাকে আপ্লুত করে। মহুয়া, মলুয়া, নদের চাঁদ, চন্দ্রাবতী, রূপবতী, কাজলরেখা—এসব চরিত্র, তাদের প্রেম, পোশাক-পরিচ্ছদ, অলংকার, সে সময়ের আচার-অনুষ্ঠানসহ নানা উপাদানকে আমার ছবিতে আমি আমার মতো করে ব্যবহার করতে থাকি। এই গ্রামীণ জিনিসগুলো আমি আধুনিক ফর্মে শিল্পরসিকদের সামনে তুলে ধরি। এ ছবিগুলোর একটা বিশেষত্ব হলো, এগুলোতে সব সময় আমি একটা সাদা রেখা ব্যবহার করি।’এই ছবিগুলোর ধারাবাহিকতায় ২০১০ সালে আঁকা এই ‘মহুয়া’ ছবিটি। মহুয়া নদীর ঘাটে যাচ্ছে প্রেমিক নদের চাঁদের সঙ্গে দেখা করতে। আকাশে তখন অর্ধচন্দ্র। পাখিটা তাদের প্রেমের প্রতীক। ছবিটির রং সম্পর্কে শিল্পী বলেন, আমি সাধারণত উজ্জ্বল রং ব্যবহার করি। এ ছবিতে ঠিক সে রকম উজ্জ্বল রং ব্যবহার করা হয়নি।—জাফর রাশেদ