সমকালীন চিত্র: মনসুর উল করিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী মনসুর উল করিমের স্কুলজীবন কেটেছে রাজবাড়ীতে। ১৯৭২ সালে ঢাকা আর্ট কলেজে স্নাতক, চারুকলায় এমএ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ১৯৭৪ সালে। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন ১৯৭৬ সালে। এখন অধ্যাপক।মনসুর উল করিম সাধারণত সিরিজ কাজ করেন। চিত্রকর্মগুলোতে একটা চিন্তা থাকে প্রধান। সে কারণে ছবিগুলোর আলাদাভাবে নাম দেন না। এখন করছেন ‘মৃত্তিকায় অবগাহন’ নামে একটা সিরিজ চিত্রকর্ম। এখানে মুদ্রিত চিত্রকর্মটি এই সিরিজের শুরুর দিকের একটি কাজ। ব্যতিক্রম হলো, এটির একটি নাম দিয়েছেন শিল্পী—‘সোনার তরী’।ছবিটা প্রসঙ্গে শিল্পী বলেন, ‘আমাদের দেশের শিল্পীদের বেশির ভাগ চিত্রকর্মে হতাশাই প্রধান হয়ে ওঠে। হতাশার মধ্যেও আমরা কিন্তু একটা সুন্দর ভবিষ্যতের চিন্তা করি। এ রকম অনেক উদাহরণ আছে। আমার এই সোতার তরী ছবিটাতে কৃষকেরা ধান কেটে নৌকায় তুলে বাড়ি নিয়ে যাচ্ছে। তাদের অনেক প্রত্যাশা রয়েছে এবং তার মধ্যে আমি এক ধরনের আনন্দ উপলব্ধি করেছি। সে কারণে প্রকৃতির মতো, প্রকৃতি ও মানুষকে তাদের সহাবস্থানে আমি একাকার করে দিয়েছি আমার ক্যানভাসে।’এ চিত্রকর্মে কখনো কখনো মানুষের কাঠামো পেয়েছে প্রকৃতির আদল আবার কখনো প্রকৃতিকে তুলে ধরা হয়েছে মানুষের কাঠামোয়।মনসুর উল করিমের জন্ম অজপাড়াগাঁয়। স্কুলে পড়াশোনা করেছেন গ্রামে। কৃষকদের সঙ্গে, তাদের চাষবাসের সঙ্গে তাঁর বেড়ে ওঠা। সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে অনেক দূরে চলে এলেও স্মৃতির মধ্যে অনুষঙ্গ হিসেবে সেগুলো খুবই জ্বলজ্বলে। তাঁর স্মৃতিকাতরতা প্রবল। কৃষক, তাঁদের কাজকর্ম—এগুলো প্রায়শ উঠে আসে তাঁর চিত্রকর্মে। তাঁর মধ্যে পরিবর্তনও আছে। যেমন আগের সিরিজচিত্রগুলোতে শিল্পী সাধারণত নীল, সবুজ এবং এক ধরনের বাদামি রং ব্যবহার করতেন। এই সিরিজে ব্যবহার করছেন হলুদ লাল কমলা। শিল্পী বলেন, ‘আগে যে রং ব্যবহার করতাম, সেগুলোকে আমরা শীতল রং বলি। এখন যেসব রং ব্যবহার করছি—এগুলো উষ্ণ রং। আমি মানুষকে নিয়ে খুব আশাবাদী। এই কারণেই আমার ক্যানভাসে উজ্জ্বলতা আসছে।—রেজা হাসান