সমকালীন চিত্র: ফরিদা জামানের সুফিয়ার আনন্দ
মূলত বাংলার প্রাকৃতিক জীবন নিয়ে কাজ করেন শিল্পী ফরিদা জামান। লোককাব্য, লোকগাঁথা, পালা ইত্যাদিতে বাংলার যে নারীর রূপ ফুটে ওঠে, তাকে নানাভাবে উপস্থাপন করতে চেষ্টা করেছেন তিনি। এই ছবিতে যে মেয়েটিকে দেখা যাচ্ছে, শিল্পী তার নাম দিয়েছেন সুফিয়া। এই নামও মেয়েটিকে চিনতে সহায়তা করে। শিল্পী বলেন, ‘সুফিয়া নামটি নিলেই মনে হয়, সে লৌকিক কাব্য থেকে উঠে এসেছে।’ মেয়েটির যে গড়ন-গঠন, তার সাদৃশ্য আছে প্রকৃতির সঙ্গে। যদি বলি, লতানো গাছ বা একেবারে লতার সঙ্গেই মেলে এই অবয়বের, তা-ও বেশি বলা হয় না। একটি সতেজ লতা দখিনা বাতাসে দোল খেলে যে আনন্দের ঢেউ জেগে ওঠে, ফুটে ওঠে যে সহজ আভা, সুফিয়ার মধ্যে সেই আনন্দের আভাই ফুটিয়ে তুলতে চেয়েছেন শিল্পী।শিল্পী বলেন, ‘প্রাচ্যের দর্শনে প্রকৃতিই প্রধান। মানুষ তার একটি অনুষঙ্গ। প্রাচ্য থেকে এর সঙ্গে নিয়েছি রেখা, বিন্দু—এসব। পশ্চিম থেকে নিয়েছি স্পেস। এই স্পেসের দিক থেকে জালের বিশালত্ব নিয়ে আমি অনেক ছবি এঁকেছি। জেলে-জেলেনি সব দেশে আছে। তাঁদের জীবনধারণের একটি বড় উপাদান জাল।’গ্রামীণ জনপদের একটি মেয়ে সুফিয়া, আরও বিশেষভাবে বললে সুফিয়া একটি জেলে পরিবারের মেয়ে। ওর হয়তো আর্থিক সচ্ছলতা নেই, সম্পদ নেই; কিন্তু সরলতা আছে, আছে একটি গভীর অনুভূতি। সে খুব শান্তিপ্রিয়। সবচেয়ে বড় কথা, আনন্দ আছে সুফিয়ার। শিল্পী বলেন, ‘এই ছবির সামনে দাঁড়ালে দর্শক বাংলার ভূমি দেখতে পাবেন; দেখবেন, হাঁস, বাতাস ও তার গতি। আনন্দ একটি গতিময় ব্যাপার, ফুরফুরে ব্যাপার।’শিল্পী ফরিদা জামানের জন্ম ১৯৫৩ সালে, চাঁদপুরে। ১৯৭৪ সালে ঢাকা চারুকলা কলেজ থেকে স্নাতক এবং মহারাজা শিবাজী রাও বিশ্ববিদ্যালয়, বরোদা, ভারত থেকে ১৯৭৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পিএইচডি ডিগ্রি লাভ করেন শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে। চিত্রকর্মের পাশাপাশি শিশুতোষ বইয়ে অলংকরণের জন্যও তাঁর খ্যাতি আছে। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং ও পেইন্টিং বিভাগের সভাপতি।