সমকালীন চিত্র: রণজিৎ দাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী রনজিৎ দাসের ‘ইমেজ অ্যান্ড রিফ্লেকশন’ সিরিজের একটি ছবি এটি। তিনি মানুষকে নিরন্তর একটা যুদ্ধাবস্থার মধ্যে দেখতে পান—নানাভাবে, নানা মুহূর্তে। এই সিরিজের ছবিগুলোর মূল বিষয় এটাই। এ প্রসঙ্গে শিল্পী বলেন, ‘যুদ্ধ বললে সাধারণত আমরা স্বাধীনতার জন্য, দেশ জয়ের জন্য যুদ্ধ বুঝি। যুদ্ধ কথাটা তাতেই কিন্তু শেষ হয়ে যায় না, ফুরিয়ে যায় না। আমার মনে হয়, এর বাইরে অনেক যুদ্ধ আছে। প্রকৃতপক্ষে আমরা এখন প্রতি মুহূর্তে যুদ্ধ করছি। টিকে থাকার জন্য আমাদের নিরন্তর যুদ্ধ করতে হয়। বেঁচে থাকার প্রতিটি পর্যায়ে সংসার, চাকরি, পথচলা—কোথায় যুদ্ধ নেই!’ শুধু যে মানুষ যুদ্ধ করছে, তা নয়, প্রকৃতির মধ্যেও চলে নানা যুদ্ধ। অন্যান্য প্রাণীও নিরন্তর যুদ্ধ করে টিকে থাকে, বেঁচে থাকে। একটা গাছও যুদ্ধ করে। মরুভূমিতে ক্যাকটাসের বেঁচে থাকাটাও একটা যুদ্ধ। যেকোনো প্রাণময় সত্তার যুদ্ধ আমৃত্যু। এভাবেই দেখেন রনজিৎ দাস।এই শিল্পীর জন্ম ১৯৫৬ সালে, টাঙ্গাইলে। ১৯৭৫ সালে ঢাকা আর্ট কলেজ থেকে স্নাতক। ১৯৮১ সালে এমএফএ করেছেন ভারতের বরোদায়, মহারাজ সিরাজি রাও বিশ্ববিদ্যালয় থেকে। পেশা হিসেবে বেছে নিয়েছেন শিক্ষকতাকে। আট বছর পড়িয়েছেন চট্টগ্রাম চারুকলা কলেজে। বর্তমানে টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকার সহকারী অধ্যাপক রনজিৎ দাস এই প্রতিষ্ঠানে যোগ দিয়েছিলেন ১৯৯১ সালে।রনজিৎ দাস যখন দর্শক, তখন বিমূর্ত ছবি দেখতে পছন্দ করেন। কিন্তু আঁকেন না। তিনি বিষয়বস্তুকে প্রাধান্য দেন। তাঁর ‘ইমেজ অ্যান্ড রিফ্লেকশন’ সিরিজের শিল্পকর্মগুলোতেও বিষয়বস্তুর প্রাধান্য লক্ষ করা যাবে। এই শিরোনামে আজ ৩০ জুলাই উত্তরার গ্যালারি কায়ায় শুরু হচ্ছে শিল্পীর ২১তম একক প্রদর্শনী। চলবে ১২ আগস্ট পর্যন্ত। —জাফর রাশেদ