সমকালীন চিত্র: রফিকুন নবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী রফিকুন নবীর জন্ম ১৯৪৩ সালে, চাঁপাইনবাবগঞ্জে। চারুকলা বিষয়ে পড়াশোনা করেছেন ঢাকা ও এথেন্সে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ছিলেন। অতিসম্প্রতি চারুকলা অনুষদের ডিন হিসেবে অবসর নিয়েছেন। গত ২৬ মে থেকে ৩ জুন পর্যন্ত মালদ্বীপে বাংলাদেশি শিল্পীদের একটি প্রদর্শনী হয়ে গেল। আয়োজক ছিল মালদ্বীপের পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়; বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপ; বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্ট, ঢাকা। তারা যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে গিয়েছিলেন শিল্পী রফিকুন নবী। এই ছবিটি সেখানেই আঁকা। রফিকুন নবী বলেন, ‘মালদ্বীপের মালে শহরে খোলামেলা সৈকতটা বাঁধানো। সরাসরি ঢেউ এসে সেখানে আছড়ে পড়ছে। এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাওয়ার সময় বড় ঢেউ বোঝা যায় না। বিকেলবেলার রোদ, টলটলা পানি, প্রবাল দীপ। দূষণ নেই আমাদের সৈকত বা জলের মতো। নিচে মাছ দেখা যায়। ছোটখাটো হাঙর ও রংবেরঙের মাছ ঘুরে বেড়াচ্ছে। সবচেয়ে সুন্দর সমুদ্রের ব্যাপ্তিটা। সমুদ্রের মাঝখানে ইন্ডিগো রং, আকাশটা ছাই রঙের। তাতে আকাশ ও সমুদ্রের রং একেবারে আলাদা হয়ে যায়। সব মিলে এই পরিবেশটা আনতে চেয়েছি। সবচেয়ে বড় চেষ্টা হলো জলরঙে মিডিয়ার যে পদ্ধতিগত ধরনটা থাকে, সেটাকে ধরার চেষ্টা। এখানে তিনটা ভাগ। মানুষের বানানো কংক্রিটের স্লাব, সমুদ্রের ব্যাপ্তি আর আকাশ। মানুষের উপস্থিতি ছাড়া ছবিটা অসম্পূর্ণ থাকত। তাই বিভিন্ন ভঙ্গিতে কয়েকটা মানুষ দেখা যাচ্ছে। ছাত্রজীবন থেকে সমুদ্র আমার খুব প্রিয় বিষয়। সুযোগ পেলেই সমুদ্র আঁকি। পৃথিবীর অনেক বড় শিল্পীই সমুদ্র এঁকেছেন। এর বিশালত্ব, রং, ঢেউ—সব মিলে অদ্ভুত আমেজ তৈরি হয়। ছবিটা নিয়ে যে খুব সন্তুষ্ট হয়েছি তা না। সমুদ্র আঁকায় সন্তুষ্টি আসে না।’