সমকালীন চিত্র: নিসার হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী নিসার হোসেনের জন্ম ১৯৬১ সালে, ঢাকা শহরে। শিল্পকলা বিষয়ে তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট ও ভারতের শান্তিনিকেতনে। এখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পেইন্টিং বিভাগের অধ্যাপক। সম্প্রতি আঁকা তাঁর চিত্রকর্মের একক প্রদর্শনী হবে ২০১১ সালে, ঢাকায়। এর আগে তাঁর একক প্রদর্শনী হয়েছিল ২০০১ সালে, ঢাকার গ্যালারি টোয়েন্টি ওয়ানে।নিসার হোসেন ‘নরকের ডায়েরি’ শিরোনামে একটি সিরিজ শিল্পকর্মের কাজ করছেন। এখানে মুদ্রিত ছবিটি সেই সিরিজের অন্তর্গত। ছবিটি সম্পর্কে তিনি বলেন, ‘মানুষের তবু আশ্রয়ের একটা জায়গা ছিল। যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে বিমান আক্রমণের পর (নাইন/ইলেভেন) মানুষের আশ্রয়ের আর কোনো জায়গা থাকল না। থাকল না সেই আশাটুকু, যা আগে ছিল। এখন সবদিকে শুধু হতাশা।’ তাঁর অভিজ্ঞতা হলো, ‘আগে দুই ধরনের মানুষ দেখতে পেতাম। তার মধ্যে এক ধরনের মানুষ ছিল, যাদের একটা আদর্শ ছিল, লক্ষ্য ছিল। পুঁজিবাদে কোনো আদর্শ থাকে না। সেখানে লাভটাই প্রধান। সে সমাজে ব্যক্তিস্বাধীনতার কথা বলা হয় বটে, আসলে তা ফাঁপা। এই স্বাধীনতা আসলে বিত্তশালী-শক্তিশালী মানুষের স্বাধীনতা। যার শক্তি নেই, তার কোনো স্বাধীনতা নেই।’ এখনকার পরিস্থিতিকে তিনি তুলনা করেন শহরের রাস্তার সঙ্গে। যে যেভাবে পারছে, অন্যকে পেছনে ফেলে এগিয়ে যেতে চাইছে। ‘মানুষের মধ্যে যে সহানুভূতি ছিল, দায়বদ্ধতা ছিল, এখন আর তা নেই। মনে হচ্ছে, পৃথিবীটা ক্রমশ নরকের দিকে এগোচ্ছে।’ এসব ভাবনা থেকে নরকের ডায়েরি সিরিজের ছবিগুলো আঁকছেন শিল্পী।